এরপর তিন রাক‘আত সলাত আদায় করতেন। [‘আয়িশাহ (রাযি.) বলেন] আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি বিতর আদায়ের পূর্বে ঘুমান? তিনি বললেন : হে ‘আয়িশাহ! আমার দু’চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না।
হাদীস থেকে শিক্ষাঃ
১। ইমাম বুখারী (রহ.) তারাবীহ অধ্যায়ে এ হাদীসটি উল্লেখ করে বুঝাচ্ছেন, তারাবীহ ও তাহাজ্জুদ মূলত একই সলাত। এ দু’টো পৃথক কোন সলাত নয়। সেজন্য তিনি হাদীসটিকে তাহাজ্জুদ অধ্যায়েও বর্ণনা করেছেন এবং তারাবীহ অধ্যায়েও বর্ণনা করেছেন।
২। তারাবীহের রাক‘আত সংখ্যা বিতর সহ এগার রাক‘আত।
ফায়িদাহ (উপকারিতা) : তারাবীহ সলাতের রাক‘আত সংখ্যা প্রসঙ্গে
তারাবীহের রাক‘আত সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। তবে আট ও বিশ রাক‘আতের বর্ণনা অধিক এবং এর উপরই অধিকাংশ মুসলিমের ‘আমল পরিলক্ষিত হয়। তাই এ সম্পর্কিত বর্ণনাগুলো মুহাদ্দিসগণের বিশ্লেষণ সহকারে তুলে ধরা হলো :
* আট রাক‘আত তারাবীহ সলাতের দলীলসমূহ
রাসূলুল্লাহ ﷺ থেকে আট রাক‘আত তারাবীহর প্রমাণ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَٰنِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللهِ ﷺ فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللهِ ﷺ يَزِيدُ فِي رَمَضَانَ وَلَا فِي غَيْرِهِ عَلَىٰ إِحْدَىٰ عَشْرَةَ رَكْعَةً يُصَلِّي أَرْبَعًا فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي ثَلَاثًا
(১) আবূ সালামাহ্ ইবনু আবদুর রহমান (রাযি.) হতে বর্ণিত। তিনি ‘আয়িশাহ্ (রাযি.)-কে জিজ্ঞেস করেন, রামাযান মাসে রাসূলুল্লাহ ﷺ-এর সলাত কিরূপ ছিল? তিনি বললেন, রাসূলুল্লাহ ﷺ রামাযান মাসে এবং অন্যান্য সময় এগার রাক‘আতের বেশি সলাত আদায় করতেন না। তিনি চার রাক‘আত সলাত আদায় করতেন। তুমি এ চার রাক‘আতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। তারপর আরো চার রাক‘আত সলাত পড়তেন, এ চার রাক‘আতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে তুমি জিজ্ঞেস করো না। এরপর তিনি তিন রাক‘আত (বিতর) সলাত পড়তেন। (সহীহুল বুখারী হা/১১৪৭, ২০১৩, ৩৫৬৯, সহীহ মুসলিম হা/৭৩৮, আবূ দাউদ হা/১৩৪১, তিরমিযী হা/৪৩৯, নাসায়ী হা/১৬৯৭)
أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ الْقُمِّيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَىٰ بْنُ جَارِيَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: صَلَّىٰ بِنَا رَسُولُ اللهِ ﷺ فِي شَهْرِ رَمَضَانَ ثَمَانَ رَكَعَاتٍ وَأَوْتَرَ، «..»
(২) জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) বলেন, রাসূলুল্লাহ ﷺ রামাযান মাসে আমাদের সাথে ৮ রাক‘আত সলাত আদায় করেন এবং বিতর পড়েন। (ইবনু নাসর, ইবনু খুযাইমাহ, ইবনু হিব্বান, তাবারানী, মুসনাদ আবূ ইয়া‘লা)
হাসান লিগাইরিহি : আল্লামা শামসুল হক আযীমাবাদী ‘আওনুল মা‘বুদ শরহে আবূ দাউদ গ্রন্থে বলেন : হাদীসটি কয়েকটি সূত্রে হাসান সানাদে বর্ণিত হয়েছে।
ইমাম যাহাবী (রহ.) ‘মীযানুল ইতিদাল’ গ্রন্থে উক্ত হাদীস উল্লেখ করার পর বলেন : ‘হাদীসটি মধ্যম স্তরের’ অর্থাৎ হাসান।
হাফিয ইবনু হাজার আসক্বালানী (রহ.) হাদীসটিকে শক্তিশালী (অর্থাৎ সহীহ বা হাসান) হওয়ার দিকে ইঙ্গিত করেছেন স্বীয় ‘ফাতহুল বারী’ ও ‘আত-তালখীস’ গ্রন্থে।
শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ.) বলেন : হাদীসটির সানাদ হাসান।
[জ্ঞাতব্য, হাদীসটির উপরোক্ত সানাদে ঈসা ইবনু জারিয়া রয়েছে। ইমাম নাসায়ী ও আবূ দাউদ তাকে মুনকারুল হাদীস বলেছেন। পক্ষান্তরে ইমাম আবূ যুর‘আহ বলেন : এতে কোন ক্ষতি নেই। আল্লামা হায়সামী বলেন : ঈসা ইবনু জারিয়াকে ইবনু মাঈন যঈফ বলেছেন। আর ইবনু হিব্বান ও অন্যরা তাকে বিশ্বস্ত (সিকাহ) বলেছেন। সানাদের ইয়া‘কূবের অবস্থাও প্রায় একই ধরনের। কিন্তু হাদীসটি কয়েকটি সানাদে বর্ণিত হওয়ায় হাদীসটি শক্তিশালী হয়ে হাসান স্তরে উন্নীত হয়েছে। এছাড়া হাদীসটি সহীহুল বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত নাবী ﷺ-এর এগার রাক‘আত সলাত আদায় সম্পর্কিত সহীহ হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ]
حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَىٰ، حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ عِيسَىٰ بْنِ جَارِيَةَ، حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: جَاءَ أُبَيُّ بْنُ كَعْبٍ إِلَىٰ رَسُولِ اللهِ ﷺ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنْ كَانَ مِنِّي اللَّيْلَةَ شَيْءٌ يَعْنِي فِي رَمَضَانَ، قَالَ: «وَمَا ذَاكَ يَا أُبَيُّ؟»، قَالَ: نِسْوَةٌ فِي دَارِي، قُلْنَ: إِنَّا لَا نَقْرَأُ الْقُرْآنَ فَنُصَلِّي بِصَلَاتِكَ، قَالَ: فَصَلَّيْتُ بِهِنَّ ثَمَانَ رَكَعَاتٍ، ثُمَّ أَوْتَرْتُ، قَالَ: فَكَانَ شِبْهَ الرِّضَا وَلَمْ يَقُلْ شَيْئًا
(৩) জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) হতে বর্ণিত। একদা উবাই ইবনু কা‘ব (রাযি.) রাসূলুল্লাহ ﷺ এর কাছে উপস্থিত হয়ে বলেন, হে আল্লাহর রাসূল ﷺ। রামাযানের রাতে আমার পক্ষ থেকে একটি ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ ﷺ বললেন, হে উবাই সেটা কি? তখন উবাই ইবনু কা‘ব বললেন, মহিলারা আমার বাড়ীতে উপস্থিত হয়ে বলল, আমরা কুরআন পড়তে জানি না, তাই আপনার সলাতের সাথে আমরা সলাত আদায় করতে চাই। অতঃপর আমি তাদের সাথে ৮ রাক‘আত সলাত আদায় করেছি এবং বিতর পড়েছি। এতে রাসূলুল্লাহ ﷺ কোন মন্তব্য করলেন না। কাজেই এটা মৌন সম্মতিমূলক সুন্নাত। (তাবারানী আওসাত, আবূ ইয়া‘লা, মাজমাউয যাওয়ায়িদ, কিয়ামুল লাইল, ‘আবদুল্লাহ বিন আহমাদের আল-মুসনাদ)
আল্লামা হায়সামী (রহ.) ‘মাজমাউয যাওয়ায়িদ’ গ্রন্থে বলেন : এর সানাদ হাসান।
শায়খ আলবানী (রহ.) বলেন : আমার নিকট হাদীসটির সানাদ হাসান হওয়ারই প্রমাণ বহন করে।
শায়খ আলবানী উল্লিখিত দলীলসমূহ পেশ করার পর বলেন : ‘যা পূর্বে উল্লিখিত হয়েছে তাতে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে, রাতের সলাতের রাক‘আত সংখ্যা হলো ১১। যা রাসূলুল্লাহ ﷺ এর কর্ম থেকে সহীহ দলীলের মাধ্যমে প্রমাণিত।
সাহাবীগণের যুগে আট রাক‘আত তারাবীহ
مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ؛ أَنَّهُ قَالَ: أَمَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أُبَيَّ بْنَ كَعْبٍ وَتَمِيمًا الدَّارِيَّ أَنْ يَقُومَا لِلنَّاسِ بِإِحْدَىٰ عَشْرَةَ رَكْعَةً. قَالَ: وَقَدْ كَانَ الْقَارِئُ يَقْرَأُ بِالْمِئِينَ، حَتَّىٰ كُنَّا نَعْتَمِدُ عَلَى الْعَصِيِّ مِنْ طُولِ الْقِيَامِ. وَمَا كُنَّا نَنْصَرِفُ إِلَّا فِي فُرُوعِ الْفَجْرِ
(৪) সায়িব ইবনু ইয়াযীদ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন : ‘উমার (রাযি.) উবাই ইবনু কা‘ব ও তামিম আদ-দারী (রাযি.)-কে লোকদের নিয়ে ১১ রাক‘আত সলাত আদায় করার নির্দেশ দেন। সায়িব (রাযি.) বলেন : “ক্বারী দুইশো আয়াত পড়তেন। দীর্ঘক্ষণ দাড়ানোর ফলে আমরা লাঠির উপর ভর করতাম এবং আমরা ফজর উদয় না হওয়া পর্যন্ত সলাত থেকে ফিরতাম না।” (মুয়াত্তা মালিক, অনুচ্ছেদ- রামাযান মাসের রাতের সলাত, ইবনু খুযাইমাহ, বায়হাক্বীর সুনানুল কুবরা, এবং আল-মা‘রিফাহ, সাঈদ বিন মানসূরের আস-সুনান, প্রভৃতি)
উল্লেখিত হাদীসটি বহু হাদীস গ্রন্থে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। হাদীসটির সানাদ সম্পর্কে-
আল্লামা নীমাবী হানাফী (রহ.) তাঁর ‘আসারুস সুনান’ গ্রন্থে বলেন : এই হাদীসের সানাদ সহীহ।
শায়খ আলবানী (রহ.) বলেন : এই হাদীসের সানাদ খুবই বিশুদ্ধ। কেননা, এর বর্ণনাকারী মুহাম্মাদ বিন ইউসুফ ইমাম মালিক (রহ.)-এর উস্তাদ। সকলের ঐক্যমতে তিনি একজন অত্যন্ত শক্তিশালী রাবী। তার হাদীস দ্বারা ইমাম বুখারী ও ইমাম মুসলিম দলীল গ্রহণ করেছেন। আর সায়িব ইবনু ইয়াযীদ একজন সাহাবী, তিনি অল্প বয়সে রাসূলুল্লাহ ﷺ-এর সাথে হাজ্জ করেছেন।
আল্লামা ‘উবাইদুল্লাহ মুবারকপুরী তাঁর ‘মিরআতুল মাফাতীহ’ গ্রন্থে উক্ত হাদীসের ভাষ্যে বলেন : ‘উমার (রাযি.) রামাযানের রাতে সলাতের জন্য লোকদেরকে যে একত্র করেছিলেন এবং তিনি যে তাদেরকে বিতরসহ ১১ রাক‘আত আদায় করার নির্দেশ দিয়েছিলেন, নিশ্চয়ই এ হাদীসটি তার প্রমাণ। এছাড়া সকল সাহাবী ও তাবেঈগণও যে তাঁর যুগে তারাবীহর সলাত ১১ রাক‘আতই পড়তেন তারও সুস্পষ্ট প্রমাণ। কেননা, এ হাদীসটি পূর্বে বর্ণিত ‘আয়িশাহ (রাযি.)-এর হাদীসের সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল এবং জাবির (রাযি.) বর্ণিত ২য় হাদীসের সাথেও সামঞ্জস্যশীল।
জ্ঞাতব্য, ইবনু ‘আবদুল বার (রহ.) বলেন : (মুহাম্মাদ বিন ইউসুফ থেকে) ইমাম মালিক (রহ.) ছাড়া অন্য কেউ ‘এগার রাক‘আত’ বর্ণনা করেছেন বলে আমার জানা নেই। পরিশেষে ইবনু ‘আবদুল বার বলেন, আমার ধারণা ইমাম মালিক (রহ.) ‘এগার রাক‘আত’ বর্ণনা করেছেন বিভ্রমবশত। (আত-তা‘লীকুল হাসান)
উপরোক্ত বক্তব্যের জবাবে ইমাম যারকানী (রহ.) ‘শরহে মুয়াত্তা’ গ্রন্থে বলেন : ইবনু ‘আবদুর বার যে কথাটি বলেছেন ব্যাপারটি সেরকম নয়। বরং এটা সাঈদ বিন মানসূর অন্য এক সানাদে মুহাম্মাদ বিন ইউসুফ থেকে বর্ণনা করেছেন। “তিনি সেখানে এগার রাক‘আতের কথা বলেছেন, যেমন ইমাম মালিক বলেছেন।” শায়খ আলবানী (রহ.) বলেন : আমার কথা হলো, সানাদটি বিশুদ্ধতার শেষ প্রান্তে পৌঁছেছে। যেমনটি সুয়ূতী (রহ.) বলেছেন ‘মাসাবীহ’ গ্রন্থে এবং এটা একাই ইবনু ‘আবদুল বারের কথাকে খণ্ডনের জন্য যথেষ্ট। (আলবানীর সলাতুত্ তারাবীহ)
আল্লামা জা‘ফর আহমাদ উসমানী হানাফী (রহ.) বলেন : “আমি (উসমানী) বলল, এ হাদীসের বর্ণনায় ইমাম মালিক (রহ.)-এর বিভ্রম হয়নি। যেহেতু তার মত আরও দুইজন মুহাম্মাদ বিন ইউসুফ (রহ.) থেকে হাদীসটি একই রকম (এগার রাক‘আত) বর্ণনা করেছেন। [ই‘লাউস সুনান, প্রাগুক্ত, ৪/২৭৬]
حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ يُونُسَ، قَالَ: ثَنَا بَقِيُّ بْنُ مَخْلَدٍ، رَحِمَهُ اللهُ، قَالَ: ثَنَا أَبُو بَكْرٍ، قَالَ: ثَنَا يَحْيَىٰ بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، أَنَّ السَّائِبَ أَخْبَرَهُ: «أَنَّ عُمَرَ جَمَعَ النَّاسَ عَلَىٰ أُبَيٍّ وَتَمِيمٍ فَكَانَا يُصَلِّيَانِ إِحْدَىٰ عَشْرَةَ رَكْعَةً ..» يَعْنِي فِي رَمَضَانَ
(৫) মুহাম্মাদ ইবনু ইউসুফ (রাযি.) বলেন, সায়িব ইবনু ইয়াযীদ (রাযি.) তাকে জানিয়েছেন যে, ‘উমার (রাযি.) উবাই ও তামিম আদ-দারীর মাধ্যমে (রামাযানে) লোকদের একত্রিত করেন। অতঃপর তারা উভয়ে ১১ রাক‘আত সলাত আদায় করান। (মুসান্নাফ ইবনু আবী শায়বাহ- অনুঃ রামাযান মাসে সলাত; মুসান্নাফ ‘আবদুর রাযযাক- অনুঃ রামাযান মাসে রাতের সলাত)
হাদীসটি সম্পর্কে আল্লামা ‘উবাইদুল্লাহ মুবারকপুরী (রহ.) বলেন : হাদীসটির সানাদ সহীহ।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ يَقُولُ كُنَّا نَقُومُ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ بِإِحْدَىٰ عَشْرَةَ رَكْعَةً
(৬) মুহাম্মাদ ইবনু ইউসুফ (রাযি.) বলেন, আমি সায়িব ইবনু ইয়াযীদ (রাযি.)-কে বলতে শুনেছি তিনি বলেন : আমরা ‘উমার (রাযি.)-এর যুগে ১১ রাক‘আত সলাত আদায় করতাম। (সাঈদ ইবনু মানসূরের ‘আস-সুনান’)
আল্লামা আলবানী ও আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহ.) বলেন : হাদীসটির সানাদ সহীহ’র পর্যায়ভুক্ত।
(৭) উপরোক্ত হাদীসটি মুহাম্মাদ ইবনু নাসর তার ‘কিয়ামুল লাইল’ গ্রন্থে অন্য সানাদে নিয়ে এসেছেন। তাতে (كُنَّا نَقُومُ) এর পরিবর্তে (كُنَّا نُصَلِّي) ‘আমরা সলাত আদায় করতাম’ কথাটি রয়েছে। (ইবনু নাসর ‘কিয়ামুল লাইল’, পৃ. ৯১)
আল্লামা নীমাবী হানাফী (রহ.) বলেন : ‘ইমাম মালিক (রহ.) মুহাম্মাদ ইবনু ইউসুফ থেকে যা বর্ণনা করেছেন এ হাদীসটি তার অতীব নিকটবর্তী, অর্থাৎ সহীহ। (শায়খ মুযাফফর বিন মুহসিন ‘সলাতুত তারাবীহ আট রাক‘আত নাকি বিশ রাক‘আত : একটি বিশ্লেষণ’ পুস্তিকা দ্রষ্টব্য)
ইবনু ইসহাক বলেন : ‘তারাবীহর সলাত সম্পর্কে আমি যা শুনেছি তার মধ্যে এটিই সর্বাধিক গ্রহণযোগ্য।
হাফিয ইবনু হাজার (রহ.) বলেন : ‘হাদীসটি রাসূলুল্লাহ ﷺ-এর রাতের সলাতের ব্যাপারে বর্ণিত উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ (রাযি.)-এর হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ।
* ২০ রাক‘আত তারাবীহ সলাতের বর্ণনাসমূহ
বিশ রাক‘আতের পক্ষে রাসূলুল্লাহ ﷺ থেকে শুধুমাত্র একটি হাদীস বর্ণিত হয়েছে। তা হল-
أَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، ثَنَا أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ، ثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، ثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، ثَنَا أَبُو شَيْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: ""كَانَ النَّبِيُّ ﷺ يُصَلِّي فِي شَهْرِ رَمَضَانَ فِي غَيْرِ جَمَاعَةٍ بِعِشْرِينَ رَكْعَةً، وَالْوِتْرِ""
