hadith book logo

আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা

লেখকঃ শাইখ আব্দুর রহমান ইবন নাসের আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর কাছেই সাহায্য কামনা করি, তাঁর নিকটই ক্ষমা প্রার্থনা করি, আমাদের নিজেদের অনিষ্ট থেকে ও আমাদের খারাপ কাজ থেকে তাঁর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হিদায়াত দান করেন তাঁর কোন পথ ভ্রষ্টকারী নেই এবং যাকে তিনি বিপথগামী করেন তাঁর কোন পথ নির্দেশকারী নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসুল। আল্লাহর শান্তি বর্ষিত হোক তাঁর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাথীবর্গের উপর।

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ١٠٢﴾ [ ال عمران : ١٠٢ ]

“হে মুমিনগণ, তোমরা যথার্যভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) না হয়ে কোন অবস্থায় মারা যেও না।” [সূরা আলে ইমরান, আয়াত: ১০২]

এ কিতাবটিতে আসমাউল্লাহিল হুসনা তথা আল্লাহর সুন্দর গুণবাচক নামসমূহের ব্যাখ্যা বিশদভাবে দলিল সহকারে আলোচনা করা হয়েছে। কিতাবটি লেখক নিম্নোক্ত পদ্ধতিতে বিভক্ত করেছেন। [এখানে মুহাক্কিক মূল লেখক আব্দুর রহমান আস-সা‘দীর বিস্তারিত ভূমিকা উল্লেখ করেননি। শুধু কিতাবের বিন্যাস পদ্ধতি উল্লেখ করে সরাসরি মূল ব্যাখ্যা তথা আল্লাহর সুন্দর নামের আলোচনা করা হয়েছে। -অনুবাদক।]

অভিসন্দর্ভ পরিকল্পনা:

বইটি একটি ভূমিকা ও দু’টি অধ্যায় সম্বলিত যাতে আমি উল্লেখ করেছি:

১- বিষয়বস্তুর গুরুত্ব।

২- বিষয় নির্বাচনের কারণসমূহ।

৩- গবেষণা পরিকল্পনা।

৪- গবেষণার ক্ষেত্রে আমার অবলম্বিত পদ্ধতি।

প্রথম অধ্যায় [বইটিতে প্রথম অধ্যয়ে শাইখ আবদুর রাহমান আস-সা‘দী রহ. এর সংক্ষিপ্ত জীবনী ও অন্যান্য বিষয় আলোচনা না করে শুধু “আল্লাহ তা‘আলার নিরানব্বই নাম” সংক্রান্ত হাদীস ও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে সরাসরি দ্বিতীয় অধ্যয় আলোচনা করা হয়েছে। -অনুবাদক।]: গবেষণা, যা চার ভাগে বিভক্ত:

প্রথম ভাগ: শাইখ আবদুর রাহমান আস-সা‘দী রহ. এর সংক্ষিপ্ত জীবনী।

দ্বিতীয় ভাগ: আসমাউল হুসনার ক্ষেত্রে শাইখ ইবন আস-সা‘দী রহ. এর অনুসৃত পদ্ধতি।

তৃতীয় ভাগ: আল্লাহ তা‘আলার নামসমূহ “তাওক্বীফি” তথা কুরআন ও হাদীসে যেগুলো যেভাবে এসেছে সেগুলোই সেভাবে সাব্যস্ত করা।

চতুর্থ ভাগ: “আল্লাহ তা‘আলার নিরানব্বই নাম” সংক্রান্ত হাদীস ও এই বিষয়ে বিস্তারিত আলোচনা।

দ্বিতীয় অধ্যায়: শাইখ আসসা‘দী রচিত “আল্লাহ তা‘আলার সুন্দর নামসমূহের ব্যাখ্যা” গ্রন্থটি সংকলন ও গবেষণার পর পরিমার্জিতরূপে পাঠকের সামনে পেশ।

বইটির ক্ষেত্রে আমার অবলম্বিত পদ্ধতি:

প্রথমত: শাইখ আবদুর রাহমান আস-সা‘দী রহ. রচিত নিম্নোক্ত গ্রন্থাবলী থেকে লেখার উপাদান সংগ্রহ:

