hadith book logo

ইসলামী মিডিয়ার উৎস, মূলনীতি ও ভিত্তিসমূহ

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

ঘ. আন্তর্জাতিকতা ও বিশ্বব্যাপী

মিডিয়ার কাজ হলো বিশ্বের সকল মানুষের কাছে সংবাদ পরিবেশন করা; আর ইসলামী মিডিয়ার লক্ষ্য হলো বিশ্বের সর্বসাধারণের কাছে সত্য ও সঠিক সংবাদ পৌঁছানো যা সাধারণের উপর প্রভাব বিস্তার করতে সমর্থ হয়। [.প্রফেসর আদনান আদ্-দুবাসী, প্রাগুক্ত, পৃ. ৪৭।]

ইসলামী মিডিয়া সর্বদা দয়াপরবশ হয়ে দা‘ওয়াতী চরিত্র নিয়ে বিশ্বব্যাপী আহ্বান জানায়। এদিকে ইঙ্গিত করেই মহান আল্লাহ বলেন,

﴿ وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ ١٠٧ ﴾ [ الانبياء : ١٠٧ ]

‘‘আর আমি তো আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমতরূপেই পাঠিয়েছি।’’ [.সূরা আম্বিয়া : ১০৭।]

অতএব, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে রহমত উৎসর্গ করা হয়েছে। আর তাবলীগ বা প্রচারের শর্ত হলো উত্তম কথা। এ মর্মে কুরআনের নির্দেশনা হলো:

﴿ ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ وَجَٰدِلۡهُم بِٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ١٢٥ ﴾ [ النحل : ١٢٥ ]

‘‘আপনি মানুষকে দা‘ওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করবেন উত্তম পন্থায়। নিশ্চয় আপনার রব, তাঁর পথ ছেড়ে কে বিপথগামী হয়েছে, সে সম্বন্ধে তিনি বেশী জানেন এবং কারা সৎপথে আছে তাও তিনি ভালভাবেই জানেন।’’ [.সূরা নাহল : ১২৫।]

কুরআনের অন্যত্র এসেছে:

﴿ وَقُولُواْ لِلنَّاسِ حُسۡنٗا ٨٣ ﴾ [ البقرة : ٨٣ ]

‘‘মানুষের সাথে সদালাপ করবে।’’ [.সূরা আল্-বাকারাহ : ৮৩।]

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশেদীনের দা‘ওয়াতী মিশন বিশ্বের সকল মানুষের প্রতি নিবিষ্ট ছিল। আর এর দ্বারা বুঝা যায় যে, ইসলামী মিডিয়া আন্তর্জাতিক ও বিশ্বব্যাপী তাত্ত্বিক ও ফলিত উভয় দৃষ্টিকোণ থেকে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দা‘ওয়াহ প্রচারের লক্ষ্যে বিভিন্ন সাহাবীকে বিশ্বের অন্যান্য ভাষা শিখতে উদ্বুদ্ধ করেছেন। তিনি যায়দ ইবন সাবিত রাদিয়াল্লাহু ‘আনহু কে সুরিয়ানী ভাষা শিখতে নির্দেশ দিয়েছিলেন। অতএব, এ নির্দেশনা ইসলামী মিডিয়া আন্তর্জাতিক হওয়ার পথকে সুগম করেছে। [.ইবন সাদ, মুহাম্মদ, আত্-তাবাকাত, মাতবা‘আ বেরিল, ১৩২২ হি., ২য় খন্ড, পৃ. ৩৫৮।]

এছাড়াও মুসলিম সর্ববৃহৎ সম্মেলন যা প্রত্যেক বছর হজ্বের সময় অনুষ্ঠিত হয়। যেখানে বিশ্বের সকল দেশের মুসলিমগণ একত্রিত হন, যদিও তাদের ভাষা, বর্ণ, অঞ্চল ভিন্ন। আর সেখানে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত শ্রোতামণ্ডলী ও অনুপস্থিতদের জন্য নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।