hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৩৫

১১. জুমু‘আহ

صحيح البخاري

২/৩৭ পরিচ্ছেদঃ

অজ্ঞাতসারে মু’মিনের ‘আমল নষ্ট হওয়ার আশংকা

بَابُ خَوْفِ الْمُؤْمِنِ مِنْ أَنْ يَحْبَطَ عَمَلُهُ وَهُوَ لَا يَشْعُرُ

وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ مَا عَرَضْتُ قَوْلِي عَلَىٰ عَمَلِي إِلَّا خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذِّبًا وَقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ أَدْرَكْتُ ثَلَاثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَىٰ نَفْسِهِ مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ إِنَّهُ عَلَىٰ إِيمَانِ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَيُذْكَرُ عَنِ الْحَسَنِ مَا خَافَهُ إِلَّا مُؤْمِنٌ وَلَا أَمِنَهُ إِلَّا مُنَافِقٌ وَمَا يُحْذَرُ مِنَ الْإِصْرَارِ عَلَى النِّفَاقِ وَالْعِصْيَانِ مِنْ غَيْرِ تَوْبَةٍ لِقَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ﴾

ইবরাহীম তায়মীয়্য (রহ.) বলেন : আমার ‘আমলের সাথে যখন আমার কথা তুলনা করি, তখন আশংকা হয়, আমি না মিথ্যাবাদী হই। ইবনু আবূ মুলায়কাহ (রহ.) বলেন, আমি নাবী ﷺ-এর এমন ত্রিশজন সাহাবীকে পেয়েছি, যাঁরা প্রত্যেকেই নিজেদের ব্যাপারে মুনাফিকীর ভয় করতেন। তাঁরা কেউ এ কথা বলতেন না যে, তিনি জিবরীল (‘আ.) ও মীকাঈল (আ)-এর তুল্য ঈমানের অধিকারী। হাসান বাসরী (রহ.) হতে বর্ণিত, মু’মিন ব্যক্তিই মুনাফিকীর ভয় করে থাকে আর মুনাফিক ব্যক্তিই তা থেকে নিশ্চিত থাকে। তাওবাহ না করে পরস্পর লড়াই করা ও গুনাহে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা। কারণ আল্লাহ তা‘আলা বলেন : “এবং তারা (পূর্বে) যা করেছে, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না।” (সূরাহ আলু ‘ইমরান ৩/১৩৫)

৯৩৫
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ : «أَنَّ رَسُولَ اللهِ ﷺ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ: فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللهَ تَعَالَى شَيْئًا، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ. وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا».
আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ ﷺ জুমু‘আর দিন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন : এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, কোন মুসলিম বান্দা যদি তখন সলাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, তবে তিনি তাকে অবশ্যই তা দান করেন। আর তিনি হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিলেন যে, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের ... فِيهِ سَاعَةٌ -এ বাক্যে।

জুমু‘আর দিনে দু‘আ কবূলের এক পরম মুহূর্ত প্রসঙ্গে : এই বিশেষ সময়টির ব্যাপারে বিশুদ্ধ সূত্রে আরো অনেকগুলো হাদীস বর্ণিত হয়েছে। কিন্তু সেই বিশেষ সময়টি কোন সময়? তা সুস্পষ্টভাবে নির্ণয় করা কঠিন। কারণ বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলেছেন : এই বিশেষ সময়টি নির্দিষ্ট নয়। বরং একেক সপ্তাহে একেক সময়ে সেই বিশেষ মুহূর্তটি আসে। আর যারা নির্দিষ্ট সময়ের কথা বর্ণনা করেছেন, তাদের বর্ণনা নিম্নরূপ :

১। ইবনুল মুনজির (রহ.) আবূ হুরাইরাহ (রাযি.) হতে বর্ণনা করেন : সেই বিশেষ সময়টি হলো, ফাজরের ওয়াক্ত শুরু হওয়া থেকে সূর্যোদয় পর্যন্ত এবং ‘আসরের সলাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত।

২। ইবনুল মুনজির (রহ.) হাসান বাসরী ও আবুল ‘আলিয়া (রহ.) হতে বর্ণনা করেন : ঐ মুহূর্তটি সূর্য হেলার সময়।

৩। ইবনুল মুনজির (রহ.) ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণনা করেন : ঐ মুহূর্তটি মুআয্‌যিন কর্তৃক জুমু‘আর আযান দেয়ার সময়।

৪। ইবনুল মুনজির (রহ.) হাসান বাসরী (রহ.) হতে বর্ণনা করেন : সে সময়টি হলো, ইমাম যখন খুতবাহ প্রদানের সময় মিম্বারে বসেন, তখন থেকে খুতবাহ শেষ করা পর্যন্ত।

