hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১৯৮

২১. সলাত সংশ্লিষ্ট কাজ

صحيح البخاري

১/১ পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল

بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ

وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾

এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)

১১৯৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ ﵄: «أَنَّهُ بَاتَ عِنْدَ مَيْمُونَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ﵂، وَهِيَ خَالَتُهُ، قَالَ: فَاضْطَجَعْتُ عَلَى عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللهِ ﷺ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللهِ ﷺ حَتَّى انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ، أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، ثُمَّ اسْتَيْقَظَ رَسُولُ اللهِ ﷺ، فَجَلَسَ فَمَسَحَ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ آيَاتٍ خَوَاتِيمَ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ ﵄: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ، فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللهِ ﷺ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا بِيَدِهِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ».
ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, তিনি তাঁর খালা উম্মুল মু’মিনীন মাইমূনাহ (রাযি.)-এর ঘরে রাত কাটালেন। তিনি বলেন, আমি বালিশের প্রস্থের দিকে শুয়ে পড়লাম আর রাসূলুল্লাহ ﷺ ও তাঁর স্ত্রী বালিশের দৈর্ঘ্যের দিকে শুয়ে পড়লেন। অতঃপর রাসূলুল্লাহ ﷺ রাত অর্ধেক হওয়ার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠে বসলেন এবং দুই হাতে চেহারা মুছে ঘুমের রেশ দূর করলেন। তারপর সূরাহ আলে ‘ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করলেন। অতঃপর একটি ঝুলন্ত মশকের দিকে গিয়ে তা থেকে উত্তমরূপে উযূ করে সলাতে দাঁড়ালেন।

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযি.) বলেন, আমিও উঠে তাঁর অনুরূপ করলাম এবং গিয়ে তাঁর পাশে দাঁড়ালাম। রাসূলুল্লাহ ﷺ তাঁর ডান হাত আমার মাথার উপরে রেখে আমার ডান কানে মোচড়াতে লাগলেন (আমাকে তাঁর ডান পাশে দাঁড় করালেন)। তিনি দুই রাক‘আত সলাত আদায় করলেন, তারপর দুই রাক‘আত, তারপর দুই রাক‘আত, তারপর দুই রাক‘আত, তারপর দুই রাক‘আত, অতঃপর বিতর আদায় করে শুয়ে পড়লেন। অতঃপর (ফজরের জামা‘আতের জন্য) মুআযযিন এলে তিনি দাঁড়িয়ে সংক্ষেপে দুই রাক‘আত (সুন্নাত) পড়লেন। অতঃপর বেরিয়ে গিয়ে ফজরের সলাত পড়লেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَىٰ -এ বাক্যে।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : সলাতের অবস্থায় যেসব কাজ বৈধ তা অবহিত করা।

হাদীস থেকে শিক্ষা

১। পরিবারের সদস্য নয় এমন ভিন্ন লোকের কোন ব্যক্তি বা তার পরিবারের নিকট রাত যাপন জায়িয আছে, যেমন ইবনু ‘আব্বাস (রাযি.) করেছেন। অথচ নাবী ﷺ তাতে অস্বীকৃতি জানাননি, তিনি মানুষের মধ্যে অধিক লজ্জাশীল ব্যক্তি হওয়া সত্ত্বেও। কিন্তু এতে শর্ত রয়েছে। তা হল : এই ভিন্ন লোকটিকে তার স্ত্রীর নিকটাত্মীয় হতে হবে। কেননা, ইবনু ‘আব্বাসের আত্মীয়তার সম্পর্ক ছিল নাবী ﷺ-এর সাথে এবং তাঁর স্ত্রীর সাথেও। নাবী ﷺ-এর স্ত্রী তার খালা এবং রাসূল ﷺ তার চাচাত ভাই। আর ইবনু ‘আব্বাস (রাযি.) তখন নাবালক শিশু ছিলেন।

২। ইবনু ‘আব্বাসের শিষ্টাচারিতা। কেননা, তিনি বালিশের প্রস্থের দিকে শুয়েছেন আর রাসূলুল্লাহ ﷺ ও তাঁর স্ত্রী শুয়েছেন বালিশের দৈর্ঘ্যের দিকে। অর্থাৎ ইবনু ‘আব্বাস বালিশের এক কোণে ঘুমিয়েছেন। উদাহরণ স্বরূপ বলা যায়, তিনি উত্তর দিকে লম্বালম্বি হয়ে আর নাবী ﷺ ও তাঁর স্ত্রী পূর্ব দিকে।

