hadith book logo

মদিনা শরিফের ফজিলত জিয়ারত ও অবস্থানকালীন আদব

লেখকঃ আব্দুল মুহসিন বিন হামাদ আল আববাদ আল বদর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

মক্কা ও মদিনার হেরেম দ্বারা উদ্দেশ্য

মক্কা ও মদিনার নির্ধারিত সীমানা যে পরিমাণ ভূমি তার আওতাধীন করেছে, তা-ই হেরেম বা পবিত্রতম স্থান। কেবল মসজিদে নববীর দালান কেন্দ্রিক ভূমিকে হেরেম বলে উল্লেখ করার যে রেওয়াজ লোক মুখে চালু হয়েছে, তা প্রচলিত ভুল। কারণ, শুধু এতটুকু হেরেম নয়, বরং আইর হতে সউর পাহাড় ও উভয় লাবার মধ্যবর্তী সম্পূর্ণ মদিনা হেরেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

المدينة حرم ما بين عير إلى ثور . ( رواه البخاري ومسلم .)

‘আইর ও সউর পাহাড়-দ্বয়ের মধ্যবতী স্থান মদিনার অংশ হেরেম।’ (বোখারি ও মুসলিম)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

إني حرمت ما بين لابتي المدينة أن يقطع عضاهها , أو يقتل صيدها . ( رواه مسلم .)

‘আমি মদিনার উভয় লাবার মধ্যবর্তী স্থানকে হেরেম করেছি, এ অর্থে যে, এর কোন গাছ কাটা যাবে না এবং এর শিকারযোগ্য কোন প্রাণীকে শিকার করা যাবে না।’ (মুসলিম)

বর্তমান যুগে মদিনার ভূমিগত প্রসার ও বিস্তৃতি ঘটেছে। ফলে মদিনার কিছু অংশ হেরেমের অংশ ছাড়িয়ে অনেক দূর ছড়িয়ে গেছে। এ জন্য মদিনার ভিতর বিদ্যমান সকল বাড়ি-ঘরকে হেরেমের অন্তর্ভুক্ত বলা যাবে না। তবে যে স্থান হেরেমের সীমানার ভিতর আছে, তা হেরেম আর যে স্থান হেরেমের সীমানা ছাড়িয়ে গেছে, সে স্থানকে মদিনার অন্তর্ভুক্ত বলা যাবে—হেরেমের অন্তর্ভুক্ত বলা যাবে না।