(১) ইবনু ‘আব্বাস (রাযি.) বর্ণনা করেন : নিশ্চয়ই রাসূলুল্লাহ ﷺ রামাযান মাসে ২০ রাক‘আত সলাত আদায় করতেন এবং বিতর পড়তেন। (বায়হাক্বীর সুনানুল কুবরা, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ, তাবারানী কাবীর)
বানোয়াট : হাদীসটি শুধুমাত্র একটি সূত্রেই বর্ণিত হয়েছে। হাদীসটির সানাদে আবূ শায়বাহ ইবরাহীম ইবনু ‘উসমান নামক বর্ণনাকারী রয়েছে। সে রিজালশাস্ত্রবিদগণের ঐকমতে যঈফ। আর অনেকে তাকে মিথ্যাবাদীও বলেছেন।
ইমাম তাবারানী (রহ.) বলেন : ‘ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে এই সানাদ ব্যতীত অন্য কোন সানাদে এটি বর্ণিত হয়নি। হাদীসটি আবূ শায়বাহ এককভাবে বর্ণনা করেছে এবং সে যঈফ।’
ইমাম বায়হাক্বী (রহ.) হাদীসটি বর্ণনা করার পর বলেন : ‘এটি আবূ শায়বাহর একক বর্ণনা, আর সে যঈফ রাবী।’
আহমাদ ইবনু হাজার আল হায়সুমী (রহ.) বলেন : ‘হাদীসটি খুবই দুর্বল।’
ইমাম নাসায়ী (রহ.) বলেন : ‘সে মাতরুকুল হাদীস (অর্থাৎ হাদীসের পরিত্যক্ত রাবী)।’
ইবনু হাজার আসকালানী (রহ.) ‘আত-তাকরীব’ গ্রন্থে ইবরাহীম ইবনু ‘উসমান সম্পর্কে বলেন : সে মাতরুকুল হাদীস।
ইবনু ‘আদী তাঁর ‘কামিল’ গ্রন্থে বলেন : ‘এ হাদীসটি দুর্বল।’
ইমাম যাহাবী (রহ.) বলেন : ‘আবূ শায়বাহ সহীহ রিওয়ায়াতের বিরোধী হাদীস বর্ণনাকারী হিসাবে মুনকার রাবী।’ ইমাম যাহাবী (রহ.) বলেন : ও’বার মত যারা তাকে মিথ্যাবাদী মনে করেন, তারা তার হাদীসের দিকে ভ্রূক্ষেপ করেন না। সেজন্য ইমাম যাহাবী তার মুনকার হাদীসের মধ্যে এ হাদীসটিকে অন্তর্ভুক্ত করেছেন।
আল্লামা ইবনুল হুমাম হানাফী (রহ.) উক্ত হাদীসটি সম্পর্কে বলেন : ‘উক্ত হাদীসে সর্বসম্মতিক্রমে যঈফ রাবী আবূ শায়বাহ ইবরাহীম ইবনু ‘উসমান থাকার কারণে হাদীসটি যঈফ। এছাড়াও হাদীসটি (১১ রাক‘আতের) সহীহ হাদীসের বিরোধী।’
ইমাম যায়লাঈ হানাফী (রহ.) বলেন : ‘ইবরাহীম ইবনু ‘উসমানের কারণে হাদীসটি ত্রুটিপূর্ণ। সে সর্বসম্মতিক্রমে যঈফ।’ ইমাম যায়লাঈ হাদীসের মাতনকে অস্বীকার করে বলেন : এটি ‘আয়িশাহ্ (রাযি.) বর্ণিত বিশুদ্ধ হাদীসের বিপরীত। তা হল : “নাবী ﷺ রামাযান ও অন্য সময়ে এগার রাক‘আতের বেশি পড়তেন না।”
আল্লামা বদরুদ্দীন আইনী হানাফী (রহ.) বলেন : ‘ইবনু আবী শায়বাহকে ইমাম শু‘বাহ (রহ.) মিথ্যুক বলেছেন এবং ইমাম আহমাদ, ইবনু মাঈন, ইমাম বুখারী, ইমাম নাসায়ী (রহ) সহ অন্যান্যরাও তাকে যঈফ বলেছেন। (‘উমদাতুল ক্বারী)
আল্লামা মুযযী (রহ.) আবূ শায়বাহ ইবরাহীম ইবনু ‘উসমানকে মুনকার হাদীস বর্ণনাকারী আখ্যায়িত করার পর উদাহরণ হিসেবে ২০ রাক‘আতের হাদীসটি পেশ করেন, অতঃপর বলেন : ইমাম আহমাদ, ইবনু মাঈন, ইমাম বুখারী, ইমাম নাসায়ী, আবূ হাতিম রাযী, ইবনু ‘আদী, ইমাম আবূ দাউদ এবং ইমাম তিরমিযী (রহ.) হাদীসটিকে যঈফ বলেছেন। ইমাম তিরমিযী কখনো তাকে মুনকারও বলেছেন।
আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহ.) বলেন : ‘আমি ঘোষণা করছি যে, হাদীসটি অত্যন্ত দুর্বল, এ হাদীসটি দ্বারা কখনো দলীল সাব্যস্ত হবে না।’ ইমাম সুয়ূতী আরো বলেন : ‘বিশ রাক‘আত তারাবীহ রাসূলুল্লাহ ﷺ থেকে সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ ﷺ তাঁর জীবদ্দশায় কোন দিনই ২০ রাক‘আত তারাবীহ পড়েননি। কারণ, তিনি কোন আমল করলে নিয়মিত করতেন। সুতরাং তিনি যদি জীবনে একবারও ২০ রাক‘আত পড়তেন তাহলে কখনো তা বর্জন করতেন না।’
শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ) তাঁর ‘সিলসিলাতুল আহাদীসিয যঈফাহ ওয়াল মাওযূ‘আহ’ গ্রন্থে (হা/৫৬০) বলেন : আমার দৃষ্টিতে তিনটি কারণে হাদীসটি জাল। তা হল :
১। হাদীসটি ‘আয়িশাহ্ ও জাবির (রাযি.) বর্ণিত হাদীসের বিপরীত।
২। হাদীসের সানাদে আবূ শায়বাহ চরম দুর্বল। যা ইমাম বায়হাক্বী ও অন্যান্যদের উদ্ধৃতি দ্বারা বুঝা গেছে। তদুপরি তার সম্পর্কে ইবনু মাঈন (রহ.) বলেন : সে নির্ভরযোগ্য নয়। আল্লামা জাওযাজানী (রহ.) বলেন : সে বর্জিত। ইমাম শু‘বাহ (রহ.) বলেন : সে মিথ্যাবাদী। ইমাম বুখারী (রহ.) বলেন : (سَكَتُوا عَنْهُ)। হাফিয ইবনু কাসীর ‘ইখতিসার উলূমুল হাদীস’ গ্রন্থে বলেন, ইমাম বুখারী (রহ.) যখন কারো সম্পর্কে এরূপ মন্তব্য করেন তখন সেই ব্যক্তির অবস্থান হয় খুবই নিকৃষ্টতর ও তাঁর নিকট অধিকতর খারাপ।
৩। আবূ শায়বাহর হাদীসে জামা‘আতের সাথে আদায়ের কথা নেই। (অর্থাৎ নাবী ﷺ রামাযানে জামা‘আত ছাড়া সলাত আদায় করেছেন)। এটি অনুরূপ জাবির (রাযি.) বর্ণিত হাদীসের বিরোধী। ‘আয়িশাহ্ (রাযি.)-এর অন্য হাদীসে রয়েছে : “নিশ্চয় রাসূলুল্লাহ ﷺ একরাতে রাতের মধ্যভাগে বের হলেন এবং মাসজিদে সলাত আদায় করলেন। লোকেরাও তাঁর সাথে সলাত আদায় করলো। অতঃপর লোকেরা সকালে এ ব্যাপারে বলাবলি করতে লাগল। অতঃপর (দ্বিতীয় রাতে) এর চেয়েও বেশি লোক জমায়েত হলো এবং নাবী ﷺ-এর সাথে সলাত আদায় করলো। এরপর লোকেরা সকালে উপনীত হয়ে (সলাতের ব্যাপারে) বলাবলি করতে লাগলো। অতঃপর তৃতীয় রাতে মাসজিদে মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পেল। অতঃপর নাবী ﷺ বের হয়ে সলাত আদায় করলেন।”
হাদীসটি জাবির (রাযি.) বর্ণিত হাদীসের অনুরূপ। তাতে রয়েছে : “বরং আমি আশঙ্কা করেছিলাম তোমাদের উপর ফরয হয়ে যাওয়ার। ফলে তা পালনে তোমরা অপারগ হয়ে পড়বে।” (সহীহুল বুখারী, সহীহ মুসলিম)
এ সকল দিকগুলোই প্রমাণ করে যে, আবূ শায়বাহর হাদীসটি জাল।
‘উমার (রাযি.)-এর যুগে ২০ রাক‘আত তারাবীহ
أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ قَالَ: أَخْبَرَنَا أَبُو عُثْمَانَ الْبَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ: «كُنَّا نَقُومُ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ بِعِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرِ»
(২) সায়িব ইবনু ইয়াযীদ (রাযি.) বলেন : ‘উমার (রাযি.) এর যুগে আমরা ২০ রাক‘আত সলাত আদায় করতাম এবং বিতর পড়তাম। (বায়হাক্বীর মা‘রিফাহ)
যঈফ ও মুনকার : জা‘ফার আহমাদ উসমানীর ই‘লাউস সুনান গ্রন্থে রয়েছে : আল্লামা সুবুকী (রহ.) ‘শারহুল মিনহাজ’ গ্রন্থে এটিকে সহীহ সাব্যস্ত করেছেন!
শায়খ আলবানী (রহ.) বলেন : ‘এই সানাদটি বাহ্যিক দৃষ্টিতে সঠিক মনে হয়, সেজন্য কেউ কেউ একে সহীহ বলেছেন। কিন্তু সানাদটিতে ত্রুটি রয়েছে, আর ত্রুটি থাকাটা এটি বিশুদ্ধ হওয়াকে বাধাগ্রস্ত করে এবং একে যঈফ ও মুনকারে পরিণত করে দেয়।’ হাদীসটির সানাদে রয়েছে-
১। আবূ তাহির। তিনি অপরিচিত।
২। আবূ ‘উসমান আল-বাসরী। তিনিও অপরিচিত। তার আসল নাম ‘আমর ইবনু ‘আবদুল্লাহ। তার সম্পর্কে আল্লামা নীমাবী হানাফী (রহ.) বলেন : ‘কেউ তার জীবনী সম্পর্কে আলোচনা করেছেন বলে আমি জানি না।’ আল্লামা ‘আবদুর রহমান মুবারকপুরী বলেন : ‘আমিও তার জীবনী সম্পর্কে কিছু উদ্ধার করতে দীর্ঘ অনুসন্ধান চালিয়েও ব্যর্থ হয়েছি।’ আরেক বর্ণনাকারী আবূ তাহির সম্পর্কেও তিনি একই মন্তব্য করেন। (তুহফাতুল আহওয়াযী, মিরআতুল মাফাতীহ)
৩। ইয়াযীদ বিন খুসাইফা। শায়খ আলবানী বলেন : যদিও তিনি নির্ভরযোগ্য তথাপি তার সম্পর্কে ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহ.) বলেন : ‘সে মুনকারুল হাদীস।’ ইমাম যাহাবী তা মীযান গ্রন্থে তুলে ধরেছেন। তাই যখন তার বর্ণিত হাদীসটি তার চেয়েও অধিক মুখস্তকারী ব্যক্তির বিপরীত হবে তখন তা শায হয়ে যাবে। আর এ আসারটি এ শ্রেণীরই অন্তর্ভুক্ত। কেননা, মূল বিষয় বর্তায় সায়িব বিন ইয়াযীদের উপর। মুহাম্মাদ বিন ইউসুফ ও ইবনু খুসাইফা তার থেকে হাদীস বর্ণনা করেছেন এবং তাতে তারা সংখ্যায় মতবিরোধ করেছেন। প্রথমে তার সূত্রে বলেছেন ১১ রাক‘আত। আবার অন্যত্র বলেছেন ২০ রাক‘আত। এর মধ্যে প্রথম (১১ রাক‘আত) কথাটিই অগ্রগণ্য। যেহেতু তা (২০ রাক‘আত) এর চেয়ে অধিক নির্ভরযোগ্য। হাফিয ইবনু হাজারও সেটিকে বিশেষিত করেছেন এ বলে যে, “তা নির্ভরযোগ্য দলীলযোগ্য”। পক্ষান্তরে পরেরটিকে সংক্ষিপ্তভাবে কেবল নির্ভরযোগ্য বলেছেন। সুতরাং উভয়ের গরমিলে কোনটি যে অগ্রাধিকারযোগ্য তা বিজ্ঞ লোকের নিকটে অজানা নয়।
এছাড়া ইবনু খুসাইফা তার বর্ণনাতে সংখ্যায় গরমিল করেছেন। তিনি অন্যত্র ২১ রাক‘আত বলেছেন যা ২০ এর বিপরীত।
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ فَنْجُويْهِ الدَّيْنَوَرِيُّ بِالدَّامَغَانِ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ السُّنِّيُّ، أَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ، ثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَيَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ: ""كَانُوا يَقُومُونَ عَلَىٰ عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فِي شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً""
(৩) সায়িব ইবনু ইয়াযীদ (রাযি.) বর্ণনা করেন : ‘উমার (রাযি.) এর যুগে রামাযান মাসে লোকেরা ২০ রাক‘আত সলাত আদায় করত। (বায়হাক্বী)
যঈফ ও মুনকার : ‘ই‘লাউস সুনান’ গ্রন্থে হাদীসটিকে ইমাম নাববী, ইবনুল ইরাকী ও ইমাম সুয়ূতীর বরাতে সহীহ বলা হয়েছে। কিন্তু হাদীসটি সহীহ নয়। বায়হাক্বী হাদীসটি এককভাবে বর্ণনা করেছেন। এর তিনটি দোষণীয় দিক রয়েছে :
১। এর সানাদে আবূ ‘আবদুল্লাহ ইবনু ফানজূবী আদ-দায়নূরী নামক অজ্ঞাত বর্ণনাকারী রয়েছে। আল্লামা ‘আবদুর রহমান মুবারকপুরী (রহ.) বলেন : আমি তার জীবনী অবগত হতে পারিনি।
২। হাদীসটির বর্ণনাকারী ইয়াযীদ ইবনু খুসাইফাহ একজন মুনকার রাবী। ইমাম আহমাদ বিন হাম্বাল (রহ.) এজন্য একে মুনকার বলেছেন এবং ইমাম যাহাবী ও ইবনু হাজার (রহ.) তা সমর্থন করে স্ব স্ব কিতাবে উদ্ধৃত করেছেন।
৩। এটি ‘মুযতারাব’ পর্যায়ের। এ বর্ণনায় বিশ রাক‘আতের কথা রয়েছে আবার অন্য বর্ণনায় রয়েছে একুশ রাক‘আতের কথা। সেজন্য শায়খ আলবানী বলেন, এটি মুযতারাব’ পর্যায়ের হওয়ায় পরিত্যাজ্য।
উল্লেখ্য, আল্লামা আইনী বায়হাক্বীর উদ্ধৃতি দিয়ে উক্ত বর্ণনার শেষে সংযোজন করেছেন “এবং ‘উসমান ও ‘আলী (রাযি.)-এর যুগেও এভাবে ২০ রাক‘আত পড়া হত।” আল্লামা নীমাভী হানাফী (রহ.) তাঁর তা‘লীকু আসারিস সুনান’ গ্রন্থে বলেন : আল্লামা আইনীর উক্ত বক্তব্য নিজের পক্ষ থেকে সংযোজিত; যা বায়হাক্বীর কিতাবসমূহে পাওয়া যায় না।
عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، وَغَيْرِهِ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، ""أَنَّ عُمَرَ: جَمَعَ النَّاسَ فِي رَمَضَانَ عَلَىٰ أُبَيِّ بْنِ كَعْبٍ، وَعَلَىٰ تَمِيمٍ الدَّارِيِّ عَلَىٰ إِحْدَىٰ وَعِشْرِينَ رَكْعَةً""
(৪) সায়িব ইবনু ইয়াযীদ (রাযি.) হতে বর্ণিত : ‘উমার (রাযি.) রামাযান মাসে একুশ রাক‘আত সলাত আদায় করানোর জন্য উবাই ইবনু কা‘ব ও তামিম আদ-দারীর দায়িত্বে লোকদেরকে একত্রি করেছিলেন। (মুসান্নাফ আবদুর রাযযাক)
এটি ‘আবদুর রাযযাক এককভাবে বর্ণনা করেছেন। শায়খ ‘আবদুর রহমান মুবারকপুরী (রহ.) বলেন : ‘তিনি আসারটি এ শব্দে এককভাবে বর্ণনা করেছেন। অন্য কেউই এভাবে বর্ণনা করেননি। কারণ, তিনি শেষ বয়সে অন্ধ হয়ে যাওয়ায় বর্ণনাগুলো এলোমেলো হয়ে যায়। যেমন হাফিয ইবনু হাজার (রহ.) বলেন : ‘তিনি শেষ বয়সে অন্ধ হয়ে যাওয়ায় বর্ণনাগুলো মিশ্রিত হয়ে গেছে।’ এছাড়া এর সম্পূর্ণ সানাদ নেই, মাঝে বর্ণনাকারী বাদ পড়েছে।
শায়খ আলবানী (রহ.) বলেন : হাদীসটিতে দু’টি ত্রুটি পরিলক্ষিত হচ্ছে : ১. এটি পূর্বোক্ত “এগার রাক‘আত” শব্দ যোগে বর্ণিত নির্ভরযোগ্য বর্ণনার বিপরীত। ২. ‘আবদুর রাযযাক উক্ত শব্দে বর্ণনায় একক হয়ে গেছেন। তার ও মুহাম্মাদ বিন ইউসুফের মধ্যবর্তীতেও ত্রুটি বিদ্যমান। আর ‘আবদুর রাযযাক একজন নির্ভরযোগ্য হাফিয ও প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। তথাপি শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। যার ফলে বর্ণনাগুলো বিকৃত হয়ে যেত। যেমনটি হাফিয (রহ.) ‘আত-তাক্বরীব’ গ্রন্থে তা ব্যক্ত করেছেন। এজন্যই হাফিয ইবনু সালাহ ‘মান খালাতা ফী আখিরি উমরিহি’ গ্রন্থে তা তুলে ধরেছেন এবং ‘মুকাদ্দামা উলুমুল হাদীস’ গ্রন্থে বলেছেন : ইমাম আহমাদ ইবনু হাম্বাল উল্লেখ করেছেন যে, ‘আবদুর রাযযাক শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। তাই তিনি কাউকে শিক্ষা দিলে পরে তা শুনতেন, তার অন্ধ হওয়ার পরও শ্রবণ রীতির কারণে তিনি যার কাছ থেকে শুনতেন তার মধ্যে কোন দ্বিধা থাকত না। ইমাম নাসায়ী বলেন : ‘কিন্তু তার ব্যাপারে আপত্তি আছে যে তার থেকে শেষ বয়সে হাদীস লিপিবদ্ধ করেছে। তিনি ভূমিকায় বলেছেন, তিনি (সংমিশ্রণকারী), এটাই সিদ্ধান্ত। তাই যে ব্যক্তি তার থেকে মিশ্রণের পূর্বে হাদীস গ্রহণ করেছে তার হাদীস কবুল করা হবে। পক্ষান্তরে সেই ব্যক্তির হাদীস কবুল করা হবে না যে মিশ্রণের পর গ্রহণ করেছে অথবা যার নির্দেশনাটি অনিশ্চিত অর্থাৎ জানা যায়নি যে, তার কাছ থেকে হাদীসটি মিশ্রণের পূর্বে গ্রহণ করা হয়েছে নাকি পরে (এটাও কবুল করা হবে না)।’ আর এটাকে যদি শায ও মতভেদপূর্ণ মেনে নেয়া হয় তাহলে কিভাবে তা গ্রহণ করা যাবে?