৩। নিশ্চয় নাবী ﷺ একজন মানুষ। অন্যান্য মানুষের মত তিনিও ঘুম, খাদ্য, পানীয় প্রভৃতির মুখাপেক্ষী ছিলেন।

৪। ঘুমের জন্য মাথায় বালিশ ব্যবহারের প্রমাণ। তবে বালিশ ব্যবহার না করলেও দোষ নেই। উভয়টি ইচ্ছাধীন। শরীর সুস্থতার জন্য যার যেটা উপযোগী করতে পারেন।

৫। নাবী ﷺ রাতের অর্ধেক অতিবাহিত হওয়ার কিছু আগে বা কিছু পরে ঘুম থেকে উঠে রাতের সলাতে দাঁড়িয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন : إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ ... (অর্থ) “আপনার প্রতিপালক জানেন, আপনি ‘ইবাদতের জন্যে দণ্ডায়মান হন রাতের প্রায় দুই তৃতীয়াংশ, অর্ধাংশ ও তৃতীয়াংশ..।”- (সূরাহ মুয্যাম্মিল : ২০)

৬। মানুষের উচিত, ঘুম থেকে জেগে স্বীয় চেহারা থেকে ঘুমের রেশ দূর করতে দুই হাত দিয়ে তিনবার চেহারা মুছা। এটি ঘুম দূর করতে সহায়ক।

৭। সূরাহ আলে ‘ইমরানের শেষ দশ আয়াত পাঠ করা। হাদীসটির কোন কোন বর্ণনায় রয়েছে- নাবী ﷺ আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে এ আয়াতগুলো পাঠ করতেন- إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ (অর্থ) “নিশ্চয় আকাশ ও যমীন সৃষ্টিতে, দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, ...।” (সূরাহ আলে ‘ইমরান : ১৯০)। কেননা, ঐ রাতটি চন্দ্রদীপ্ত ছিল না। আর তখন বর্তমান এই যুগের মত বিদ্যুত ছিল না, যা আকাশ ও তার সৌন্দর্য অবলোকনে বাধা সৃষ্টি করে। কাজেই মানুষ যেন আকাশের তারকারাজি দেখে শিক্ষা গ্রহণ করে সেজন্য নাবী ﷺ এ আয়াতগুলো পাঠ করতেন।

৮। উত্তম পান পাত্র ব্যবহার। নাবী ﷺ ঝুলন্ত মশক গ্রহণ করেছেন। তা ছিল পুরাতন মশক। তাতে পানি অধিক ঠান্ডা থাকে। কাজেই মানুষের জন্য গরমকালে ঠান্ডা পানি ও শীতকালে গরম পানি ব্যবহারে এবং উন্নত খাবার গ্রহণে দোষ নেই।

৯। ঘুম থেকে উঠে ইস্তিনজা করা ওয়াজিব নয়। নাবী ﷺ ঘুম থেকে জেগে উযূ করেছেন। ইবনু ‘আব্বাস (রাযি.) এ কথা উল্লেখ করেননি যে, তিনি ইস্তিনজা করেছেন।

১০। মানুষের উচিত, সাধ্যমত উত্তমরূপে উযূ করা। কিন্তু কিসে উযূ সুন্দর হবে? সুন্নাত মোতাবেক উযূ করলেই উযূ সুন্দর হবে। বেশি বেশি পানি ব্যবহার বা অধিক ধুলেই উযূ সুন্দর হয় না। হাদীসে এসেছে, নাবী ﷺ উযূ করেছেন একবার একবার করে, দুই দুইবার করে এবং তিন তিনবার করে। তিনি বলেছেন : “যে ব্যক্তি এর অধিক করল সে মন্দ কাজ করল, সীমালঙ্ঘন করল ও অন্যায় করল।”

