নাবী ﷺ এমন ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে সাজদার স্থানের মাটি সমান করে। তিনি বলেন, যদি তোমাকে এরূপ করতেই হয়, তবে একবার।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসে মাটি সমান করার কথা এসেছে আর শিরোনামে রয়েছে কংকর সরানোর কথা। কেননা, মাটি সমান করতে হলে কংকর সরানো জরুরী। সুতরাং এদিক থেকে সম্পর্ক স্থাপন করা যেতে পারে। আল্লামা কিরমানী (রহ.) বলেন : যেহেতু সাধারণতঃ মাটিতে কংকর পাওয়া যায় এবং তা সরানোর প্রয়োজন দেখা দেয়। তাই আধিক্যের বিবেচনায় শিরোনামে ‘কংকর’ শব্দটি গ্রহণ করেছেন। হাফিয ইবনু হাজার (রহ.) বলেন : তুলনামূলকভাবে শিরোনামটি প্রমাণিত। অর্থাৎ মাটি সরানো আর কংকর সরানো একই বিধান। তাই শিরোনামে ‘কংকর’ শব্দটি গ্রহণ করলেন এবং হাদীসে ‘মাটি’ শব্দ দ্বারা যুক্তি প্রদর্শন করলেন। অথবা ইমাম বুখারী (রহ.) শিরোনামে কংকর সরানোর কথা উল্লেখ করে সেসব হাদীসের প্রতি ইশারা করেছেন যেখানে কংকর সরানোর কথা উল্লেখ আছে। যেমন, সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে : নাবী ﷺ-এর সামনে মাসজিদে কংকর সরানোর কথা উল্লেখ করায় তিনি বলেন, যদি তোমাকে এরূপ করতেই হয় তাহলে একবার।” আর বুখারীর আলোচ্য বর্ণনায় রয়েছে- সাজদার স্থানের মাটি সমান করে এমন ব্যক্তি সম্পর্কে নাবী ﷺ বলেছেন : “যদি তোমাকে এরূপ করতেই হয় তাহলে একবার।” মূলত কোন হাদীসে কংকর শব্দ এবং কোন হাদীসে মাটি শব্দ উল্লেখ রয়েছে। সেজন্য ইমাম বুখারী (রহ.) শিরোনাম দ্বারা কংকরের দিকে এবং হাদীস দ্বারা মাটির দিকে ইশারা করেছেন। যেন দু’টি বিষয়ই অন্তর্ভুক্ত হয়ে যায়।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, কংকর প্রভৃতি সাজদায় বিঘ্ন সৃষ্টি করলে তা একবার সরালে সলাতের কোন ক্ষতি নেই।
হাদীস থেকে শিক্ষা : সলাতের অবস্থায় একবার কংকর সরানোর অনুমতি আছে। কাজেই প্রয়োজনবোধে একবার সরাবে। তবে বিনা প্রয়োজনে এরূপ করবে না।
উল্লেখ্য, সাহাবীগণের মধ্যে আবূ যার, আবূ হুরাইরাহ ও হুযাইফাহ (রাযি.) থেকেও এরূপ অনুমতির কথা এসেছে। ইবনু মাসউদ ও ইবনু ‘উমার (রাযি.) উভয়েই সলাতের অবস্থায় এরূপ করতেন। পূর্বসূরীদের একদল থেকেও বর্ণিত হয়েছে যে, তাঁরা তাঁদের সাজদার স্থান থেকে একবার কংকর সরাতেন। এ হাদীসের ভিত্তিতে ইবনু হাযম (রহ.) বলেন : ‘মুসল্লীর জন্য আবশ্যক হল, সাজদার স্থান থেকে একবারের অধিক কংকর সরাবে না। তবে একবার না করাও অতি উত্তম। মুসল্লী সলাতে প্রবেশের পূর্বেই মাটি সমান করে নিবে।’
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।