عَنِ الْأَسْلَمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَٰنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ: «كُنَّا نَنْصَرِفُ مِنَ الْقِيَامِ عَلَىٰ عَهْدِ عُمَرَ، وَقَدْ دَنَا فُرُوعُ الْفَجْرِ، وَكَانَ الْقِيَامُ عَلَىٰ عَهْدِ عُمَرَ ثَلَاثَةً وَعِشْرِينَ رَكْعَةً»
(৫) সায়িব বিন ইয়াযীদ (রাযি.) বলেন : আমরা ‘উমার (রাযি.)-এর যুগে রামাযানের রাতের সলাত থেকে সাহারী খাওয়ার সময় বাড়ীতে ফিরে আসতাম। তখন এ সলাত ছিল ২৩ রাক‘আত। (মুসান্নাফ আবদুর রাযযাক)
এটি আবদুর রাযযাক এককভাবে বর্ণনা করেছেন। শায়খ আলবানী বলেন : ‘এর সানাদ দুর্বল।’ এটির সানাদে আবূ জুবাব নামে একজন মুনকার রাবী রয়েছে। তার সম্পর্কে ইমাম আবূ হাতিম ‘আল-জারহু ওয়াত-তা‘দীল’ গ্রন্থে বলেন : ‘দারাওয়ারদী তার থেকে প্রচুর মুনকার হাদীস বর্ণনা করেছে; তার স্মরণশক্তি খুবই দুর্বল ছিল।’ ইবনু হাজার ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন : ‘সত্যবাদী কিন্তু ভুল করে থাকেন।’ ইমাম আবূ যুর‘আহ বলেন : (لَا بَأْسَ بِهِ)। ইবনু হাযম আন্দালুসী (রহ.) বলেন : ‘সে যঈফ রাবী।’ ইমাম মালিক (রহ) তার উপর নির্ভরশীল হতে পারেননি। যেমন রয়েছে ইবনু হাজার তাহযীব গ্রন্থে।
শায়খ আলবানী (রহ.) বলেন : তার সম্পর্কে এ সকল দৃষ্টান্তের দ্বারা যেহেতু তার প্রতি সন্দেহের আশংকা দেখা দিয়েছে, সেহেতু তার বর্ণনা দলীলযোগ্য হতে পারে না। বিশেষ করে নির্ভরযোগ্য ও সুদৃঢ় বর্ণনার ক্ষেত্রে তার বিরোধপূর্ণ বর্ণনা এর পর্যায়ভুক্ত। আর জেনে রাখা উচিত, মুহাম্মাদ বিন ইউসুফ যিনি সায়িবের ভগ্নিপুত্র, তিনি সায়িবের ঘনিষ্ঠ, আর তিনি এগার রাক‘আতের কথাই বলেছেন। তিনি সায়িবের রিওয়ায়াত সম্পর্কে অন্যান্যদের চেয়ে অধিক জ্ঞাত ও উত্তম হিফাযতকারী।
জ্ঞাতব্য : এ পর্যন্ত মাত্র একজন সাহাবী অর্থাৎ সায়িব ইবনু ইয়াযীদ (রাযি.) থেকে মোট ৪টি বর্ণনা উপস্থাপন করা হল। এর সবগুলোই এককভাবে বর্ণিত এবং কোনটারই ভিন্ন সূত্র নেই। আর বর্ণনাগুলো পরস্পর বিরোধী। কোন বর্ণনায় ২০, কোন বর্ণনায় ২১ আবার কোন বর্ণনায় ২৩ রাক‘আতের কথা রয়েছে।
পক্ষান্তরে সায়িব ইবনু ইয়াযীদ (রাযি.) থেকে ৮ রাক‘আতের আলোচনায় যে চারটি হাদীস উল্লেখ করা হয়েছে তার সবগুলোতেই (বিতর সহ) ১১ রাক‘আতের কথা বলা হয়েছে এবং বর্ণনাগুলো একাধিক সূত্রে বিভিন্ন হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে।
حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ يَحْيَىٰ بْنِ سَعِيدٍ، «أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ عِشْرِينَ رَكْعَةً»
(৬) ইয়াহইয়া ইবনু সাঈদ (রহ.) থেকে বর্ণিত : ‘উমার (রাযি.) এক ব্যক্তিকে লোকদের সাথে ২০ রাক‘আত সলাত আদায়ের আদেশ দিয়েছিলেন। (মুসান্নাফ ইবনু আবী শায়বাহ)
আসারটি ইবনু আবূ শায়বাহ তার ‘মুসান্নাফে’ এককভাবে বর্ণনা করেছেন। এর সানাদে ইয়াহইয়া ইবনু সাঈদ রয়েছে। আল্লামা নীমাবী হানাফী (রহ) ‘আসারুস সুনান’ গ্রন্থে বলেন : ‘ইয়াহইয়া ইবনু সাঈদ ‘উমার (রাযি.)-কে পাননি।’ কাজেই এর সানাদ মুরসাল। ‘আলী ইবনুল মাদীনী বলেন : ‘সে আনাস (রাযি.) ব্যতীত অন্য কোন সাহাবী থেকে হাদীস শুনেছে
বলে আমি জানি না।’ শায়খ আলবানী (রহ.) বলেন : ‘এর সানাদ বিচ্ছিন্ন।’ আল্লামা মুবারকপুরী ‘তুহফাতুল আহওয়াযী’ গ্রন্থে বলেন : এই আসারটির সানাদ বিচ্ছিন্ন হওয়ায় এর দ্বারা দলীল গ্রহণ করা ঠিক নয়। তদুপরি এটি ‘উমার (রাযি.) থেকে বিশুদ্ধ সানাদে বর্ণিত ‘এগার রাক‘আত পড়ার নির্দেশ’ সম্বলিত হাদীসের বিরোধী।
عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ: «كَانَ النَّاسُ يَقُومُونَ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَمَضَانَ بِثَلَاثٍ وَعِشْرِينَ رَكْعَةً»
(৭) ইয়াযীদ ইবনু রুমান থেকে বর্ণিত। তিনি বলেন, ‘উমার (রাযি.)-এর যুগে লোকেরা রামাযান মাসে রাতে ২৩ রাক‘আত সলাত আদায় করত। (মুয়াত্তা মালিক, বায়হাক্বীর সুনানুল কুবরা)
ইমাম বায়হাক্বী (রহ.) হাদীসটিকে যঈফ বলেছেন এ কথার দ্বারা যে, ‘ইয়াযীদ বিন রুমান ‘উমার (রাযি.)-এর যুগ পায়নি। আল্লামা বদরুদ্দীন আইনী (রহ.) ‘উমদাতুল কারী’ গ্রন্থে এ আসারটি সম্পর্কে বলেন : এর সানাদ বিচ্ছিন্ন।
ইমাম যায়লাঈ হানাফীও ‘নাসবুর রায়াহ’ গ্রন্থে অনুরূপ মত পোষণ করেন।
ইমাম নববী (রহ.) বলেন : ‘আসারটি বায়হাক্বী বর্ণনা করেছেন, কিন্তু তা মুরসাল সূত্রে। কেননা, ইয়াযীদ বিন রুমান ‘উমার (রাযি.)-কে পায়নি।’
শায়খ আলবানী (রহ.) বলেন : ‘উমার (রাযি.) ও ইবনু রুমানের মাঝে সানাদগত বিচ্ছিন্ন হওয়ার কারণে আসারটি যঈফ। বিশেষ করে এটি ‘উমারের নির্দেশিত “এগার রাক‘আত” তারাবীহর বিশুদ্ধ বর্ণনার বিরোধী।
জ্ঞাতব্য, ‘উমার (রাযি.) থেকে বর্ণিত ২০ রাক‘আতের হাদীসগুলো ইমাম তিরমিযী ও ইমাম শাফেয়ী দুর্বল ঘোষণা দিয়েছেন। তাদের উভয়ের বক্তব্যে এ ইঙ্গিত রয়েছে। কেননা, ইমাম শাফেঈ ও ইমাম তিরমিযী উভয়ের কথা বর্ণিত হয়েছে (رُوِيَ) মাজহুলের সিগাহ দিয়ে যা তাদের উভয়ের হাদীসের দুর্বলতা প্রকাশ করে।
এ বর্ণনাগুলো একটি অপরটিকে শক্তিশালী করে না
কেউ কেউ বলেন যে, আমরা হাদীসগুলোর শাব্দিক দুর্বলতা স্বীকার করলাম। তবে কি বিশ রাক‘আতের হাদীসগুলো তার আধিক্যের কারণে একে অপরকে শক্তিশালী করবে না?