১১। মানুষের উচিত, স্বীয় স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমানো। কেননা, ইবনু ‘আব্বাস (রাযি.) বলেছেন, নাবী ﷺ ও তাঁর স্ত্রী বালিশের দৈর্ঘ্যের দিকে শুয়ে পড়লেন। যা এ সময়কার কতিপয় বিলাসী লোকের আচরণের বিপরীত। তারা নিজেদের জন্য আলাদা খাট এবং স্ত্রীদের জন্য আলাদা খাট গ্রহণ করে। এটা অনুচিত। বরং উচিত হল, একটি খাটে অবস্থান করা। খাটে হোক বা মাটিতে একই বিছানায় অবস্থান করবে।

১২। ইবনু ‘আব্বাস (রাযি.)-এর বিচক্ষণতা ও নাবী ﷺ-কে অনুসরণ করার আগ্রহ। কেননা, তিনি জেগে উঠে তা-ই করেছেন যেমন করেছেন নাবী ﷺ, অথচ নাবী ﷺ তাকে এরূপ করার আদেশ করেননি।

১৩। ঘনিষ্ঠ লোকের পানি ব্যবহার করা জায়িয, যদি জানা থাকে যে, তিনি এতে সন্তুষ্ট হবেন, নারাজ হবেন না। কারণ, ইবনু ‘আব্বাস (রাযি.) দাঁড়িয়ে উযূ করলেন ঝুলন্ত মশকের পানি থেকে, যা পান করার জন্য প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু তিনি জানতেন, নাবী ﷺ তার পানি ব্যবহারে অসম্মতি জানাবেন না।

১৪। মুক্তাদী একজন হলে ইমামের ডান পাশে দাঁড়াবে, ইমামের বরাবর একই কাতারে। ভিন্ন কাতারে বা ইমামের পিছনে নয়।

১৫। সলাতের অবস্থায় সলাত শুদ্ধতার জন্য কিছু করা জায়িয। কেননা, নাবী ﷺ নিজে নড়াচড়া করেছেন এবং ইবনু ‘আব্বাসকে নড়াচড়া করিয়েছেন। তিনি ইবনু ‘আব্বাসের কান মলেছেন। সুতরাং সলাত অবস্থায় স্বল্পমাত্রার কাজ বৈধ।

১৬। শায়খ ইবনু উসাইমিন (রহ.) বলেন : মানুষের জন্য জায়িয আছে একাকী সলাতের নিয়্যাত থেকে ইমামতির নিয়্যাতে প্রত্যাবর্তন করা। কেননা, নাবী ﷺ প্রথম যখন তাকবীর দিয়েছেন তখন তিনি ছিলেন একা। অতঃপর তিনি ইমামতির নিয়্যাত করলেন যখন তাঁর সাথে ইবনু ‘আব্বাস (রাযি.) শামিল হলেন। এটি স্পষ্ট ব্যাপার। কিন্তু এরূপ করা কি ফরয সলাতে জায়িয? উদাহরণ স্বরূপ, এমন কাউকে পাওয়া গেল যিনি জামা‘আত না পাওয়ায় একাই ফরয সলাত আদায় করছেন, এখন তার পাশে দাঁড়িয়ে তার সাথে জামা‘আত করে সলাত পড়া যাবে কি? জবাব : এ নিয়ে মতভেদ আছে। এ মাসআলা নিয়ে তিন ধরনের উক্তি রয়েছে। প্রথম উক্তি : একাকী সলাত আদায়কারী থেকে ইমামতির নিয়্যাতে প্রত্যাবর্তন করা ফরয ও নফল উভয় সলাতেই জায়িয। দ্বিতীয় উক্তি : এ নিয়ম নির্দিষ্টভাবে নফল সলাতে জায়িয। তৃতীয় উক্তি : এ নিয়ম ফরয ও নফল কোন সলাতেই জায়িয নেই। এই তিনটি মতে মধ্যে যারা বলেছেন, এ নিয়ম কেবল নফল সলাতে জায়িয। তাদের দলীল আলোচ্য হাদীস, যা সুস্পষ্ট। আর যারা বলেন, এ নিয়ম ফরয ও নফল উভয় সলাতেই জায়িয; তারা বলেন : যা কিছু নফলের ক্ষেত্রে সাব্যস্ত, তা ফরযের ক্ষেত্রেও সাব্যস্ত, তবে কোন বিষয়ে পার্থক্যের দলীল থাকলে ভিন্ন কথা। এ গুরুত্বপূর্ণ নীতিমালার দলীল হিসেবে তারা বলেন : সাহাবীগণ যখন উল্লেখ করেছেন রাসূলুল্লাহ ﷺ সফরের সময় সওয়ারীর উপর নফল সলাত আদায় করেছেন, পরক্ষণে তারা বলেছেন : তবে তিনি সওয়ারীর উপর ফরয সলাত পড়েননি। এতে প্রমাণিত হল, যা নফলের ক্ষেত্রে সাব্যস্ত তা ফরযের ক্ষেত্রেও সাব্যস্ত, তবে কোন বিষয়ে ব্যতিক্রমের দলীল থাকলে ভিন্ন কথা। এই কায়েদাটি অনেক বিষয়েই উপকার দেবে। যারা উভয়টিই নিষেধ করেন তারা বলেন : একাকী সলাতের নিয়্যাতকে ইমামতির নিয়্যাতে পরিবর্তন করা জায়িয নেই। আর তারা আলোচ্য হাদীস সম্পর্কে এমন জবাব পেশ করেন যা গ্রহণযোগ্য নয়। তারা বলেন : নাবী ﷺ ধারণা করেছিলেন যে, ইবনু ‘আব্বাস শিঘ্রই তাঁর সাথে দাঁড়িয়ে সলাত আদায় করবেন। এরূপ বক্তব্য গ্রহণযোগ্য নয়। বরং আমরা যদি বলি, বিষয়টি উল্টোও হতে পারে। কেননা, ইবনু ‘আব্বাস (রাযি.) ছিলেন ছোট বালক এবং ঘুমন্ত অবস্থায়। সুতরাং এ বিষয়ে সঠিক মাসআলা হল : একাকী সলাত আদায়কারী থেকে ইমামতির নিয়্যাতে প্রত্যাবর্তন করা ফরয ও নফল উভয় সলাতেই জায়িয।

