hadith book logo

খাদ্য ও পণ্য-দ্রব্যে ভেজাল ইসলামের দৃষ্টিতে এর প্রতিকার

লেখকঃ ড. মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

ক. ভেজাল একটি জঘন্যতম প্রতারণা ও বিশ্বাসঘাতকতা

কোন কিছু ক্রয় করার ক্ষেত্রে একজন ক্রেতা বিশ্বস্ত বিক্রেতা অন্বেষণকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যাতে তার ক্রয়-কৃত পণ্যদ্রব্য সঠিক, গুণগত মান সংরক্ষিত এবং সাশ্রয়ী হয়। কিন্তু পণ্যে ভেজাল থাকলে তা বিক্রেতার প্রতি অবমাননা ও অবমূল্যায়নের শামিল। অতএব এটি একটি বড় ধরনের প্রতারণা। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:" كبرت خيانة أن تحدث أخاك حديثاً وهو لك به مصدق وأنت له به كاذب " “এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কিছুই নেই যে, তুমি এমন ব্যক্তির সাথে মিথ্যার আশ্রয় নেবে যে তোমাকে বিশ্বাস করে।” [৯. ইমাম আবু দাউদ, সুনানু আবি দাউদ, কিতাবুল আদাব। বাবুন ফিল মা’আরীদ (বৈরুত: দারুল ফিকর, ১৯৯৫), হাদীস নং ৪৯৭১। তবে হাদীসটি দুর্বল।] অন্য এক হাদিসে এসেছে: " من غشنا فليس منا " “যে আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। [১0. ইমাম মুসলিম, সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, (কায়রো: দারুল হাদীস, তৃতীয় প্রকাশনা, ১৯৯৮) হাদীস নং- ১৬৪।] উপরোক্ত হাদিস দ্বয়ের আলোকে প্রমাণিত হয় যে, ভেজাল ব্যবসায়ী ইসলামী আদর্শের গণ্ডি বহির্ভূত গণ্য হবে।