শায়খ আলবানী (রহ.) তাঁর ‘সলাতুত তারাবীহ’ পুস্তিকায় বলেন : “তা কখনো না। এর দু’টি কারণ :
প্রথম কারণ : বিশ রাক‘আতের বর্ণনার আধিক্যতা আকার আকৃতিগত আধিক্য। প্রকৃত আধিক্য না হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা, আমাদের কাছে এই হাদীসগুলোর সায়িব বিন ইয়াযীদের একটি ধারাবাহিক এবং ইয়াযীদ বিন রুমান ও ইয়াহইয়া বিন সাঈদ আনসারীর মুনকাতি (বিচ্ছিন্ন) সানাদ ছাড়া অন্য কোন সানাদ নেই। সম্ভাবনা আছে এই বর্ণনার ভিত্তিটি প্রথম যে বর্ণনাটি বর্ণনা করেছেন তার উপর নির্ভরশীল। আবার দ্বিতীয় বর্ণনার উপর হওয়ার সম্ভাবনাও রয়েছে (অর্থাৎ একটি মুত্তাসিল ও অপরটি মুনকাতি)। আর মুহাদ্দিসগণের পরিভাষায় সন্দেহের দলীল দেয়া যায় না।
দ্বিতীয় কারণ : পূর্বের আলোচনা দ্বারা আমাদের নিকট সাব্যস্ত হয়েছে যে, সায়িবের বর্ণনার চেয়ে এগার রাক‘আত তারাবীহর সলাত সম্পর্কিত মুহাম্মদ বিন ইউসুফ থেকে ইমাম মালিকের বর্ণনা নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য। কেননা, এগার রাক‘আতের বর্ণনা সহীহ। যে ব্যক্তি ইমাম মালিকের বর্ণনার বিপরীত করেছে সে ভুল করেছে। তেমনিভাবে যে ব্যক্তি মুহাম্মাদ বিন ইউসুফের বিপরীত বর্ণনা করেছে সেও ভুল করেছে। যারা বিপরীত বর্ণনা করেছে তারা হল- ইবনু খুসাইফা ও ইবনু আবী জুবাব। তাদের উভয়েরই বর্ণনা শায। হাদীসের পরিভাষায় এ কথা সাব্যস্ত হয়েছে যে, শায হাদীস পরিত্যাজ্য। কেননা, তা ভুল। আর ভুল জিনিস দ্বারা শক্তিশালী করা যায় না। ইবনু সালাহ তার ‘মুকাদ্দিমা’ (পৃ.৮৬) বলেছেন : ‘কোন বর্ণনাকারী যদি কোন হাদীস বর্ণনা করতে গিয়ে একাকী হয়ে যায় তাহলে দেখতে হবে, সে একাকী বর্ণনা করেছে তার বিপরীত যিনি তার চেয়ে মুখস্তে ভাল। সেজন্য যে ব্যক্তি একাকী বর্ণনা করে তার বর্ণনা প্রত্যাখ্যাত (মারদুদ) ও শায হয়ে যায়।’
যদি কোন বর্ণনাকারী কোন বর্ণনায় একক হয়ে যান তাহলে তাতে লক্ষণীয় দিক রয়েছে। তিনি যদি উক্ত একক বর্ণনায় এমন ব্যক্তির বিপরীত করেন যিনি হিফাযত ও স্মরণশক্তির দিক দিয়ে তার চেয়েও অগ্রগামী, তাহলে তার একক বর্ণনাটি শায ও মারদুদ (প্রত্যাখ্যাত)। আর যদি অন্যান্যদের বর্ণনার বিপরীত না হয় তাহলে তা হবে এমন বিষয় যা শুধু তিনিই বর্ণনা করেছেন অন্য কেউ নয়। (... যদি তিনি যা একাকী বর্ণনা করেছেন সে দিক দিয়ে তিনি ন্যায়পরায়ণ, হাফিয ও মুখস্তশক্তির জন্য নির্ভরযোগ্য হন ...।)
এই বর্ণনা যে প্রথম প্রকারের তাতে কোন সন্দেহ নেই। কেননা হাদীসের বর্ণনাকারী এমন ব্যক্তির বিরোধীতা করেছে যিনি তার চেয়ে উত্তম। সে কারণেই এটা পরিত্যাজ্য বলে বিবেচিত। স্পষ্ট কথা হচ্ছে, শায হাদীসকে আলিমগণের পরিত্যাগের কারণ হলো, উল্লিখিত বর্ণনার বিরোধীতার কারণে তাতে ভুল প্রকাশ পাওয়া। আর যে হাদীস ভুল প্রমাণিত হয়
তা দিয়ে অনুরূপ অর্থবোধক কোন বর্ণনাকে শক্তিশালী করা যাবে তা বিবেকের ধারণা। সুতরাং প্রমাণিত হলো, শায এবং মুনকার এমন হাদীস যাকে বিবেচনা করা ও দলীলরূপে গণ্য করা যায় না। বরং এ ধরনের বর্ণনা থাকা না থাকা উভয়ই সমান।
এছাড়াও ইয়াযীদ বিন হারুন ও ইয়াহইয়া বিন সাঈদ আনসারীর বর্ণনা দু’টি মুনকাতি (বিচ্ছিন্ন)। তাই এ কথা বলা যাবে না যে, এর একটি অপরটিকে শক্তিশালী করবে।
এক বর্ণনা অপর বর্ণনাকে শক্তিশালী করার শর্ত হলো : যারা হাদীসকে মুরসাল করবে তাদের উস্তাদ অন্যের উস্তাদ হবে না। এখানে এই নীতি সাব্যস্ত হয়নি। কেননা, ইয়াযীদ ও ইবনু সাঈদ উভয় বর্ণনাকারী মাদানী। এ অবস্থায় যে ধারণাটি প্রবল হচ্ছে তা হলো, তারা উভয়ে কোন কোন উস্তাদ থেকে হাদীসটি গ্রহণে একত্রিত হয়েছেন। এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি, তারা এই বর্ণনা যার কাছ থেকে গ্রহণ করেছেন তিনি একই ব্যক্তি এবং তিনি হতে পারেন অপরিচিত বা যঈফ, যার হাদীস দ্বারা দলীল দেয়া যায় না।
আবার হতে পারে তারা উভয়ে হাদীসটি ভিন্ন ভিন্ন উস্তাদ থেকে গ্রহণ করেছেন কিন্তু সেই উস্তাদগণ উভয়ে যঈফ, যাদেরকে মূল্যায়ণ করা যায় না।
আবার এটাও হতে পারে যে, তাদের এই দুই উস্তাদ হলেন ইবনু খুসাইফা ও ইবনু আবূ জুবাব। কেননা, তারা উভয়ে মাদানী এবং তারা এই হাদীসে ভুল করেছেন। আর এরই উপর নির্ভর করে ইবনু সাঈদ ও ইয়াযীদের বর্ণনাও ভুল হতে পারে। এর সবই হতে পারে। তাই সন্দেহের সাথে দলীল দেয়া যায় না।
শায়খুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রহ.) বলেন : মুরসাল হাদীস গ্রহণ ও বর্জন নিয়ে লোকেরা পরস্পর ঝগড়া করেছে। কিন্তু বিশুদ্ধ কথা হলো : মুরসাল হাদীসের এমন কতক হাদীস আছে যা পরিত্যাজ্য এবং এর মধ্যে মাওকুফ হাদীসও রয়েছে। আর যে মুরসালগুলো নির্ভরযোগ্য লোকের বর্ণিত হাদীসের বিরোধী বর্ণিত হবে তা মারদুদ (প্রত্যাখ্যাত) হবে।
আর যদি মুরসাল বর্ণনাটি মাকবুল ও মাওকুফ এ দুই পদ্ধতিতে বর্ণিত হয় এবং উভয় মুরসালকারী ভিন্ন উস্তাদ থেকে বর্ণনা করে থাকেন, তাহলে তারা যে এ ব্যাপারে সত্যবাদী তা বুঝা যাবে। কেননা, বিভিন্ন ধরনের ভুল হতে থাকেই। মুরসাল হাদীস গ্রহণ করার এ শর্ত (অর্থাৎ পরস্পরের উস্তাদ ভিন্ন ভিন্ন হওয়া এবং তা নির্ভরযোগ্যদের বর্ণনার বিপরীত না হওয়া) সম্পর্কে বেখবর থাকার কারণে কতিপয় বড় আলিম ‘স্পষ্টভাবে বাতিল বলে গণ্য’ কিছু কিসসা কাহিনীকে সহীহ বলে আখ্যায়িত করেছেন। যেমন সারস পাখির’ সেই প্রসিদ্ধ বর্ণনাকেও তারা সহীহ বলেছেন।”
অন্যান্য সাহাবী থেকে ২০ রাক‘আতের বর্ণনা
(ক) ‘আলী (রাযি.) সূত্রে বর্ণনা। এর দু’টি সানাদ রয়েছে : আবুল হাসানা থেকে এবং আবূ ‘আবদুর রহমান সুলামী থেকে। বর্ণনা দু’টি নিম্নরূপ :
حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ أَبِي الْحَسْنَاءِ، «أَنَّ عَلِيًّا أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً»
(৮) আবুল হাসানা থেকে বর্ণিত। ‘আলী (রাযি.) এক ব্যক্তিকে রামাযান মাসে লোকদের নিয়ে ২০ রাক‘আত তারাবীহ সলাত আদায়ের নির্দেশ দেন। (মুসান্নাফ ইবনু আবী শায়বাহ, বায়হাক্বীর সুনানুল কুবরা)
যঈফ মুনকাতি : ইমাম বায়হাক্বী (রহ.) বলেন : ‘এই সানাদে দুর্বলতা আছে।’ এর তিনটি দোষ রয়েছে। তা হল :
১। হাদীসটির সানাদে আবুল হাসানা রয়েছে। শায়খ আলবানী বলেন : ‘আবুল হাসানা ত্রুটিযুক্ত রাবী।’ ইমাম যাহাবী (রহ.) বলেন : ‘আবুল হাসানার পরিচয় পাওয়া যায়নি।’ হাফিয ইবনু হাজার (রহ.) বলেন : ‘সে অজ্ঞাত (মাজহুল)। আবুল হাসানা কর্তৃক বর্ণিত হাদীস প্রত্যাখ্যাত।’ (মীযানুল ই‘তিদাল)।
২। হাদীসটির সানাদে আবূ সা‘দুল বাক্কাল রাবী আছে। আল-বাক্কাল সম্পর্কে আল্লামা হায়সামী ‘মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে বলেন : তিনি একজন সিকাহ ও মুদাল্লিস। ইমাম আবূ যুর‘আহ বলেন : তিনি হাদীস বর্ণনায় শিথিল এবং মুদাল্লিস। তার থেকে শু‘বাহ, দুই সুফিয়ান (রহ.) ও আ‘মাশ (রহ.) প্রমুখ হাদীস বর্ণনা করেন না। আল্লামা নীমাবী হানাফী (রহ.)-ও হাদীসটিকে যঈফ সাব্যস্ত করেছেন। তিনি বলেন : আবুল হাসানা পরিচিত রাবী নন। (ই‘লাউস সুনান, প্রাগুক্ত, ৪/২৬৮)
৩। এছাড়াও আবুল হাসানা ও ‘আলী (রাযি.) এর মাঝে আরো দুইজন ব্যক্তি রয়েছে, যা সানাদে উল্লেখ নেই।
أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنِ الْفَضْلِ الْقَطَّانُ بِبَغْدَادَ أَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عِيسَىٰ بْنِ عَبْدِكِ الرَّازِيُّ، ثَنَا أَبُو عَامِرٍ عَمْرُو بْنُ تَمِيمٍ، ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، ثَنَا حَمَّادُ بْنُ شُعَيْبٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَٰنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: "دَعَا الْقُرَّاءَ فِي رَمَضَانَ فَأَمَرَ مِنْهُمْ رَجُلًا يُصَلِّي بِالنَّاسِ عِشْرِينَ رَكْعَةً"
(৯) আবূ ‘আবদুর রহমান আস সুলামী থেকে বর্ণিত। ‘আলী (রাযি.) রামাযান মাসে ক্বারীদেরকে ডেকে এনে তাদের মধ্যে থেকে একজনকে নির্দেশ দিলেন, সে যেন লোকদের নিয়ে ২০ রাক‘আত সলাত পড়ায়। আর তিনি তাদের সাথে বিতর পড়তেন। (বায়হাক্বীর সুনানুল কুবরা)
যঈফ ও মুনকার : দু’টি দোষের কারণে এর সানাদ দুর্বল :
১। সানাদে রয়েছে ‘আত্বা ইবনু সায়িব। তার সম্পর্কে ইমাম যাহাবী (রহ.) বলেন : ‘শেষ বয়সে তার স্মৃতিশক্তি লোপ পাওয়ায় তার বর্ণনাগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। ইবনু মাঈন বলেন : ‘আত্বা ইবনু সায়িব বর্ণনাগুলো মিশ্রিত করেছে। কাজেই তাকে বর্জন করো। কারণ, তার কোন হাদীস সহীহ নেই বরং সম্পূর্ণই মিশ্রিত। ইমাম ইয়াহইয়া (রহ.) বলেন : তার বর্ণনা দ্বারা দলীল সাব্যস্ত হয় না। আহমাদ ইবনু আবী খাইসামা বলেন : তার সব হাদীসই যঈফ।
২। হাম্মাদ ইবনু শু‘আইব। তার সম্পর্কে আল্লামা নীমাবী হানাফী (রহ.) বলেন : সে একজন যঈফ রাবী। (আত-তা‘লীকুল হাসান ২/৫৬, ই‘লাউস সুনান ৪/২৮০)। শায়খ আলবানী (রহ.) বলেন : হাম্মাদ ইবনু শু‘আইব সীমাহীন দুর্বল। ইমাম নাসাঈ বলেন : সে যঈফ। ইমাম যাহাবী (রহ.) বলেন : ইবনু মাঈন এবং অন্যরা তাকে যঈফ বলেছেন। ইমাম বুখারী (রহ) বলেন : তার মধ্যে ত্রুটি আছে (فِيهِ نَظَرٌ)। ইবনুল হুমাম হানাফী (রহ.) বলেন : ইমাম বুখারী যদি কোন ব্যক্তি সম্পর্কে বলেন যে, তার মধ্যে ত্রুটি আছে, তাহলে তার বর্ণনা দলীল হিসেবে গণ্য হবে না। ইমাম বুখারী কখনো তাকে মুনকারও বলেছেন। আবূ হাতিম বলেন : সে নির্ভরযোগ্য নয়। শায়খ ইয়াহইয়া বলেন : তার বর্ণিত হাদীস লিপিবদ্ধ করা ঠিক নয়। ইবনু ‘আদী বলেন, হাম্মাদ ইবনু শুআইব থেকে যত হাদীস বর্ণিত হয়েছে সবই মুনকার।
শায়খ আলবানী (রহ.) বলেন : এছাড়া মুহাম্মাদ বিন ফুযাইল তার বিপরীত করেছেন। ইবনু আবী শায়বাহ তার সূত্রে ‘আত্বা ইবনু সায়িব থেকে হাদীসটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন এ শব্দে : “‘আলী (রাযি.) হতে বর্ণিত : তিনি তাদের সাথে রামাযানে ক্বিয়াম (সলাত আদায়) করেছেন।” এতে সংখ্যার কথা উল্লেখ নেই। তাই এটি ইবনু শু‘আইবের দুর্বল হওয়ার বিষয়টি প্রমাণ করে। কেননা, মুহাম্মাদ বিন ফুযাইল নির্ভরযোগ্য রাবী। আর তিনি যা বর্ণনা করেছেন ইবনু শু‘আইব তা বর্ণনা করেননি। কাজেই ইলমে হাদীসের নিয়ম অনুযায়ী শু‘আইবের বর্ণনাটি মুনকার।
(খ) উবাই ইবনু কা‘ব (রাযি.) সূত্রে বর্ণনা। এটিও দু’টি সানাদে বর্ণিত হয়েছে। তা নিম্নরূপ :
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَٰنِ، عَنْ حَسَنٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ قَالَ: «كَانَ أُبَيُّ بْنُ كَعْبٍ يُصَلِّي بِالنَّاسِ فِي رَمَضَانَ بِالْمَدِينَةِ عِشْرِينَ رَكْعَةً، وَيُوتِرُ بِثَلَاثٍ»
(১০) ‘আবদুল ‘আযীয ইবনু রুফাই হতে বর্ণিত। তিনি বলেন, উবাই ইবনু কা‘ব (রাযি.) মাদীনায় লোকদের সাথে রামাযান মাসে ২০ রাক‘আত সলাত আদায় করতেন এবং তিন রাক‘আত বিতর পড়তেন। (মুসান্নাফ ইবনু আবী শায়বাহ)