১- তাইসিরুল কারীমির রাহমান ফি তাফসীরি কালামিল মান্নান।

২- তাইসিরুল লাত্বিফিল মান্নান ফি খুলাসাতি তাফসীরিল কুরআন, যেটিকে আমি সূত্র উল্ল্যেখ করার সময় সংক্ষেপে “আল-খুলাসাহ” নামে ইশারা করেছি।

৩- তাওদীহুল কাফিয়্যাহ আশ-শাফিয়্যাহ।

৪- আল হাক্বুল ওয়াদিহুল মুবিন ফি শারহি তাওহীদিল আম্বিয়ায়ি ওয়াল মুরসালীন মিনাল কাফিয়াতিশ শাফিয়াহ।

৫- আল মাওয়াহিবুর রাব্বানিয়্যাহ মিনাল আয়াতিল কুরআনিয়্যাহ।

৬- বাহজাতু কুলুবিল আবরার ওয়া কুররাতু ‘উয়ূনিল আখইয়ার ফি শারহি জাওয়ামিয়িল আখবার।

৭- মাজমু‘ঊল ফাওয়ায়িদ ওয়াক্বতিনাসুল আওয়াবিদ।

দ্বিতীয়ত: আল্লাহ তা‘আলার গুণবাচক নামসমূহের মাঝে প্রত্যেক নামের ব্যাপারে শাইখ আস-সা‘দী যা বলেছেন সেগুলো গভীর ভাবে বিবেচনার পর গ্রন্থায়ণ ও বিন্যাস, এবং যে সব বিষয় একাধীকবার এসেছে সেগুলো বাদ দিয়ে পরিমার্জিতরূপে সংকলন।

তৃতীয়ত: আসমা’ঊল হুসনাকে বর্ণমালার অক্ষরক্রমিকে বিন্যাস ও ক্রমানুসারে সংখ্যায়িত করে প্রত্যেক নামের ব্যাপারে শাইখ আস-সা‘দীর বক্তব্যকে উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে পেশ।

চতুর্থত: আসমা’ঊল হুসনার মাঝে কোনো নাম যদি শাইখ আস-সা‘দী দলিলায়ীত না করে থাকেন; সেক্ষেত্রে কুরআন ও হাদীস থেকে দলিল পাওয়া গেলে তাকে দলিল প্রমানের মাধ্যমে প্র প্রমাণিত রূপে উপস্থাপন করে তা পাদটীকায় উল্লেখ করা।

পঞ্চমত: কোথাও যদি টীকা-টিপ্পনী, মন্তব্য ইত্যাদির মাধ্যমে বাক্যকে স্পষ্ট করার প্রয়োজন পড়ে তাহলে সেখানে তা করেছি।

ষষ্ঠত: কুরআনের আয়াতসমূহকে সূরা ও নাম্বার সহকারে উল্ল্যেখ করেছি।

সপ্তমত: গ্রন্থে উল্লিখিত হাদীসসমূহের সূত্র ইত্যাদি বর্ণনা।

অষ্টমত: গ্রন্থের শেষে আলোচনার সারনির্যাস উল্ল্যেখ করে গবেষণাকালীন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে সব ফলাফলে আমি উপনীত হয়েছি তার উপসংহার টানা।

নবমত: বইয়ের আবশ্যকীয় সূচীপত্র তৈরী।

পরিশেষে, সমস্ত প্রশংসাই আল্লাহ তা‘আলার জন্য, তাঁর অনুগ্রহেই কাজটির সমাপ্তি সম্ভব হয়েছে, সর্বাবস্থাই তাঁর জন্য কৃতজ্ঞতা, এই সংকলনটির যাবতীয় কাজ ও প্রকাশ প্রক্রিয়া সহজ করে দেওয়ার জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি। আশা করছি তিনি এর সংগ্রহকারী, পাঠক, ও শ্রোতা সবাইকে এর দ্বারা উপকৃত করবেন।

এমনিভাবে আমি দয়াময় আল্লাহর নিকট এই কাজ ও আমার অন্যান্য সকল কাজের কাবুলিয়্যাতের দো‘আ করছি, নিশ্চয়ই তিনি শ্রবণকারী ও সাড়াদানকারী।

আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ, ও সঙ্গী-সাথী সকলের উপর দুরুদ ও শান্তি বর্ষিত হোক।