৫। আবূ দারদা (রাযি.) বলেছেন : সে সময়টি হলো, জুমু‘আর সলাতের সময়।

৬। আবূ সাওয়ার আদাভী (রহ.) বলেন : পূর্ববর্তী লোকেরা মনে করতেন, সে সময়টি হলো, সূর্য হেলার পর থেকে সলাতের সময় পর্যন্ত।

৭। আবূ যার (রাযি.) বলেছেন : সে সময়টি হলো, সূর্যোদয় থেকে সূর্য গজ খানেক উপরে উঠা পর্যন্ত।

৮। আবূ হুরাইরাহ (রাযি.) ‘আত্বা, ‘আবদুল্লাহ বিন সালাম এবং তাউস (রহ.) বলেছেন : সে সময়টি হলো, ‘আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত।

৯। অধিকাংশ সাহাবী, তাবেঈ এবং ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহ.)-এর মতে : ঐ মুহূর্তটি হলো, ‘আসরের পরে দিনের শেষ সময়টি।

১০। ইমাম নাববী (রহ.) প্রমুখ বলেছেন : সে সময়টি হলো, ইমাম মাসজিদের উদ্দেশে বের হওয়া থেকে নিয়ে সলাত শেষ করা পর্যন্ত।

১১। আল-মুগনী প্রণেতা বলেছেন : সেই সময়টি হলো, দিনের তৃতীয় ভাগ।

হাফিয ইবনুল ক্বাইয়্যিম আল-জাওযী (রহ.) বলেন : এই এগারটি মতের মধ্যে কেবল দু’টি মতই প্রাধান্য পেতে পারে। ঐ দু’টি মতের পক্ষেই আমরা সহীহ ও প্রমাণিত হাদীস পাই। সে দু’টি মত হলো :

১। ইমাম মিম্বারে বসার পর থেকে সলাত শেষ করা পর্যন্ত। এই মতের দলীল হলো, আবূ বুরদার হাদীস। আবূ মূসা (রাযি.)-এর পুত্র আবূ দারদা (রাযি.) বলেন, আমি আমার পিতার কাছ থেকে শুনেছি, তিনি জুমু‘আর দিনের দু‘আ কবূলের সেই বিশেষ সময়টি সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছেন : সেই সময়টি হলো, ইমাম মিম্বারে বসা থেকে নিয়ে সলাত শেষ করা পর্যন্ত। (সহীহ মুসলিম)

এ প্রসঙ্গে আরেকটি সহীহ হাদীস হলো ‘আমর ইবনু আউফ আল-মুযানীর হাদীস। তিনি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছেন : জুমু‘আর দিনে এমন একটি সময় রয়েছে, যখন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ অবশ্য তাকে তা দান করেন। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! সেই মুহূর্তটি কখন? তিনি বললেন : (জুমু‘আর) সলাত ক্বায়িম হবার সূচনা থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত। (ইবনু মাজাহ, তিরমিযী)

২। দ্বিতীয় বিশুদ্ধ মত অনুযায়ী সেই সময়টি হলো, ‘আসরের সলাত আদায়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই মতের পক্ষে বিশুদ্ধ হাদীস রয়েছে। আবূ সাঈদ আল-খুদরী (রাযি.) ও আবূ হুরাইরাহ (রাযি.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন : দু‘আ কবূলের সেই বিশেষ সময়টি হলো, ‘আসরের পরে। (মুসনাদে আহমাদ)

জাবির (রাযি.) হতে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তাতে রাসূলুল্লাহ ﷺ বলেছেন : “আসরের পরে দিনের শেষ প্রান্তে সে সময়টি তালাশ করো।” (আবূ দাউদ, নাসায়ী)

ইবনু মাজাহতে ‘আবদুল্লাহ বিন সালাম থেকেও অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। [ইবনুল ক্বাইয়্যিম আল-জাওযীর ‘যাদুল মা‘আদ’- মুফতী মুবারক সালমান অনূদিত, পৃ. ১৬৮-১৬৯]
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫২৯৪, ৬৪০০; সহীহ মুসলিম ৭/৪, হা/৮৫২, আহমাদ হা/১০৩০৬, হুমাইদী হা/৯৮৬, দারিমী হা/১৫৭৭, ইবনু খুযাইমাহ হা/১৭৩৫, ১৭১৭, নাসায়ীর ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ হা/৪৭২, ৪৭৩, ইবনু মাজাহ হা/১১৩৭, নাসায়ীর সুনানুল কুবরা হা/১৬৭৬। (আ.প্র. ৮৮২, ইফাবা. ৮৮৮, তাওহীদ পাব. ৯৩৫)