যঈফ মুনকাতি : আল্লামা নীমাবী হানাফী (রহ.) বলেন : ‘আবদুল ‘আযীয ইবনু রুফাই উবাই ইবনু কা‘ব (রাযি.)-কে পাননি। আল্লামা মুবারকপুরী তা উল্লেখ করেছেন এবং একে সমর্থন দিয়েছেন। ই‘লাউস সুনান গ্রন্থেও (৪/২৬০) রয়েছে- ‘আবদুল আযীয উবাই (রাযি.)-কে পাননি। হাফিয ইবনু হাজার (রহ.) ইবনু হিব্বানের উদ্ধৃতি দিয়ে বলেন : ‘আবদুল ‘আযীয়ের মৃত্যু হয়েছে ১৩০ হিজরীর পরে। আর উবাই ইবনু কা‘ব ৩২ হিজরীতে মারা যান।
শায়খ আলবানী (রহ.) বলেন : ‘আবদুল ‘আযীয ও উবাই ইবনু কা‘ব (রাযি.)-এর মাঝে বিচ্ছিন্নতা রয়েছে। কেননা, তাদের উভয়ের মৃত্যুর মাঝে প্রায় ১০০ বছর বা তার চেয়ে অধিক ব্যবধান রয়েছে। সুতরাং বর্ণনাটি মুনকাতি এবং পাশাপাশি এটি উবাই ইবনু কা‘বকে ‘উমারের নির্দেশিত ১১ রাক‘আত আদায়ের বিশুদ্ধ বর্ণনার বিরোধী। অনুরূপভাবে এটি উবাই ইবনু কা‘ব (রাযি.)-এর প্রমাণিত বর্ণনারও বিরোধী। তা হল : “তিনি রামাযান মাসে তার ঘরে মহিলাদের নিয়ে আট রাক‘আত (তারাবীহ) পড়েছেন।” যা ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে।
عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ أَنَّ عُمَرَ أَمَرَ أُبَيًّا أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فِي رَمَضَانَ ... فَصَلَّىٰ بِهِمْ عِشْرِينَ رَكْعَةً
(১১) আবুল আলিয়াহ বলেন, ‘উমার (রাযি.) উবাই ইবনু কাব (রাযি.)-কে রামাযান মাসে লোকদের সাথে নিয়ে সলাত আদায়ের নির্দেশ দেন। তিনি বলেন, লোকেরা দিনের বেলায় রোযা রাখছে এবং (সুন্দরভাবে) কুরআন পড়তে পারছে না। কাজেই তুমি যদি রাতে তাদেরকে নিয়ে কুরআন পড়তে। উবাই বললেন, হে আমীরুল মু’মিনীন! এ কাজ তো পূর্বে হয়নি। ‘উমার বললেন, আমি তা অবগত আছি। কিন্তু এটাতো খুবই সুন্দর কাজ। অতঃপর তিনি তাদের সাথে ২০ রাক‘আত সলাত আদায় করেছিলেন। (জিয়াউল মাক্বদেসীর আল-মুখতারা)
যঈফ : এর সানাদে আবূ জা‘ফার নামক দোষযুক্ত বর্ণনাকারী রয়েছে। তার আসল নাম হল ঈসা ইবনু ঈসা ইবনে মাহান। ইমাম যাহাবী তাকে ‘যুআফা’ গ্রন্থে উল্লেখ করেছেন। তার সম্পর্কে ইমাম আহমাদ ও নাসায়ী (রহ) বলেন : সে
নির্ভরযোগ্য নয়। ইমাম আহমাদ অন্যত্র বলেন : সে শক্তিশালী নয়, এবং পুনরায় বলেছেন, সালিহুল হাদীস। ইমাম আবূ যুর‘আহ বলেন : সে প্রচুর ভুল করে। ফাল্লাস বলেন : তার স্মৃতি দুর্বলতা রয়েছে, এবং অন্যত্র বলেন : নির্ভরযোগ্য। ইমাম যাহাবীর ‘আলকুনা’ গ্রন্থে রয়েছে : ‘প্রত্যেক মুহাদ্দিসই তাকে বিভিন্ন দোষে দোষী সাব্যস্ত করেছেন। ইবনু হাজার (রহ) বলেন : তার স্মরণশক্তি খারাপ। ইবনু কাইয়িম (রহ.) বলেন : সে প্রচুর মুনকার হাদীস বর্ণনাকারী। যেগুলো সে এককভাবে বর্ণনা করেছে সেগুলো থেকে আহলুল হাদীসগণ কখনোই দলীল গ্রহণ করেননি। ইবনু হিব্বান বলেন : সে প্রসিদ্ধ বর্ণনাকারী থেকে এককভাবে প্রচুর মুনকার হাদীস বর্ণনাকারী।
শায়খ আলবানী তাঁর ‘সলাতুত্ তারাবীহ’ পুস্তিকায় বলেন : এর সানাদ যঈফ। পাশাপাশি এটি উবাই ইবনু কা‘বকে ‘উমারের নির্দেশিত ১১ রাক‘আতের বিশুদ্ধ বর্ণনার বিরোধী। এছাড়া অত্র হাদীসে আরেকটি বিপরীত কথা হল : “উবাই বলল, রাতে তারাবীহ সলাতে ক্বিরাআত পাঠ এমন এক কাজ যা রাসূলুল্লাহ ﷺ-এর যুগে হয়নি”। উবাই এ কথা বলাতো আরো দূরের ব্যাপারে এবং ‘উমারের সাথে একমত পোষণ করাই সঠিক। কেননা, নাবী ﷺ-এর যুগেই তো তারাবীহ সলাতে লোকজনের একত্রিত হওয়ার প্রমাণ পাওয়া যায়। কাজেই রাসূলুল্লাহ ﷺ-এর যুগে তারাবীহের জামা‘আত হয়েছিল এটা তো তাঁরা জানতেন। সুতরাং এদিকটিও প্রমাণ করছে যে, হাদীসটি নির্ভরযোগ্য ব্যক্তিদের বর্ণনার বিপরীত।
(গ) ইবনু মাসউদ (রাযি.) সূত্রে বর্ণনা। তা হল :
زَيْدُ بْنُ وَهْبٍ رَحِمَهُ اللهُ : كَانَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ يُصَلِّي بِنَا فِي شَهْرِ رَمَضَانَ فَيَنْصَرِفُ وَعَلَيْهِ لَيْلٌ " قَالَ الْأَعْمَشُ: «كَانَ يُصَلِّي عِشْرِينَ رَكْعَةً وَيُوتِرُ بِثَلَاثٍ»
(১২) যায়িদ ইবনু ওহাব বলেন, ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযি.) রামাযান মাসে আমাদেরকে সলাত পড়িয়েছেন। আ‘মাশ বলেন, তিনি বিশ রাক‘আত সলাত পড়াতেন আর তিন রাক‘আত বিতর পড়তেন। (ইবনু নাস্রের ‘কিয়ামুল লাইল’)
যঈফ মুনকাতি : আল্লামা মুবারকপুরী ‘তুহফাতুল আহওয়াযী’ গ্রন্থে বলেন : ‘এটিও সানাদগত বিচ্ছিন্নতার কারণে দুর্বল। কেননা, আ‘মাশ ইবনু মাসউদ (রাযি.) এর যুগ পায়নি।’ শায়খ আলবানী বলেন : সানাদটির অবস্থা এমনই যেরূপ বলা হয়েছে। সম্ভবত বর্ণনাটিতে পরপর দুইজন বর্ণনাকারী বাদ পড়ে গেছে। কেননা, অধিকাংশ সময় হাদীসটি ইবনু মাসউদ থেকে দুইজন ব্যক্তির মাধ্যমে বর্ণনা করা হয়। এ বিষয়টি মুসনাদে ইবনে মাসউদের অনুসরণকারীদের কাছে গোপন নয়। অতঃপর আমি জানি না, এভাবে সানাদ আ‘মাশ পর্যন্ত পৌঁছে কীভাবে সহীহ হয়। কেননা, তিনি কিতাবকে সংক্ষেপ করার জন্য সানাদকে বিলুপ্ত করেছেন। আর তিনি হচ্ছেন শায়খ মুকরিযী। তিনি এরূপ না করলেই পারতেন। ধারণা করা হচ্ছে, সানাদটি আ‘মাশ পর্যন্ত সহীহ নয়। যেহেতু এ আসারটি উল্লেখিত যায়িদ ইবনু ওহাবের সানাদ দিয়ে ইমাম তাবারানী বর্ণনা করেছেন। কিন্তু তিনি আ‘মাশের কথা উল্লেখ করেননি। হতে পারে আ‘মাশের সানাদে কোন দুর্বল বর্ণনাকারী রয়েছে। যার স্মরণশক্তি দুর্বল বা অন্য কোন দোষযুক্ত। (অর্থাৎ আ‘মাশ কর্তৃক বর্ণিত শেষাংশের কোন ভিত্তি নেই)।
শায়খ আলবানী (রহ.) তাঁর ‘সলাতুত্ তারাবীহ’ পুস্তিকায় ‘সাহাবীগণের কেউ বিশ রাক‘আত তারাবীহ আদায় করেছেন তা প্রমাণিত নয়। সে বিষয়ে তাদের সূত্রে বর্ণনাবলীর বিশ্লেষণ ও সেগুলো দুর্বল হওয়ার বর্ণনা’ অনুচ্ছেদে বলেন : “আমরা সাহাবীগণ থেকে তারাবীহর রাক‘আত ও বৃদ্ধি সম্পর্কে যেসব আসার জানতে পেরেছি তা উল্লেখ করলাম। এর প্রত্যেকটিই যঈফ। এ সম্পর্কে বিশুদ্ধ কোন বর্ণনা নেই। (অর্থাৎ কোন সাহাবী থেকেই সহীহভাবে ২০ রাক‘আতের প্রমাণ নেই)। আর বর্ণনাগুলো যে যঈফ সেদিকে ইঙ্গিত করেছেন ইমাম তিরমিযী (রহ.)।
সুতরাং প্রত্যেক ন্যায়পরায়ণ জ্ঞানী ব্যক্তির কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে, সাহাবীগণের কোন একজনের পক্ষ থেকেও ২০ রাক‘আত তারাবীহ সলাত সহীহ বলে প্রমাণিত হয়নি।
আলবানী (রহ.) আরো বলেন : কোন কোন গ্রন্থে বলা হয়েছে : ‘আবূ বকর সিদ্দীক ছাড়া অন্যান্য খোলাফায়ে রাশেদা থেকে বিশ রাক‘আত তারাবীহ তাদের নিয়মিত আমল দ্বারা বর্ণিত হয়েছে।’ যখন আপনি জানতে পারবেন যে, তাদের কারো থেকে এ কথা সহীহভাবে বর্ণিত হয়নি। যদিও ‘উমার (রাযি.) থেকে বিশ রাক‘আত প্রমাণিত হয়েও থাকে তথাপিও তিনি এর উপর সর্বদা অটল ছিলেন তা প্রমাণিত হয়নি। কেননা, উমার (রাযি.) থেকে এগার রাক‘আতের অপর যে বর্ণনা এসেছে তা সকলের ঐকমতে সহীহ বর্ণনা। তাহলে যারা বিশ রাক‘আতের উপর ‘উমারের প্রতিষ্ঠিত থাকার দাবী করেন এগার রাক‘আত ব্যতীত তাহলে সহীহ বর্ণনা কোথায়? যে মতটি সঠিত হওয়ার বেশি দাবী রাখে তা হল এগার রাক‘আতের বর্ণনা। আমরা বরং জোর দিয়ে বলতে পারি, ‘উমার (রাযি.) এগার রাক‘আত তারাবীহ অব্যাহত রেখেছিলেন। কেননা, এগার রাক‘আত সংক্রান্ত বর্ণনা ছাড়া অন্য কোন বর্ণনা ‘উমার (রাযি.) থেকে সহীহ সানাদে বর্ণিত হয়নি।
পরবর্তীদের থেকে কিছু বর্ণনা
وَقَالَ عَطَاءٌ : «أَدْرَكْتُهُمْ يُصَلُّونَ فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً , وَالْوِتْرُ ثَلَاثُ رَكَعَاتٍ»
(১৩) ‘আত্বা (রহ.) বলেন : আমি লোকদেরকে বিতরসহ ২৩ রাক‘আত সলাত আদায় করা অবস্থায় পেয়েছি। (ইবনু আবী শায়বাহ)
এ বর্ণনাতেও পূর্বে আলোচিত মুনকার রাবী ‘আত্বা ইবনু সায়িব রয়েছে।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: ثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ، عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ: «أَنَّهُ كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ»
(১৪) ‘আবদুল্লাহ ইবনু ক্বায়স বলেন : শুতাইর ইবনু শাকল রামাযান মাসে বিশ রাক‘আত সলাত আদায় করতেন এবং বিতর পড়তেন। (ইবনু আবী শায়বাহ, বায়হাক্বীর সুনানুল কুবরা)
এর সানাদে ‘আবদুল্লাহ ইবনু ক্বায়স অত্যন্ত দুর্বল বর্ণনাকারী। হাফিয ইবনু হাজার (রহ.) : ‘সে অপরিচিতি।’ ইমাম যাহাবী ও আল্লামা আযদী বলেন : ‘সে খুবই দুর্বল ও অপরিচিত।’ এছাড়াও এর পূর্ণাঙ্গ সানাদ নেই।
وَأَنْبَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ، أَنْبَا أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، أَنْبَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَنْبَا أَبُو الْخَصِيبِ قَالَ: " كَانَ يَؤُمُّنَا سُوَيْدُ بْنُ غَفَلَةَ فِي رَمَضَانَ فَيُصَلِّي خَمْسَ تَرْوِيحَاتٍ عِشْرِينَ رَكْعَةً "
(১৫) আবুল খুসাইব বলেন : সুওয়াইদ ইবনু গাফলাহ রামাযান মাসে আমাদের ইমামতি করতেন। তিনি পাঁচ বৈঠকে ২০ রাক‘আত সলাত আদায় করতেন। (বায়হাক্বীর সুনানুল কুবরা)
সানাদের আবুল খুসাইব সম্পর্কে ইমাম যাহাবী (রহ) বলেন : তাকে চেনা যায় না। অন্যত্র তিনি বলেন : সে কে তা জানা যায়নি।
حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ، قَالَ: " كَانَ ابْنُ أَبِي مُلَيْكَةَ يُصَلِّي بِنَا فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً، وَيَقْرَأُ: بِحَمْدِ الْمَلَائِكَةِ فِي رَكْعَةٍ "
(১৬) নাফি‘ ইবনু ‘উমার বলেন : ইবনু আবী মুলাইকাহ রামাযান মাসে আমাদের সাথে বিশ রাক‘আত সলাত পড়তেন। (মুসান্নাফ ইবনু আবী শায়বাহ)
এর সানাদে ইবনু আবী মুলাইকাহ একজন পরিত্যক্ত রাবী। তার আসল নাম ‘আবদুর রহমান ইবনু আবূ বকর। ইমাম বুখারী (রহ) বলেন : সে হাদীস জালকারী। ইমাম আহমাদ (রহ.) বলেন : সে সহীহ হাদীসের বিরোধী হাদীস বর্ণনাকারী। ইমাম আবূ হাতিম বলেন : সে হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। হাফিয ইবনু হাজার ও ইবনু মাঈন বলেন : সে যঈফ। ইমাম নাসায়ী বলেন : মাতরূকুল হাদীস (হাদীসের পরিত্যক্ত রাবী)। আবার কখনো তিনি বলেছেন : ‘সে নির্ভরযোগ্য নয়। ইবনু ‘আদী ও ইবনু সা‘দ (রহ.) বলেন : তার সকল হাদীস যঈফ কিংবা জালের পর্যায়ভুক্ত।
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدٍ، «أَنَّ عَلِيَّ بْنَ رَبِيعَةَ كَانَ يُصَلِّي بِهِمْ فِي رَمَضَانَ خَمْسَ تَرْوِيحَاتٍ، وَيُوتِرُ بِثَلَاثٍ»
(১৭) সাঈদ ইবনু উবাইদ বলেন : ‘আলী ইবনু রবী‘আহ লোকদের সাথে রামাযান মাসে পাঁচ বৈঠকে ২০ রাক‘আত সলাত আদায় করতেন এবং তিন রাক‘আত বিতর পড়তেন। (ইবনু আবী শায়বাহ)
এর সানাদে দুইজন বাজে বর্ণনাকারী রয়েছে। এক, আলী ইবনু রবীআহ আল কারশী। তার সম্পর্কে ইমাম যাহাবী (রহ.) ইমাম আবূ হাতিম (রহ.)-এর মত পোষণ করে বলেন যে, তিনি তাকে যঈফ বলেছেন। দুই, সাঈদ ইবনু উবাইদ। তার সম্পর্কে হাফিয ইবনু হাজার আসকালানী (রহ.) বলেন : সে অপরিচিত।
حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خَلَفٍ، عَنْ رَبِيعٍ، وَأَثْنَىٰ عَلَيْهِ خَيْرًا، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ: «أَنَّهُ كَانَ يُصَلِّي خَمْسَ تَرْوِيحَاتٍ فِي رَمَضَانَ، وَيُوتِرُ بِثَلَاثٍ»
(১৮) আবুল বাখতারী রামাযান মাসে পাঁচ বৈঠকে ২০ রাক‘আত সলাত পড়তেন এবং তিন রাক‘আত বিতর পড়তেন। (ইবনু আবী শায়বাহ)
