hadith book logo

তাক্বদীরঃ আল্লাহ্‌র এক গোপন রহস্য

লেখকঃ আব্দুল আলীম ইব্‌ন কাওসার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

তাক্বদীরের অর্থ

‘আল-ক্বাদার’ ( اَلْقَدَرُ ) বা তাক্বদীরের আভিধানিক অর্থঃ

‘আল-ক্বাদার’ ( اَلْقَدَرُ ) শব্দটির ‘দাল’ বর্ণে যবর দিয়ে অথবা সাকিন করে দু’ভাবেই পড়া যায়। ‘মুজমালুল্লুগাহ’ ( مجمل اللغة ) অভিধান প্রণেতা বলেন, ‘আল-ক্বাদ্‌র’ ( اَلْقَدْرُ ) অর্থঃ কোন কিছুর পরিধি, সীমা বা পরিমাণ। অনুরূপভাবে ‘আল-ক্বাদার’ ( اَلْقَدَرُ )-এরও একই অর্থ। [. ইবনে ফারেস, মুজমালুল্লাগাহ, (কুয়েত: আল-মুনায্‌যামাহ আল-আরাবিইয়াহ লিত-তারবিইয়াহ, প্রথম প্রকাশ: ১৯৮৫ইং), ৪/১৪৭।] ‘মু‘জামু মাক্বায়ীসিল্লুগাহ’ ( معجم مقاييس اللغة ) প্রণেতা বলেন, ‘আল-ক্বাদার’ ( اَلْقَدَرُ ) শব্দটি কোন কিছুর পরিধি বা শেষ সীমানা নির্দেশ করে। তিনি বলেন, আল্লাহ কর্তৃক তাঁর ইচ্ছা অনুযায়ী সবকিছুর পরিমাণ, শেষ সীমা ইত্যাদি নির্ধারণ করার নাম ‘আল-ক্বাদ্‌র’ ( اَلْقَدْرُ )। ‘আল-ক্বাদার’ ( اَلْقَدَرُ )ও একই অর্থে ব্যবহৃত হয়। [. ইবনে ফারেস, মু‘জামু মাক্বায়ীসিল্লুগাহ, (বৈরূত: দারুল ফিকর, প্রকাশকাল: ১৯৭৯ইং), ৫/৬২।] ইবনে মানযূর (রহেমাহুল্লাহ) লেহ্‌ইয়ানী (রহেমাহুল্লাহ) থেকে উল্লেখ করেন, যবর যোগে শব্দটি বিশেষ্য ( اسم ) এবং সাকিন যোগে ক্রিয়ামূল ( مصدر ) হিসাবে ব্যবহৃত হয়। [. ইবনে মানযূর, লিসানুল আরাব, (কায়রো: দারুল মা‘আরেফ, তা. বি.), ৫/৩৫৪৫।]

তাক্বদীরের পারিভাষিক অর্থঃ

সবকিছু ঘটার আগেই সে সম্পর্কে আল্লাহ্‌র সম্যক জ্ঞান, সেগুলি লাউহে মাহফূযে লিপিবদ্ধ করণ, তদ্বিষয়ে তাঁর পূর্ণ ইচ্ছার সমন্বয় এবং অবশেষে সেগুলিকে সৃষ্টি করাকে তাক্বদীর বলে। [. ছালেহ ইবনে আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ আলুশ্‌-শায়খ, জামে‘উ শুরূহিল আক্বীদাতিত্‌-ত্বহাবিইয়াহ, (কায়রো: দারু ইবনিল জাউযী, প্রথম প্রকাশ: ২০০৬ ইং), ১/৫৩৩।]