সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫১৪
৮. সলাত
صحيح البخاري
৮/১০৫ পরিচ্ছেদঃ
যিনি বলেন, কোন কিছুই সলাতকে নষ্ট করে না
بَابُ مَنْ قَالَ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ
৫১৪
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ. قَالَ الْأَعْمَشُ: وَحَدَّثَنِي مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ «ذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلَاةَ، الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ، فَقَالَتْ: شَبَّهْتُمُونَا بِالْحُمُرِ وَالْكِلَابِ، وَاللهِ لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ ﷺ يُصَلِّي، وَإِنِّي عَلَى السَّرِيرِ، بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ مُضْطَجِعَةً، فَتَبْدُو لِي الْحَاجَةُ، فَأَكْرَهُ أَنْ أَجْلِسَ، فَأُوذِيَ النَّبِيَّ ﷺ، فَأَنْسَلُّ مِنْ عِنْدِ رِجْلَيْهِ».
‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
একদা তাঁর সামনে সলাত নষ্টকারী কুকুর, গাধা ও নারী সম্পর্কে আলোচনা হচ্ছিল। ‘আয়িশাহ (রাযি.) বললেন : তোমরা আমাদেরকে গাধা ও কুকুরের সাথে তুলনা করছ? আল্লাহর শপথ! আমি নাবী ﷺ-কে সলাত আদায় করতে দেখেছি। তখন আমি চৌকির উপরে তাঁর ও ক্বিবলাহর মাঝখানে শুয়ে ছিলাম। কখনো আমার (বের হওয়ার) প্রয়োজন হলে আমি তার সামনে বসে থাকা খারাপ মনে করতাম, (এই ভেবে যে) তাতে নাবী ﷺ-এর কষ্ট হতে পারে। তাই আমি তাঁর পায়ের পাশ দিয়ে চুপিসারে বেরিয়ে পড়তাম।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : নাবী ﷺ-এর সলাতের সময় তাঁর সামনে আয়িশাহ্ (রাযি.)-এর শুয়ে থাকা এবং প্রয়োজনে সেখান থেকে সরে পড়া- কোন মুসল্লীর সামনে দিয়ে অতিক্রমের চাইতে বেশি কিছু। তা সত্ত্বেও নাবী ﷺ একে সলাত বিনষ্টকারী মনে করেননি। কাজেই এটি যেহেতু সলাত কর্তনকারী হিসেবে গণ্য হয়নি তাহলে অতিক্রম করা সলাত কর্তনের কারণ না হওয়াই স্বাভাবিক। এদিক থেকে শিরোনামের সাথে সম্পর্ক সুস্পষ্ট। তবে অন্য হাদীসের ভাষ্য মতে, অতিক্রমকারীকে শয়তান আখ্যায়িত করে তাকে বাঁধা দিতে বলা হয়েছে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৮২-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৪৮৪, ইফাবা. ৪৯০, তাওহীদ পাব. ৫১৪)