১৭। একাকী মুক্তাদীর জন্য ইমামের বাম পাশে দাঁড়িয়ে সলাত আদায় জায়িয নয়। কেননা, নাবী ﷺ ইবনু ‘আব্বাসের অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু এটি কি ওয়াজিব? অর্থাৎ কেউ যদি ইমামের বাম পাশে দাঁড়িয়ে সলাত আদায় করে তবে কি তার সলাত বাতিল হয়ে যাবে? নাকি এটি মুস্তাহাব? এ প্রসঙ্গে শায়খ ইবনু উসাইমিন (রহ.) বলেন : সঠিক কথা হল, এটি মুস্তাহাব। কেননা, নাবী ﷺ থেকে ইমামের বাম পাশে দাঁড়ানো নিষেধ হওয়া এবং ডান পাশে দাঁড়াতে আদেশমূলক কিছু বর্ণিত হয়নি। বরং বিষয়টি ব্যাপক। যদি বাম পাশে দাঁড়ানো হারাম হত তাহলে নাবী ﷺ ইবনু ‘আব্বাস (রাযি.)-কে সলাত শেষে বলতেন : এরূপ আর করবে না। ফলে পরিষ্কার হত যে, তা হারাম। আর উসূলে ফিকহের কায়েদা হল : শুধুমাত্র কর্ম কেবল মুস্তাহাব হওয়ার দলীল দেয়, ওয়াজিবের নয়। কেউ যদি বলেন : নাবী ﷺ সলাতে নড়াচড়া করেছেন। ইবনু ‘আব্বাসের জন্য তাঁর এরূপ নড়াচড়া কি ওয়াজিবের কারণ হয় না? এর জবাব হল, না। কেননা, এরূপ নড়াচড়া মুস্তাহাব ‘আমলের জন্য হয়েছে। কাজেই এটি মুস্তাহাব। (শায়খ ইবনু উসাইমিন- শারহু সহীহিল বুখারী, প্রাগুক্ত, ৩/২৩৯-২৪১)

১৮। নাবী ﷺ রাতে নফল সলাত দুই দুই রাক‘আত করে সলাত আদায় করেছেন।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১১৭-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১১২০, ইফাবা. ১১২৪, তাওহীদ পাব. ১১৯৮)