এ আসারটি বানোয়াট। প্রথমত এর সানাদের বর্ণনাকারীদের কোন পরিচয় নেই। দ্বিতীয়ত আবুল বাহতারী একজন মিথ্যাবাদী। ইমাম যাহাবী (রহ.) বলেন : কোন যুগেই তার পরিচয় পাওয়া যায়নি। দুহাইস (রহ) তাকে মিথ্যুক বলেছেন। হাফিয ইবনু হাজারও তার দোষ বর্ণনা করেছেন। (তাক্বরীবুত তাহযীব)
আল্লামা নীমাবী হানাফী (রহ.) বলেন : ‘এর সানাদে খালাফ নামক বর্ণনাকারী রয়েছে। আমার জানা নেই তিনি কে?’ (ই‘লাউস সুনান, ৪/২৬৯)
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ حَجَّاجٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ: «أَنَّهُ كَانَ يَؤُمُّ النَّاسَ فِي رَمَضَانَ بِاللَّيْلِ بِعِشْرِينَ رَكْعَةً، وَيُوتِرُ بِثَلَاثٍ»
(১৯) আবূ ইসহাক থেকে বর্ণিত : হারিস রামাযান মাসে রাতে লোকদের সলাতে ইমামতি করতেন। তিনি ২০ রাক‘আত সলাত আদায় করতেন এবং তিন রাক‘আত বিতর পড়তেন। (ইবনু আবী শায়বাহ)
এর সানাদে হারিস ও আবূ ইসহাক উভয়েই ত্রুটিযুক্ত বর্ণনাকারী। হারিসের কোন পরিচয় পাওয়া যায়নি। আর আবূ ইসহাক সম্পর্কে ইমাম যাহাবী বলেন : সে মুনকার বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত। ইবনু হিব্বান (রহ) বলেন : সে যা বর্ণনা করেছে তদ্বারা দলীল গ্রহণ করা জায়িয নয়।
বিশ রাক‘আত সম্পর্কে বর্ণিত উল্লিখিত বর্ণনাসমূহের পর্যালোচনার দ্বারা প্রতীয়মান হল : “বিশ রাক‘আত তারাবীহ সম্পর্কে যতগুলো বর্ণনা রয়েছে তন্মধ্যে মাত্র একটি রাসূলুল্লাহ ﷺ থেকে পাওয়া যায়। যা রিজালশাস্ত্রবিদগণ ও মুহাদ্দিসগণের ঐক্যমতে যঈফ এবং মওযূ। আর সাহাবীগণের মধ্যে মাত্র একজন সাহাবী থেকে কয়েকটি বর্ণনা পাওয়া যায়, তাও আবার প্রত্যেকটি পরস্পর বিরোধী। তাছাড়া কোনটা যঈফ কোনটা জাল। আর বাকী যা বর্ণিত হয়েছে সবই কিছু কিছু তাবেঈ থেকে, যার কোনটা মুনকার পর্যায়ের, কোনটা যঈফ আবার কোনটা জাল। (শায়খ মুযাফ্ফর বিন মুহসিন ‘সলাতুত তারাবীহ আট রাক‘আত নাকি বিশ রাক‘আত : একটি বিশ্লেষণ’ পুস্তিকা দ্রষ্টব্য)
* আল্লামা ইবনুল আরাবী (রহ.) তাঁর তিরমিযীর ভাষ্যগ্রন্থ ‘আরিযাতুল আহওয়াযী’তে ২০ রাক‘আত প্রসঙ্গে আলোচনার পর বলেন : সহীহ হচ্ছে ১১ রাক‘আত আদায় করা, যা ছিল রাসূলুল্লাহ ﷺ-এর রাতের সলাত। কাজেই এর অতিরিক্ত যে রাক‘আত সংখ্যা রয়েছে মূলত তার কোন ভিত্তি নেই এবং কোন সীমাও নেই। সুতরাং তারাবীহ্র সলাতের ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-এর অনুসরণ করাই ওয়াজিব।
* আল্লামা মুবারকপুরী (রহ.) তারাবীহের রাক‘আত সম্পর্কিত বর্ণনাসমূহের বিস্তারিত আলোচনার পর শেষে বলেন : ‘উমার (রাযি.) সম্পর্কে বর্ণিত যে হাদীস ১১ রাক‘আত শব্দে বর্ণিত হয়েছে তা সহীহ, স্থিতিশীল ও সংরক্ষিত। পক্ষান্তরে যে বর্ণনায় ২১ রাক‘আত উল্লিখিত হয়েছে তা সংরক্ষিত নয়; বরং অধিকাংশ ক্ষেত্রে তা কাল্পনিক।
* মুহাদ্দিস আবুল মানসূর আল-জুরী ইমাম মালিক (রহ) থেকে বর্ণনা করেন যে, ইমাম মালিক বলেছেন, ‘উমার ইবনুল খাত্তাব (রাযি.) মানুষকে যার উপরে একত্রিত করেছিলেন আমার কাছে সেটাই সর্বোত্তম। আর ‘উমার (রাযি.) যা চালু করেছিলেন তা ছিল ১১ রাক‘আত। এটাই ছিল রাসূলুল্লাহ ﷺ-এর সলাত। অতঃপর তাঁকে প্রশ্ন করা হল, বিতরসহ ১১ রাক‘আত? তিনি জবাবে বললেন, হ্যাঁ। এরপর মুহাদ্দিস আল-জুরী বিস্ময়ের সাথে বলেন, ‘আমি জানি না যে কোথা থেকে এর অধিক রাক‘আত সংখ্যা আবিষ্কৃত হলো।
উল্লেখ্য, বলা হয়ে থাকে, ইমাম মালিক ৩৬ রাক‘আত তারাবীহর সলাত পড়তেন। কিন্তু তার বক্তব্য অনুযায়ী এর যথাযথ প্রমাণ মেলে না। তাছাড়া তার হাদীসের কিতাব মুয়াত্তা গ্রন্থেও তিনি ‘উমার (রাযি.)-এর নির্দেশিত ১১ রাক‘আতের বর্ণনা এনেছেন। যদিও তারপর ইয়াযীদ ইবনু রুমান থেকে ২০ রাক‘আতের একটি মুনকার বর্ণনাও নিয়ে এসেছেন। আরো একটি মুনকার ও ভিত্তিহীন বর্ণনাও নিয়ে এসেছেন। আরো বলা হয় যে, মাদীনাতে ৪১ রাক‘আত চালু ছিল।
* হাফিয ইবনু হাজার আসকালানী (রহ.) বলেন : ২০ রাক‘আতের হাদীস সহীহ হাদীসের বিরোধী হওয়ায় তা বিনা দ্বিধায় বর্জনীয়।
* শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন (রহ.) তাঁর ‘মাজালিসু শাহরি রামাযান’ গ্রন্থে বলেন : তারাবীহর রাক‘আত সংখ্যার ব্যাপারে ৪১, ৩৯, ২৯, ২৩, ১৯, ১১ ইত্যাদি বক্তব্য রয়েছে। তবে এগুলোর মধ্যে আমি ১১ অথবা ১৩ রাক‘আতকেই সর্বাধিক প্রাধান্য দেই। যেমন- ‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিত হয়েছে এবং সায়িব ইবনু ইয়াযীদ থেকে ‘উমার (রাযি.)-এর ১১ রাক‘আতের নির্দেশ বর্ণিত হয়েছে, যা তিনি উবাই ইবনু কা‘ব ও তামিম আদ-দারী (রাযি.) এর প্রতি করেছিলেন।
* বিংশ শতাব্দীর যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস নাসিরুদ্দীন আলবানী (রহ.) বলেন : নাবী ﷺ বিতর সহ ১১ রাক‘আত তারাবীহ সলাত আদায় করেছেন। যে হাদীসে তাঁর বিশ রাক‘আত তারাবীহ আদায়ের কথা রয়েছে তা খুবই দুর্বল। তাই এগার রাক‘আতের বেশি তারাবীহ পড়া জায়িয নয়। কেননা, বৃদ্ধি করাটাই রাসূলুল্লাহ ﷺ-এর কর্মকে বাতিল ও তাঁর কথা অসার করাকে আবশ্যক করে দেয়। আর নাবী ﷺ-এর বাণী : “তোমরা আমাকে যেরূপ সলাত আদায় করতে দেখেছ ঠিক সেভাবেই সলাত আদায় করো”। আর এজন্যই ফজরের সুন্নাত ও অন্যান্য সলাতে বৃদ্ধি করা বৈধ নয়।
যখন কারোর জন্য সুন্নাত স্পষ্ট হয় না এবং প্রবৃত্তির অনুসরণও করে না, ১১ রাক‘আতের বেশি তারাবীহ পড়ার কারণে তাদেরকে আমরা বিদ‘আতীও বলি না এবং গোমরাহও বলি না। এ ব্যাপারে চুপ থাকাটাই নিঃসন্দেহে উত্তম। কেননা, নাবী ﷺ-এর বাণী হলো : “মুহাম্মাদ ﷺ-এর হিদায়াতই উত্তম হিদায়াত”।
আর ‘উমার (রাযি.) তারাবীহ সলাতে কোন নতুনত্ব সৃষ্টি করেননি। মূলতঃ তিনি এই সুন্নাতে জামা‘আতবদ্ধতা সৃষ্টি করেছেন এবং সুন্নাতী রাক‘আত সংখ্যা (১১) হিফাযাত করেছেন। ‘উমার (রাযি.) সম্পর্কে যে উক্তি বর্ণনা করা হয়- তিনি এ তারাবীহর রাক‘আত সংখ্যাকে বৃদ্ধি করে ২০ পর্যন্ত পৌঁছিয়েছেন, এর সানাদের কিছুই সহীহ নয়। নিশ্চয় এর সানাদের একটি অপরটিকে শক্তিশালী করে না এবং সমার্থতার ভিত্তিতে শক্তিশালী বুঝায় না। ইমাম শাফিয়ী (রহ.) ও ইমাম তিরমিযী (রহ.) এটিকে দুর্বল বর্ণনা বলেই নির্দেশনা দিয়েছেন এবং ইমাম নববী (রহ.), ইমাম যায়লায়ী (রহ.) সহ অন্যান্যরাও এর কতককে যঈফ সাব্যস্ত করেছেন।
যদি উল্লেখিত অতিরিক্ত করাটা প্রমাণিত হয়ও তথাপিও আজকের যুগে তা আমল করা ওয়াজিব নয়। কেননা, অতিরিক্ত করণটি এমন একটি কারণ যা সহীহ হাদীস থাকার কারণে দূর হয়ে গেছে। এই (২০) সংখ্যার উপর বাড়াবাড়ির ফল এই যে, সলাত আদায়কারীরা তাতে তাড়াহুড়া করে এবং সলাতের একাগ্রতা নষ্ট হয়ে যায়। এমনকি সলাতের বিশুদ্ধতাও নষ্ট হয়ে যায়।
সাহাবীদের কেউ ২০ রাক‘আত তারাবীহ পড়েছেন- তার প্রমাণ নেই। বরং ইমাম তিরমিযী (রহ.) ‘আলী (রাযি.)-এর সূত্রে বর্ণিত হাদীসটি দুর্বল হওয়ার প্রতি ইঙ্গিত দিয়েছেন।
নিশ্চয় ২০ রাক‘আতের ব্যাপারে ইজমা সাব্যস্ত হয়নি। তাই সুন্নাত সম্মত (১১) সংখ্যাকে আঁকড়ে ধরাই অবশ্য কর্তব্য যা রাসূলুল্লাহ ﷺ ও ‘উমার (রাযি.) হতে প্রমাণিত। আর আমরাতো আদিষ্ট হয়েছি নাবী ﷺ ও তাঁর খলীফা চতুষ্টয়ের সুন্নাত পালনে যারা ছিলেন সঠিক পথের দিশারী। ইমাম মালিক, ইবনুল আরাবীসহ অন্যান্য উলামা এই অতিরিক্ত (২০) সংখ্যাকে অপছন্দ করেছেন।
এ অতিরিক্ত সংখ্যাটি (২০) মুজতাহিদ ইমামগণের পক্ষ থেকে যারা গ্রহণ করেছেন তাদেরকে অপছন্দ করা জরুরী করে দেয় না। যেমনিভাবে জরুরী করে না সঠিকের বিরোধীরা তাদের ইলমের উপর অপবাদ চাপানো বা বিরোধীদের ইলম ও বিবেচনার বিপরীতে নিজেদেরকে বড় মনে করাটা।
* প্রখ্যাত হানাফী আলিমগণের বক্তব্য
ইতোপূর্বে আলোচনায় ২০ রাক‘আতের হাদীসগুলো সম্পর্কে কতিপয় হানাফী বিদ্বানগণের মন্তব্য পেশ করা হয়েছে। নিচে আরো কয়েকজন হানাফী বিদ্বানের মন্তব্য পেশ করা হল-
১। শায়খ ‘আবদুল হক দেহলবী হানাফী (রহ.) বলেন : রাসূলুল্লাহ ﷺ থেকে ২০ রাক‘আতের কোন সহীহ বর্ণনা নেই। নাবী ﷺ-এর পক্ষ থেকে ২০ রাক‘আতের যে বর্ণনা রয়েছে, তার সানাদ যঈফ। বরং সেটির দুর্বলতার ব্যাপারে সকল মুহাদ্দিস একমত। (ফাতহু সিররিল মান্নান লি তাঈদি মাযহাবি নু‘মান)
২। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী হানাফী (রহ.) বলেন : রাসূলুল্লাহ ﷺ এর আমল দ্বারা তারাবীর সলাত বিতর সহ ১১ রাক‘আতই প্রমাণিত। (আল-মুসাফ্ফা শরহে মুয়াত্তা)
৩। মোল্লা ‘আলী ক্বারী হানাফী (রহ.) বলেন : হানাফী শায়খদের কথার দ্বারা ২০ রাক‘আত তারাবীহ বুঝা যায় বটে, কিন্তু দলীল প্রমাণ মতে বিতর সহ ১১ রাক‘আত সঠিক। (মিরকাত, ১ম খণ্ড)
৪। আল্লামা ইবনুল হুমাম হানাফী (রহ.) ‘ফাতহুল ক্বাদীর’ গ্রন্থে তারাবীহর রাক‘আত সংখ্যার ব্যাপারে বিশদ আলোচনার পর উপসংহারে বলেন : এ সমস্ত আলোচনা থেকে প্রমাণিত হলো যে, রামাযানের রাতের সলাত জামা‘আতের সাথে বিতর সহ ১১ রাক‘আত পড়া সুন্নাত, যা রসূলুল্লাহ ﷺ আদায় করেছেন। (ফাতহুল ক্বাদীর, ১ম খণ্ড)
৫। আল্লামা রশীদ আহমাদ গাংগুহী হানাফী (রহ.) বলেন : তারাবীহর সলাত বিতর সহ মাত্র ১১ রাক‘আতই প্রমাণিত এবং তা সুন্নাতে মুয়াক্কাদা। (রিসালাহ আল-হাক্কুশ শরীফ পৃ. ২২)
৬। আল্লামা ‘আবদুল হাই লাক্ষ্ণৌভী হানাফী (রহ.) জাবির (রাযি.) বর্ণিত ৮ রাকআতের হাদীস উল্লেখ করার পর বলেন : মোদ্দাকথা হল, যদি প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহ ﷺ যে রাতগুলিতে তারাবীহ পড়েছিলেন তা কত রাক‘আত ছিলো? তাহলে জাবির (রাযি.) কর্তৃক বর্ণিত হাদীসের আলোকে উত্তর হবে ৮ রাক‘আত। আর যদি প্রশ্ন করা হয়, তিনি কি কখনো ২০ রাক‘আত পড়েছেন? তাহলে উত্তর হবে, এ মর্মে বর্ণিত হাদীস দুর্বল। (তুহফাতুল আখবার, পৃ. ২৮)
৭। আল্লামা আনোয়ার শাহ কাশমীরী (রহ.) বলেন : এ কথা মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই যে, নিশ্চয় রাসূলুল্লাহ ﷺ-এর তারাবীহর সলাত ছিল ৮ রাক‘আত- (আল-আরফুশ শাযী শরহে জামে‘ তিরমিযী)। তিনি তাঁর সহীহুল বুখারীর ব্যাখ্যায় বলেন : নিশ্চয়ই তারাবীহর সলাত ১৩ রাক‘আতের অতিরিক্ত মারফু‘ সূত্রে প্রমাণিত হয়নি। তবে যঈফ সূত্রে রয়েছে। (ফায়যুল বারী)
৮। বাংলার আকাশে লেখনী জগতের অনন্য দিকপাল মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম তার ‘হাদীস শরীফ’ গ্রন্থে ২০ রাক‘আতের দুটি বর্ণনা উল্লেখ করে বলেন, কিন্তু এই হাদীসদ্বয়ের সানাদ দুর্বল। অতঃপর তিনি সহীহুল বুখারী, সহীহ মুসলিম ও মুসনাদে আহমাদ থেকে ‘আয়িশাহ (রাযি.) বর্ণিত ৮ রাক‘আতের হাদীস উল্লেখ্য করে বলেন : ‘এই হাদীস হইতে বুঝা যায় যে, নবী করীম ﷺ তারাবীহর নামায মাত্র আট রাক‘আত পড়িতেন, ইহার পর বিতরের নামায পড়তেন। .. ইহা হইতেও তারাবীহ নামায আট রাক‘আতই প্রমাণিত হয়। (হাদীস শরীফ, খায়রুন প্রকাশনী, ১৯৯৯, ২/২১৮ পৃষ্ঠা)
৯। বুখারী শরীফের টিকা লেখক মাওলানা আহমাদ আলী সাহারানপুরী হানাফী (রহ.) বলেন : রামাযানের ক্বিয়াম (তারাবীহ) বিতর সহ এগার রাক‘আত জামাআত সহকারে। নাবী ﷺ তা করেছিলেন। (তাঁর বুখারীর টিকাগ্রন্থ দ্রষ্টব্য)
১০। আল্লামা ইবনে আবেদীন হানাফী (রহ.) বলেন : তারাবীহ আট রাক‘আত সুন্নাত হওয়াটা দলীল মোতাবেক। (রদ্দে মুহতার হাশিয়া দুররে মুখতার)
