hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৯০

১৪. বিতর

صحيح البخاري

১/১ পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল

بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ

وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾

এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)

৯৯০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ وَعَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ : «أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ ﷺ عَنْ صَلَاةِ اللَّيْلِ، فَقَالَ رَسُولُ اللهِ ﵇: صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى».
ইবনু ‘উমার (রাযি.) থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে রাতের সলাত সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ ﷺ বললেন : রাতের সলাত দুই দুই (রাক‘আত) করে। আর তোমাদের কেউ যদি ফাজর হবার আশঙ্কা করে, তবে সে যেন এক রাক‘আত আদায় করে নেয়, এটি তার আদায়কৃত (রাতের নাফল) সলাতকে বিতর (বিজোড়) করে দিবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّىٰ -এ বাক্যে।

ফায়িদাহ (উপকারিতা) : বিতর সলাত প্রসঙ্গে

(এক). বিতর সলাতের ফাযীলাত

(১) রাসূলুল্লাহ ﷺ বলেছেন : নিশ্চয় আল্লাহ একটি সলাত দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন। এটা তোমাদের জন্য অনেক লাল উটের চেয়েও উত্তম, তা হলো বিতরের সলাত। তোমাদের জন্য এটা ‘ইশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য নির্ধারণ করেছেন। (আবূ দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব। শায়খ আলবানী বলেন : হাদীসটি হাসান। অবশ্য সহীহ তিরমিযীতে আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। তবে ‘অনেক লাল উটের চেয়ে উত্তম’ কথাটি বাদে। সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ হা/১০৮)

(২) রাসূলুল্লাহ ﷺ বলেছেন : আল্লাহ বিতর (বিজোর), তিনি বিতরকে ভালবাসেন। হে কুরআনের বাহকগণ (মুমিনগণ)! তোমরা বিতর পড়ো। (নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহ, ইবনু খুযায়মাহ। আলবানী একে সহীহ বলেছেন)

(৩) রাসূলুল্লাহ ﷺ বলেছেন : তোমাদের মধ্যে যে ব্যক্তি শেষ রাতে উঠতে পারবে না বলে আশংকা করে, সে যেন রাতের প্রথম দিকেই বিতর সলাত আদায় করে নেয়। তোমাদের মধ্যে যে ব্যক্তি শেষ রাতে (সলাতে) দাঁড়ানোর আগ্রহ পোষণ করে, সে যেন শেষ রাতেই বিতর আদায় করে। কেননা শেষ রাতে (কুরআন পাঠ করায়) ফিরিশতাগণ উপস্থিত হন। আর এটাই উত্তম। (সহীহ মুসলিম, ইবনু মাজাহ, সহীহ তিরমিযী হা/৪৫৫)

(দুই). এক নজরে বিতর সলাতের পদ্ধতি

(১) বিতর সলাত ১, ৩, ৫, ৭, ৯ রাক‘আত আদায় করা যায়। এর সবগুলোর সমর্থনেই হাদীস বর্ণিত আছে। তবে চার খলীফা সহ অধিকাংশ সাহাবায়ি কিরাম, তাবেঈন ও মুজতাহিদ ইমামগণ এক রাক‘আত বিতরে অভ্যস্ত ছিলেন। হাদীসে এসেছে, নাবী ﷺ বলেন : বিতর রাতের শেষভাগে মাত্র এক রাক‘আত- (সহীহ মুসলিম)। ‘আয়িশাহ (রাযি.) বলেন : রাসূলুল্লাহ ﷺ এক রাক‘আত দ্বারা বিতর করতেন। (ইবনু মাজাহ, মিশকাত হা/১২৫৫)

(২) ১ রাক‘আত থেকে ৫ রাক‘আত পর্যন্ত এক বৈঠকে সালাম সহ বিতর সলাত আদায় করবে। আর ৭ রাক‘আত বিতর পড়লে তাতে ছয় রাক‘আতে প্রথম বৈঠক করবে, তারপর ৭ম রাক‘আতে শেষ বৈঠক করে সালাম ফিরাবে। আর ৯ রাক‘আত বিতর সলাত আদায় করলে তাতে আট রাক‘আতে প্রথম বৈঠক করবে এবং ৯ম রাক‘আতে শেষ বৈঠক করে সালাম ফিরাবে- (সহীহুল বুখারী, সহীহ মুসলিম, বায়হাক্বী, হাকিম, মিরআত। উল্লেখ্য, ৩ রাক‘আত বিতর সলাতে মাগরিবের ন্যায় দ্বিতীয় রাক‘আতে প্রথম বৈঠক এবং তৃতীয় রাক‘আতে শেষ বৈঠক করার নিয়ম সঠিক নয়)

