hadith book logo

ইসলামী মিডিয়ার উৎস, মূলনীতি ও ভিত্তিসমূহ

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

এক. ঈমান

ইসলামী মিডিয়া এক আল্লাহর উপর ঈমান আনয়নকে আবশ্যক করে। ফলে একনিষ্ঠ তাওহীদ মানব জীবনের ভিত্তিপ্রস্তর। কেননা এটি উলুহিয়াত ও ইবাদততত্ত্বের প্রকৃত অবস্থা বর্ণনা করে। এছাড়াও এর মাধ্যমে আল্লাহ তা‘আলা ও বান্দার মাঝে সম্পর্কের প্রকৃত অবস্থা এবং জগত ও জীবনের অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। অনুরূপভাবে ফিরিশতা, আসমানী কিতাব, রিসালাত, পরকাল, তাকদীর প্রভৃতির প্রতি বিশ্বাস রেখে এ মিডিয়া পরিচালিত হবে। কেননা ঈমান আনয়নের পর ঈমানের উপর অটল-অবিচল থাকা আবশ্যক। মহান আল্লাহ বলেন,

﴿ فَٱسۡتَقِمۡ كَمَآ أُمِرۡتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطۡغَوۡاْۚ إِنَّهُۥ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ١١٢ وَلَا تَرۡكَنُوٓاْ إِلَى ٱلَّذِينَ ظَلَمُواْ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنۡ أَوۡلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ ١١٣ ﴾ [ هود : ١١٢، ١١٣ ]

‘‘কাজেই আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন তাতে অবিচল থাকুন এবং আপনার সাথে যারা তাওবা করেছে তারাও; এবং তোমরা সীমালংঘন করো না। তোমরা যা কর নিশ্চয় তিনি তার সম্যক দ্রষ্টা। আর যারা যুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না; পড়লে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এ অবস্থায় আল্লাহ্ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। তারপর তোমাদেরকে সাহায্য করা হবে না।’’ [.সূরা হুদ : ১১২, ১১৩।]

এছাড়াও হাদীসে এসেছে,

عن سفيان بن عبد الله الثقفي قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسئل عنه أحدا بعدك قال«قل آمنت بالله فاستقم»

‘‘সুফিয়ান ইবন আব্দুল্লাহ আস্-সাকাফী হতে বর্ণিত, তিনি বলেন: আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ‘আমাকে ইসলামের’ এমন বিষয়ে বলুন, যার পরে আর কাউকে এ সম্পর্কে প্রশ্ন করতে হবে না। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তুমি বল! আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর তার উপর দৃঢ় থাক।’’ [.ইমাম মুসলিম, সহীহ মুসলিম, ১ম খন্ড, রিয়াদ : ইদারাতুল বুহুস আল ইলমীয়াহ ওয়াল ইফতা, ওয়াদ দাওয়াহ, ১৪০০ হি. পৃ. ৬৫।]

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর উপরোক্ত বাণীটি পবিত্র কুরআনের একটি আয়াতের অনুরূপ। মহান আল্লাহ বলেন-

﴿ إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ١٣ ﴾ [ الاحقاف : ١٣ ]

‘‘নিশ্চয় যারা বলে, ‘আমাদের রব আল্লাহ্’ তারপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।’’ [.সূরা আহকাফ : ১৩।]