১১। দেওবন্দ মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবী (রহ.) বলেন : এগার রাক‘আত সরওয়ারে দোআলম ﷺ-এর কর্ম দ্বারা প্রমাণিত, যা বিশ রাক‘আতের তুলনায় জোরদার। (ফুয়ুযে কাসিমিয়্যাহ, ১৮ পৃষ্ঠা)
১২। তাবলীগ জামাআতের বিশিষ্ট নেতা মাওলানা যাকারিয়া (রহ.) বলেন : বিশ রাক‘আত তারাবীহ নির্দিষ্টভাবে নাবী ﷺ থেকে মারফুভাবে মুহাদ্দিসীনে কিরামের তরীকা অনুযায়ী প্রমাণিত নেই, এ ব্যাপারে কোন সন্দেহও নেই। (আওজাযুল মাসালিক শরহে মুয়াত্তা ইমাম মালেক)
১৩। হানাফী ফিকাহ কানযুদ দাকায়িক এর টিকা লিখক মাওলানা মুহাম্মাদ আহসান নানুতুবী বলেন : নাবী ﷺ বিশ রাক‘আত তারাবীহ পড়েননি। বরং আট রাক‘আত পড়েছেন। (হাশিয়া কানযুদ দাকায়িক)
১৪-১৫। আল্লামা তাহতাভী ও আল্লামা আবুস্ সাউদ হানাফী (রহ.) বলেন : রাসূলুল্লাহ ﷺ বিশ রাক‘আত তারাবীহ পড়েননি। বরং আট রাক‘আত পড়েছেন। (তাহতাভী হাশিয়া দুররে মুখতার, ফাতহুল মুয়ীন শারহে কানয)
[সূত্র : সিয়াম ও রামাযান, অধ্যাপক শাইখ আইনুল বারী আলিয়াভী, সুফিয়া প্রকাশনী, কলিকাতা, ৪র্থ প্রকাশ-২০০০, পৃ. ৩৭-৩৯; তারাবীহর রাক‘আত সংখ্যা- একটি তাত্ত্বিক বিশ্লেষণ, মুযাফ্ফর বিন মুহসিন, হিরাত প্রকাশনী, রাজশাহী, আগস্ট ২০১০, পৃ. ৪৮-৫০]
* সংশয় নিরসন
বিশ রাক‘আতের স্বপক্ষের কতিপয় যুক্তি ও অভিযোগ :
১। বিশ রাক‘আতের উপর ইজমা হয়েছে।
২। সাহাবীগণ, তাঁদের পরবর্তী তাবেঈগণ ও তাদের পরবর্তী তাবে তাবেঈগণ থেকে আজ পর্যন্ত সবাই মুতাওয়াতিরভাবে তারাবীহর সলাত বিশ রাক‘আত বলে স্বীকৃতি দিয়েছেন।
৩। পূর্বে আট রাক‘আতই পড়া হত কিন্তু পরে বিশ রাক‘আত পড়ার নির্দেশ হয়েছে।
৪। তারাবীহ ও তাহাজ্জুদ এ দু’টি পৃথক সলাত। সুতরাং তারাবীহ বিশ রাক‘আত এবং তাহাজ্জুদ আট রাক‘আত।
৫। ‘এগার রাক‘আত তারাবীহ পন্থীরা এই উম্মাতের মধ্যে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ রাক‘আত তারাবীহ পড়ে আসছে যাদের মধ্যে সাহাবীগণও আছেন তাদেরকে দোষারোপ করেছেন।
৬। (‘উমারের যুগে) তারাবীহের রাক‘আত দ্বিগুণ করা হয়েছিল দীর্ঘ ক্বিয়ামের বদলী হিসেবে।
৭। বুখারী ও মুসলিমে আয়িশাহ (রাযি.) বর্ণিত ১১ রাক‘আতের হাদীসটি মুযতারিব! কেননা, ‘আয়িশাহ থেকে আরেক বর্ণনায় ১৩ রাক‘আতের কথা রয়েছে।
উপরোক্ত যুক্তি ও অভিযোগ নিরসনে আট রাক‘আতের পক্ষের বক্তব্য :
(এক) শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ.) (সাহাবীগণ সূত্রে বিশ রাক‘আতের আসারগুলো বিশ্লেষণের পর) বলেন : পূর্বোক্ত আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে, সাহাবীগণের বিশ রাক‘আত তারাবীহ সলাত আদায় সম্পর্কে
সাহাবীগণের সূত্রে যা কিছু বর্ণিত হয়েছে তার দ্বারা কিছুই প্রমাণ হয় না। যেমন, কেউ কেউ দাবী করেছেন ‘বিশ রাক‘আত তারাবীহর উপর সাহাবীগণ ইজমা করেছেন’- এই ইজমার প্রতি কখনো বিশ্বাসভাজন হওয়া যাবে না, কারণ এর ভিত দুর্বল। আর দুর্বল ভিত্তির উপর যা গড়ে উঠে সেটাও দুর্বল হয়।
তাইতো শায়খ আবদুর রহমান মুবারকপুরী (রহ.) দ্ব্যর্থহীনভাবে বলেন : ‘বিশ রাক‘আতের উপর ইজমা হয়েছে এবং সর্বত্র তা স্থায়ী হয়েছে এ দাবী চরম মিথ্যা ও বাতিল।’ এ কথাকে আরো শক্তিশালী করে এ কথা যে, যদি বিশ রাক‘আতের বর্ণনা সহীহ হতো তাহলে সাহাবীদের পরে তাঁদের বিপরীত করা কারো জন্য বৈধ হতো না। বরং তারাই তারাবীহর রাক‘আত কম ও বেশি নিয়ে মতভেদ করেছেন।
এজন্যই নবাব সিদ্দীক হাসান খান ভূপালী (রহ.) বলেন : ইজমা সংগঠিত হওয়া অতি সহজ হয়ে গেছে। এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে, যে ব্যক্তি জ্ঞানী সম্প্রদায়ের জ্ঞান থেকে কিছুই জানে না তবু বলে, যে বিষয়ে মাযহাবের অনুসারীগণ অথবা কোন নির্দিষ্ট ভূখণ্ডের লোকেরা একমত পোষণ করেছেন, সেটাই ইজমা। অথচ এটা এক মহাবিপদ ও বিনাশ সাধনকারী ধারণা।
আর চার মাযহাবের লোকেরা তাদের পরস্পরে যে বিষয়ে ঐকমত্য হয়েছে তাকে ইজমা হিসেবে গণ্য করে থাকে। এটা কোন ইজমা নয়। এর পক্ষে পেশকৃত দলীল আলিমগণ মেনে নেননি। কেননা, উত্তম যুগ হল প্রথম যুগ, এরপর তার পরবর্তী যারা আসবে (দ্বিতীয় যুগ), এরপর তার পরবর্তীতে যারা আসবে (তৃতীয় যুগে)। তারা হলো উত্তম মানুষ। আর হাদীসে বর্ণিত তিন শতাব্দির মানুষগুলো মাযহাব প্রকাশ পাওয়ার পূর্বে ছিলেন। তারা যদি কোন ইজমা করতেন তাহলে তা হয়ত গ্রহণযোগ্য বলে বিবেচিত হত। তাছাড়া ইমাম চতুষ্টয়ের যুগে অনেক সজাগ বড় বড় আলিম ছিলেন যারা ইজতিহাদ করতে সক্ষম ছিলেন যাঁদের সংখ্যা গণনা করা সম্ভব নয়। ইজতিহাদ করার সুযোগ এখনও বিদ্যমান। এ অবস্থা তাদের যুগের পর আজও বিদ্যমান আছে। এ বিষয়টি প্রত্যেক বিজ্ঞ লেখক মাত্রই জানেন। কিন্তু ন্যায় ভিত্তিক কথা হল, আল্লাহ যার জন্য হকের দরজা খুলে দিবেন তার জন্য তাতে প্রবেশ করাকে সহজ করে দিবেন।
আল্লামা শাওকানী (রহ.) বলেন : বিভিন্ন লেখকগণ তাদের লিখনীতে যে ইজমার বর্ণনা দেন তার কোন গ্রহণযোগ্যতা নেই। এটা দাবী করার কারণ হল, বর্ণনাকারী হয়তো জানেননি এ মাসআলায় মতভেদ হয়েছে। কিন্তু তার না জানার কারণে যে বিষয়টির ব্যাপারে মতভেদই হয়নি তা হতে পারে না। (শায়খ নাসিরুদ্দীন আলবানীর ‘সলাতুত তারাবীহ’ পুস্তিকা দ্রষ্টব্য)
শায়খ মুযাফ্ফর বিন মুহসিন তার ‘সলাতুত তারাবীহ আট রাক‘আত নাকি বিশ রাক‘আত : একটি বিশ্লেষণ’ পুস্তকে লিখেছেন : “‘উমার (রাযি.) এর যুগে ২০ রাক‘আত তারাবীহর উপর ইজমা হয়েছে মর্মে কথাটির সর্বপ্রথম আবিষ্কারক হলেন উমদাতুল কারী’ প্রণেতা আল্লামা বদরুদ্দীন আইনী অর্থাৎ ৮শ’ হিজরীর পর। কারণ হলো যখন বিষয়টি সুস্পষ্ট হয়ে যায় যে, রাসূলুল্লাহ ﷺ ও ‘উমার (রাযি.) ৮ রাক‘আত পড়ার নির্দেশ দিয়েছেন, তখন ২০ রাক‘আতের আমল বিলুপ্তি প্রায়। এমনি এক সন্ধিক্ষণে তিনি জাল বর্ণনা সমূহের নিরিখে সৃষ্টি করেন, পূর্বে যাই থাক ‘উমার (রাযি.) এর যুগের শেষ পর্যায়ে ২০ রাক‘আতের উপর ইজমা হয়েছে। অতঃপর তারই সুরে সুর মিলিয়েছেন মোল্লা আলী ক্বারী (মৃত্যু ১০১৪ হিজরী)। তার পর থেকে আজ পর্যন্ত সবাই একই কথায় মেতে উঠেছেন যেন আল্লাহর পক্ষ থেকে নতুন ভাবে ‘অহি’ করা হয়েছে। অথচ তা যে চরম ভ্রান্তিপূর্ণ তা কেউ লক্ষ্য করে না :
(ক) তিনি নিজেই তার উক্ত গ্রন্থে উল্লেখ করেছেন, ইমাম মালিক (৯৩- ১৭৯ হিজরী) মাদীনায় মাসজিদে নাববীতে ৩৬ রাক‘আত পড়তেন। (যদিও কথাটি সঠিক নয়)। তাহলে যে মাদীনাতে ইজমা ঘোষিত হলো সেখানে কিভাবে ৩৬ রাক‘আত চালু হল? এছাড়া তিনি ৪১, ৩৯, ৪৯, ২৮, ২৪ ও ১১ বিভিন্ন রাক‘আতের আমল ছিল বলে উল্লেখ করেছেন। তাহলে তিনি কি বিদ্রুমে পতিত হননি? তার কথায় প্রমাণিত হয়েছে যে, ‘উমার (রাযি.)-এর যুগে ইজমা হওয়ার কথা তো দূরে থাক ১৭৯ হিজরী পর্যন্তও বিশ রাক‘আতের উপর ইজমা হয়নি। তিনি নিজেই ঘরে বসে ইজমার কথা ঘোষণা করেছেন।
২। মুহাদ্দিসগণের তীক্ষ্ণ দৃষ্টিতে প্রমাণিত হয়েছে ২০ রাক‘আতের কোন সহীহ ভিত্তি নেই। তাই জাল ও দুর্বল সূত্রের উপর ভিত্তি করে যদি কোন বিষয়ে ইজমা হয় তাহলে সেটাও হবে জাল ও দুর্বল সূত্র ভিত্তিক।”
(দুই) কেউ কেউ লিখেছেন : ‘সাহাবীগণ, তাঁদের পরবর্তী তাবেঈগণ ও তাঁদের পরবর্তী তাবে তাবেঈগণ থেকে আজ পর্যন্ত সবাই মুতাওয়াতিরভাবে তারাবীহর সলাত বিশ রাক‘আত বলে স্বীকৃতি দিয়েছেন।’- মূলতঃ এ ধরনের কথা বাতিল বৈ কিছু নয়। কেননা, বিশ রাক‘আতের বর্ণনা কোন একজন সাহাবী থেকেও সহীহ সানাদে বর্ণিত হয়নি। বরং এটি ‘উমার (রাযি.) থেকে সহীহভাবে বর্ণিত এগার রাক‘আতের বিপরীত কথা।
(তিন) ‘পূর্বে আট রাক‘আতই আদায় করা হত কিন্তু পরে বিশ রাক‘আত আদায়ের নির্দেশ দেয়া হয়েছে’- এ ধরনের কথার কোন দলীলগত ভিত্তি নেই। বরং সহীহ দলীলের ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ ও
সাহাবীগণের যুগে ১১ রাক‘আতই চালু ছিল। তাই স্বচ্ছ ও সুস্পষ্ট দলীল-প্রমাণের বর্তমানে এরূপ ভিত্তিহীন উক্তির কোন মূল্য নেই।
(চার) ‘তারাবীহ ও তাহাজ্জুদ দু’টি পৃথক সলাত; রাতের প্রথমাংশে ২০ রাক‘আত তারাবীহ এবং শেষাংশে ১১ রাক‘আত তাহাজ্জুদ পড়া হত’- এটা একটা খোড়া যুক্তি। কোন হাদীস দ্বারা এটা জানা যায় না যে, রাসূলুল্লাহ ﷺ রামাযানে তারাবীহ ও তাহাজ্জুদ উভয়ই পড়েছেন। তেমনি কোন হাদীস দ্বারা একথাও প্রমাণিত হয় না যে, তারাবীহ ও তাহাজ্জুদ দুটো আলাদা আলাদা সলাত। তাই যারা ‘তারাবীহ ও তাহাজ্জুদ দু’টি পৃথক সলাত’ এরূপ যুক্তি পেশ করেছেন তারা মূলতঃ অজ্ঞতার পরিচয় দিয়েছেন। কারণ -
(ক) প্রশ্নকারী ‘আয়িশাহ (রাযি.)-কে রামাযানের রাতের সলাত কেমন ছিল তাই প্রশ্ন করেছিলেন। তার জবাবে ‘আয়িশাহ (রাযি.) ১১ রাক‘আতের কথাই বলেছেন।
(খ) অন্য হাদীছে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ ﷺ সাহারীর সময় পর্যন্ত তারাবীহ সলাত দীর্ঘ করতেন, ফলে সাহাবীগণ সাহারী খাওয়া ছুটে যাওয়ার আশংকা করতেন। যেমন, আবূ যার (রাযি.) বর্ণিত হাদীস। তিনি বলেন : ... وَالنَّاسُ فَقَامَ بِنَا ... حَتَّىٰ خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ . “নাবী ﷺ আমাদেরকে নিয়ে এত দীর্ঘক্ষণ ধরে সলাত আদায় করলেন যাতে আমরা সাহারী খাওয়া ছুটে যাওয়ার আশংকা করছিলাম”- (হাদীস সহীহ, আবূ দাউদ হা/১৩৭৫, তিরমিযী, অনুঃ কিরামে রামাযান, ইবনু মাজাহ হা/১৩২৭, অনুঃ কিরামে রামাযান)। অনুরূপ ‘উমার (রাযি.) যে ১১ রাক‘আত তারাবীহ পড়ার নির্দেশ দিয়েছিলেন ঐ হাদীসের শেষাংশে বলা হয়েছে : “ক্বিরাআত লম্বা হওয়ার কারণে (ক্লান্ত হয়ে) আমরা লাঠির উপর ভর দিতাম এবং ফজরের সলাতের সময় হওয়ার উপক্রম হলে সলাত শেষ করে চলে আসতাম”- (সহীহ ইবনু খুযাইমাহ, মুয়াত্তা মালিক)। তাহলে কি রাসূলুল্লাহ ﷺ তাহাজ্জুদ সলাত ফজর সলাতের পর পড়তেন? মূলতঃ অজ্ঞতার জন্যই দলীলের উপর যুক্তি প্রাধান্য পায়।
(গ) অন্য আরেকটি হাদীসে বর্ণিত হয়েছে :
عَنْ عَائِشَةَ، قَالَتْ : كَانَ رَسُولُ اللهِ ﷺ يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاةِ الْعِشَاءِ إِلَىٰ أَنْ يَنْصَدِعَ الْفَجْرُ إِحْدَىٰ عَشْرَةَ رَكْعَةً، يُسَلِّمُ مِنْ كُلِّ ثِنْتَيْنِ وَيُوتِرُ بِوَاحِدَةٍ،
‘আয়িশাহ (রাযি.) বলেন : “নাবী ﷺ এশার সলাত শেষ করার পর থেকে ফজর পর্যন্ত মাত্র ১১ রাক‘আত সলাত আদায় করতেন। প্রত্যেক দুই রাক‘আতে সালাম ফিরাতেন এবং এক রাক‘আত দ্বারা বিতর করতেন।” (আবূ দাউদ হা/১৩৩৬, সহীহুল বুখারী, সহীহ মুসলিম)
সেজন্যই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী হানাফী (রহ.) বলেন : ‘এটা একই সলাত; যখন রাতের প্রথমাংশে পড়া হবে তখন তাকে তারাবীহ বলা হবে আর যখন শেষাংশে পড়া হবে তখন তাকে তাহাজ্জুদ বলা হবে।’ [দেখুন- ‘সলাতুত তারাবীহ আট রাক‘আত নাকি বিশ রাক‘আত : একটি বিশ্লেষণ’, প্রাগুক্ত]
ঘ) ইমাম বুখারী ‘আয়িশাহ (রাযি.) বর্ণিত ১১ রাক‘আতের হাদীসটি যেমন তারাবীহ অধ্যায়ে এনেছেন, তেমনি রামাযানের কয়েক রাতে নাবী ﷺ-এর তারাবীহের জামা‘আত করা সম্পর্কিত হাদীস তাহাজ্জুদ অধ্যায়ে এনেছেন। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, এ দু’টি একই সলাত।