(৩) বিতর সলাত ‘ইশা, তারাবীহ ও তাহাজ্জুদ ইত্যাদি রাতের সলাতের শেষে আদায় করা সুন্নাত। বিতর সলাত রাতের প্রথম, মধ্য এবং শেষ ভাগ- যেকোন সময়ে আদায় করা যায়। (মিরআত, নায়লুল আওত্বার, সহীহুল বুখারী ও মুসলিম)

(৪) কেউ বিতর সলাত আদায় করতে ভুলে গেলে কিংবা না আদায় করেই ঘুমিয়ে পড়লে স্মরণ হলেই বা ঘুম থেকে জাগার পরই তা আদায় করবে। (আবূ দাউদ, মিরআত)

(৫) বিতর সলাতের দুআ কুনূত সারা বছরই পড়া যায়। তবে বিতর সলাতের জন্য যেহেতু কুনূত শর্ত নয় তাই মাঝে মধ্যে কুনূত পাঠ না করাও উত্তম। (আবূ দাউদ, নাসায়ী, মিশকাত)

(৬) বিতরের কুনূত রুকূ‘র আগে এবং রুকূ‘র পরে দুই ভাবেই পড়া জায়িয আছে। (সহীহুল বুখারী, সহীহ মুসলিম)

(৭) বিতরের কুনূতের সময় হাত উঠিয়ে দুআ করবে। ইমাম আবূ ইউসুফ (রহ.) বলেন : বিতরের কুনূত পাঠ কালে দুই হাতের তালু আসমানের দিকে বুক বরাবর উঁচু থাকবে। ইমাম ত্বাহাবী ও ইমাম কারখীও এটাকে পছন্দ করেছেন। ইমাম আহমাদের মতও তাই। সাহাবী ‘উমার, ইবনু মাসউদ, আবূ হুরাইরাহ, আনাস (রাযি.) প্রমুখ সাহাবায়ি কিরাম হতে এর প্রমাণ রয়েছে। (মিরআত)

(৮) রমাযান মাসে বিতরের কুনূতে দুআ লম্বা করা যাবে। সালফে সালেহীনদের অনেকে এরূপ করতেন। তবে খেয়াল রাখতে হবে যে, দুআ যেন এতো বেশি দীর্ঘ না হয় যাতে মুসল্লীদের বিরক্তির কারণ ঘটে।

(৯) বিতর সলাতের কুনূত : “আল্লাহুম্মাহদিনী ফী মান হাদায়তা, ওয়া ‘আফিনী ফী মান ‘আফায়তা, ওয়াতাওয়াল্লানী ফী মান তাওয়াল্লায়তা, ওয়া বা-রিকলী ফী মা আ‘ত্বায়তা, ওয়াক্বিনী শাররামা ক্বাযাইতা, ফাইন্নাকা তাক্বযী ওয়ালা ইউক্বযা ‘আলাইকা, ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লুমাও ওয়া লায়তা, ওয়ালা ইয়া ‘ইযযুমান ‘আদায়তা, তাবারকতা রব্বানা ওয়া তা‘আলায়তা, ওয়া আসতাগফিরুকা ওয়া আতূবু ইলায়কা, ওয়া সল্লাল্লাহু আলান্ নাবী।” (হাদীস সহীহ : আবূ দাউদ, নাসায়ী, ইবনু মাজাহ, তিরমিযী, দারিমী, ইবনু আবূ শায়বাহ, হাকিম, বায়হাক্বী, আহমাদ, ত্বাবারানী, ইবনু খুযায়মাহ, ইবনু হিব্বান, মিশকাত হা/১২৭৩, ইরওয়াউল গালীল হা/৪২৯)

উল্লেখ্য, জামা‘আতে দু‘আর সময় ইমাম ক্রিয়াপদের শেষে এক বচন ‘নী’ এর স্থলে বহুবচন ‘না’ শব্দ বলতে পারবেন। (ফাতাওয়াহ ইবনু বায)

(১০) বিতর সলাত শেষে এই দুআ পড়তে হয় : “সুবহানাল মালিকুল কুদ্দূস।” এরপর স্বরবে বলতে হয় “রাব্বিল মালায়িকাতি ওয়ার রূহি” (সুনানু নাসায়ী)
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৪৭২-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৯৩২, ইফাবা. ৯৩৭, তাওহীদ পাব. ৯৯০)