(পাঁচ) ‘এগার রাক‘আত তারাবীহ পন্থীরা এই উম্মাতের মধ্যে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ রাক‘আত তারাবীহ পড়ে আসছে যাদের মধ্যে নাবী ﷺ-এর সাহাবীগণও আছেন তাদেরকে দোষারোপ করেছেন।’- এটা বাতিল কথা। মূলত এ ধরনের কথা তারা বলেছেন আমাদের বিরুদ্ধে তাদের অতিরিক্ত মিথ্যাচারের বশবর্তী হয়ে। আমরা ‘উমার (রাযি.)-এর বিরোধীতা না করে বরং ‘উমার (রাযি.) থেকে সহীহ বর্ণনার সাথে ঐকমত্য করা সত্ত্বেও তারা আমাদেরকে দোষারোপ করেছেন।
শায়খ আলবানী (রহ.) তাঁর ‘সলাতুত তারাবীহ’ পুস্তিকায় ‘সংশয় ও মিথ্যারোপ দূরীকরণ’ অনুচ্ছেদে বলেন : “আমরা যখন সুন্নাতে বর্ণিত সংখ্যা (১১ রাক‘আত)-কে প্রাধান্য দিতে চাইব তখন ঐ লোকেরা আমাদের উপর যে দোষারোপ করেছে তাদের কিছুই আমাদের প্রভাবিত করতে পারবে না। যারা বৃদ্ধিকে (১১ এর বেশিকে) গ্রহণ করেছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য হলো : আমরা বিশ্বাস করি যে, তারা সুন্নাতকে গ্রহণ করেননি আবার প্রবৃত্তির অনুসরণ করে অপর কোন কথাকেও গ্রহণ করেননি।
আর এমন কোন মুসলিম থাকতে পারে কি যে দ্বীনের মধ্যে সাহাবীগণ বিদ‘আত সৃষ্টি করেছেন এরূপ অপবাদ দেবে? অথচ তাদেরকে বিদ‘আত থেকে দূরে রাখা হয়েছে। বরং তারা তো প্রতিটি অবস্থায় নেকী প্রাপ্ত হবেন। যা আমি বহুবার
বর্ণনা করেছি। তারা দ্বীনে কিভাবে বিদ‘আত সৃষ্টি করতে পারেন, অথচ কুরআন ও সুন্নাহ যা প্রমাণ করে ও বুঝায় সেই দিকে আমাদের পথ প্রদর্শনে তাদের বিরাট অবদান রয়েছে। তাদের (সাহাবী ও তাবেঈ) উভয়ের কুরআন ও সুন্নাহকে এই দুইয়ের পরিপন্থী সকল কথার উপর অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে রয়েছে বিশেষ অবদান। এক্ষেত্রে ইমাম শাফেয়ী (রহ.) বলেন : ‘যার নিকট রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাত সুস্পষ্ট হয়ে যাবে তার জন্য কারো কথাকে গ্রহণ করে সুন্নাত বর্জন করা বৈধ হবে না।
তেমনিভাবে কেউ কেউ ভুল ধারণা করেন যে, কোন কোন ইমামের বিরোধীতা করার অর্থ হলো, বিরোধী লোক নিজেকে তাদের উপর ইলমের ও ফিকহের দিক দিয়ে মর্যাদাবান মনে করছে। এটা কখনো হতে পারে না। বরং এটি বাতিল ধারণা। আমরা এ কথা অবশ্যই স্বীকার করি যে, চার ইমাম তাদের ছাত্রদের চেয়ে অধিক জ্ঞানী ছিলেন। তারা যাদের ছাত্র ছিলেন তাদের চাইতেও। এ সত্ত্বেও তাদের ছাত্ররা তাদের বহু রায়ের বিরোধীতা করেছেন। যতদিন পর্যন্ত মুসলিমদের মাঝে ন্যায়পন্থী আলিমগণ থাকবেন ততদিন পূর্ববর্তী আলিমের বিরোধীতা করবে পরবর্তী আলিম। এ সত্ত্বেও ইমামদের মতের বিরোধীতাকারী মুহাক্কিক আলিমগণ নিজেদেরকে তাদের উপর মর্যাদাশীল দাবী করেননি। কিভাবে একক একটি ইখতিলাফের জন্য নিজেকে তারা মর্যাদাবান মনে করতে পারেন ঐ ইমামদের উপর যারা এদের মত নন।
বাস্তবে ইমামগণের ব্যাপারে আমাদের অবস্থান তেমন, যেমন আসিম বিন ইউসুফ (যিনি ইমাম মুহাম্মাদের ছাত্র ও ইমাম আবূ ইউসুফের সাথে সর্বদা লেগে থাকা অন্যতম একজন) থেকে বর্ণিত হয়েছে। তাকে বলা হয়েছিল : “আপনি আবূ হানিফার বেশি বিরোধীতা করেন? তিনি তখন বলেছেন, নিশ্চয়ই আবূ হানিফাকে যা (ইলম ও ফিকাহ) দেয়া হয়েছে আমাদের সে বুঝ দেয়া হয়নি। তিনি তাঁর এমন বুঝ পেয়েছেন যা আমরা পাইনি। তবে তার কথা দিয়ে ফতোয়া দেয়ার অধিকার আমাদের নেই যতক্ষণ না আমরা বুঝবো তিনি কোথা থেকে কথাটি বলেছেন।”
এ কথা স্বীকার করে আমি (আলবানী) বলছি : সম্মান ও ইলম শুধু চার ইমামের মধ্যে সীমাবদ্ধ করা থেকে আল্লাহর রহমতের হাত প্রশস্ত। নিশ্চয়ই আল্লাহ তাঁদের পরে তাঁদের চেয়ে অধিক জ্ঞানের অধিকারী লোক সৃষ্টি করতে সক্ষম। এ কথা উল্লেখযোগ্য যে, কোন কোন সময় নিম্নশ্রেণীর লোকের মাঝেও এমন গুণ পাওয়া যায় যা উচ্চ মর্যাদার লোকের মাঝে পাওয়া যায় না। মুসলিম আলিমগণের নিকট এ কথাটি তো অতি প্রসিদ্ধ। আর নাবী ﷺ বলেছেন : “আমার উম্মাত বৃষ্টির ন্যায়। জানা যায় না তার প্রথমে কল্যাণ নিহিত আছে নাকি শেষে”- (তিরমিযী ও অন্যান্য; ইমাম তিরমিযী একে হাসান বলেছেন। হাদীসটি একাধিক সানাদে বর্ণিত হয়েছে)।”
সুতরাং যারা বিশ রাক‘আত পড়েন আমরা তাদেরকে বিদ‘আতীও বলি না এবং গোমরাহীও বলি না। বরং সহীহ সুন্নাতে যা সাব্যস্ত হয়েছে আমরা আমাদের মুসলিম ভাই-বোনদেরকে সেদিকে আহ্বান ও উৎসাহিত করে থাকি।
(ছয়) কেউ কেউ বলেছেন, দীর্ঘ ক্বিয়ামের বদলী হিসাবেই (‘উমারের যুগে) তারাবীহের রাক‘আত দ্বিগুণ করা হয়েছিল। (এরূপ কথা উদ্ধৃত আছে ইবনু তাইমিয়ার ফাতাওয়া, ফাতহুল বারী ও ইমাম সুয়ূতীর আল-হাবি লিল ফাতাওয়া গ্রন্থে)।
শায়খ আলবানী (রহ.) তাঁর ‘সলাতুত তারাবীহ’ পুস্তিকায় বলেন : ‘উমার (রাযি.) যদি ক্বিয়ামের কিরাআত হালকা করার জন্য এ দ্বিগুণ করে থাকেন তাহলে তার এমন কিছু ইঙ্গু থাকা দরকার ছিল যা তাকে এ যুগে সমর্থন করবে। কেননা, সলাত হালকা করা সত্ত্বেও সাহাবায়ি কিরাম ও তাবেঈগণ ‘উমারের যুগে ফজর না হওয়া পর্যন্ত তারাবীহ সলাত শেষ করতেন না। ধারণাকৃত এই হালকা করা সত্ত্বেও তাদের ইমাম একই রাক‘আতে বিশ থেকে ত্রিশ আয়াত পড়তেন। (যা সহীহ সানাদে ইবনু আবূ শায়বাহ্ ও ফিরয়াবী বর্ণনা করেছেন)।
এর সাথে আরেকটি কথা যোগ করা যায়, তাহলো তারা সলাতের রুকনসমূহ অর্থাৎ ক্বিয়াম, রুকূ‘, সাজদাহ এবং এর মাঝে এতো দীর্ঘ সময় অপেক্ষা করতেন যাতে একটি প্রায় অপরটির সমান হতো। আর রুকূ‘ ও সাজদায় তারা বেশি বেশি তাসবীহ, তাহমীদ, দু‘আ ও যিকির করতেন। যা রুকূ‘ ও সাজদায় করাটা সুন্নাত।
কিন্তু আজকে এখানে দীর্ঘ ক্বিয়ামের কিছুই বাকী নেই। কিরাআত হালকা করা হয়েছে। আর এর পরিবর্তে কি এই তারাবীহ, এই রাক‘আত বৃদ্ধি করা যাবে? নিশ্চয় অধিকাংশ মাসজিদের ইমামগণ তারাবীহর সলাতে কিরাআত অজ্ঞাতে হালকা করে থাকেন (কম পড়েন) যা প্রত্যক্ষ ও চাক্ষুষ্মান বিষয়। যদি তাদেরকে কিরাআত কম করতে বলা হয়, তাহলে তারা এমন এক পর্যায়ে কিরাআত পড়বে যে ফাতিহার পর কোন কিছু পড়াই ছেড়ে দিবে। অথবা খুবই সংক্ষিপ্ত করবে। আমার কাছে সংবাদ এসেছে যে, কেউ কেউ এরূপ করেছে এবং তারাবীহ সলাতে তারা এই সূরাহ ফাতিহা এমন দ্রুত পাঠ করে থাকে যে, সূরাহ ফাতিহার সৌন্দর্য ও শ্রুতিমধুরতা বিনষ্ট হয়ে যায়। তাদের মধ্যে এমনও আছে যারা একদমে সূরাহ ফাতিহা পড়া শেষ করে ফেলে যা কিনা সুন্নাতের পরিপন্থী। হাদীসে এসেছে : “নাবী ﷺ সূরাহ ফাতিহা এক আয়াত এক আয়াত করে থেমে থেমে পড়তেন।” একদমে পড়ার ফাযীলাতের বর্ণনা মিথ্যা ও বানোয়াট।
আর যদিও কোন কোন মাসজিদের ইমাম কিরাআত দীর্ঘ করে থাকেন কিন্তু সলাতের রুকনগুলো ও কিরাআতের মাঝে বরাবর করেন না। অথচ এগুলো বরাবর করা সহীহ সুন্নাত দ্বারা প্রমাণিত।
সুতরাং কর্তব্য হচ্ছে, সহীহ সুন্নাতে যা বর্ণিত হয়েছে সেদিকে ফেরা এবং সেটিকে আঁকড়ে ধরা এবং তারাবীহের রাক‘আত বৃদ্ধি না করা। পাশাপাশি নাবী ﷺ ও সালফে সালেহীনদের অনুসরণ করার জন্য মানুষকে সামর্থ্য অনুযায়ী কিরাআত, রুকন, দু‘আ ও দরূদ প্রভৃতি দীর্ঘ করার জন্য উদ্বুদ্ধ করা।”
(সাত) বুখারী ও মুসলিমে আয়িশাহ (রাযি.) বর্ণিত ১১ রাক‘আতের হাদীসটি মুযতারিব! কেননা, ‘আয়িশাহ থেকে আরেক বর্ণনায় ১৩ রাক‘আতের কথা রয়েছে।’- এরূপ উক্তি ভিত্তিহীন। আর এর জবাব তো হাদীসেই সুস্পষ্টভাবে বলে দেয়া আছে। তা হল : তের রাক‘আতের মধ্যে দুই রাক‘আত হলো ফজরের দুই রাক‘আত সুন্নাত, অথবা ‘ইশার দুই রাক‘আত সুন্নাত বা নাবী (সাঃ) সংক্ষিপ্ত যে দুই রাক‘আত দিয়ে রাতের সলাত শুরু করতেন সেই দুই রাক‘আত। এগুলো সহীহুল বুখারী, সহীহ মুসলিম, নাসায়ী, মুয়াত্তা মালিক প্রভৃতি গ্রন্থে বর্ণিত হয়েছে। যেমন-
(ক) ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী ﷺ রাতের বেলা তের রাক‘আত সলাত আদায় করতেন, বিতর এবং ফজরের দুই রাক‘আত (সুন্নাত) সলাতও এর অন্তর্ভুক্ত। (সহীহুল বুখারী হা/১১৪০, সহীহ মুসলিম হা/৭৩৭, আবূ দাউদ হা/১৩৩৭, ১৩৩৯)
(খ) ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এগার রাক‘আত সলাত আদায় করতেন। এটাই ছিল তাঁর রাতের সলাত। তিনি ফজরের সলাতের পূর্বে আরো দুই রাক‘আত সলাত আদায় করতেন। (সহীহুল বুখারী হা/৯৯৪)
ফাতহুল বারীতে রয়েছে : ‘যেসব বর্ণনায় ১৩ রাক‘আতের বিস্তারিত বর্ণনা আসেনি, সেসব বর্ণনায় ফজরের ২ রাক‘আত অথবা ‘ইশার ২ রাক‘আত সুন্নাত উদ্দেশ্য।’
(গ) কোন কোন বর্ণনায় এসেছে : “রাসূলুল্লাহ ﷺ রাতের সলাত উদ্বোধন করতেন সংক্ষিপ্তভাবে দুই রাক‘আত সলাত আদায়ের মাধ্যমে।” যেমন, এ মর্মে সহীহ মুসলিমে ‘আয়িশাহ (রাযি.) থেকে হাদীস বর্ণিত হয়েছে।
(ঘ) খালিদ বিন জুহানী (রাযি.) বলেন : আমি রাসূলুল্লাহ ﷺ-এর রাতের সলাত দেখেছি। তিনি সংক্ষিপ্তভাবে দুই রাক‘আত সলাত আদায় করলেন। অতঃপর দুই রাক‘আত পড়লেন লম্বা করে লম্বা করে। এরপর দুই রাক‘আত পড়লেন এবং এ দুই রাক‘আত পূর্বের দুই রাক‘আতের চেয়ে হালকা। এরপর দুই রাক‘আত পড়লেন পূর্বের দুই রাক‘আতের চেয়ে হালকা করে। এরপর দুই রাক‘আত পড়লেন পূর্বের দুই রাক‘আতের চেয়ে হালকা করে। এরপর দুই রাক‘আত পড়লেন পূর্বের দুই রাক‘আতের চেয়ে হালকা করে। অতঃপর বিতর পড়লেন। এই হলো তের রাক‘আত। (মালিক, তার থেকে মুসলিম, আবূ আওয়ানা, আবূ দাউদ ও ইবনু নাসর)
শায়খ আলবানী তাঁর ‘সলাতুত তারাবীহ’ পুস্তিকায় বলেন : তবে এই সংক্ষিপ্ত দুই রাক‘আত সলাতকে ‘ইশার সুন্নাত হিসেবে গণ্য করা যায়। যেমন-জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) হতে বর্ণিত হাদীস। তিনি বলেন : “আমরা রাসূলুল্লাহ ﷺ-এর সাথে হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তন করলাম। যখন আমরা সাকাতে ছিলাম (সাকা হল মাক্কা ও মাদীনার মধ্যবর্তী একটি গ্রাম) তখন রাসূলুল্লাহ ﷺ সলাতে দাঁড়ালেন এবং জাবির তাঁর পাশে দাঁড়ালেন। তিনি ‘ইশার সলাত আদায় করলেন। এরপর তের রাক‘আত সলাত আদায় করলেন। (ইবনু নাসর, হাদীসের বর্ণনাকারীরা নির্ভরযোগ্য, তবে শুরাহবিল বিন সা‘দ ব্যতীত। তার মাঝে দুর্বলতা আছে)। এ হাদীসটি প্রমাণ করে, ইশার সুন্নাত তের রাক‘আতের অন্তর্ভুক্ত।
মন্তব্য : এ পর্যন্ত বিশ্লেষণের মাধ্যমে যা কিছু অধিক ইনসাফপূর্ণ মনে হয়েছে তাই তুলে ধরার চেষ্টা করেছি। এতে যদি সঠিক ও সত্য উপস্থাপন করে থাকি তাহলে সম্মান ও মর্যাদা একমাত্র আল্লাহ রব্বুল আলামীনের জন্য। আর যদি ভুল করে থাকি, তবে প্রত্যেক বিবেচক ব্যক্তি যারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন- তা অবহিত করবেন বলে আশা রাখি।
মুসলিমদের উচিত, নফল ও অমৌলিক বিষয়াদি নিয়ে পারস্পরিক বিবাদ থেকে দূরে থাকা। বিশেষ করে এসব ব্যাপারে কঠোর ও অশোভন ভাষা প্রয়োগ না করা যেথারা মুসলিমদের সুন্দর ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বিনষ্ট হয়। কেননা, শয়তান এরূপ আচরণের দ্বারা মুসলিম ঐক্য ও শক্তি বিনষ্টে সদা তৎপর। সুতরাং কর্তব্য হচ্ছে, মতভেদপূর্ণ বিষয়াদি (চাই তা দ্বীনের ক্ষুদ্র বিষয় হোক না কেন) সুন্দর গবেষণার মাধ্যমে সাবলিল ভাষায় উপস্থাপনের চেষ্টা করা এবং একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখা। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন- আমীন!