hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪০

২. ঈমান

صحيح البخاري

* ঈমান পরিচিতি : ঈমান আরবী শব্দ। এর অর্থ : বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর প্রতি, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, তাক্বদীরের ভাল-মন্দ এবং আখিরাতে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়-(সূরাহ আল-বাক্বারাহ; ২৮৫, সহীহুল বুখারী, সহীহ মুসলিম, তিরমিযী, আহমাদ, ইবনু মাজাহ)

যিনি উপরোক্ত বিষয়গুলোর প্রতি অন্তরে দৃঢ় বিশ্বাস পোষণ করেন, মৌখিকভাবে এর স্বীকৃতি দেন এবং বাস্তবে সেই মোতাবেক ‘আমল করেন- তাকে বলা হয় ঈমানদার।

ঈমান কেবল মনের ব্যাপার এ কথা সঠিক নয়। ইমাম হাসান আল-বাসরী (রহ.) বলেন : শুধুমাত্র মনের ইচ্ছা কিংবা বাইরের সাজ পোশাকই ঈমান নয়, বরং তা হল মনের দৃঢ়তা এবং ‘আমলের মাধ্যমে তাকে সত্যায়িত করা। ইমাম শাফিঈ (রহ.) বলেন : ঈমান হল মৌখিক স্বীকৃতি ও কাজে পরিণত করার নাম- (ফাতহুল বারী ১/৬৪)। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহ.) বলেন : ঈমান হচ্ছে (আল্লাহ ও তাঁর রাসূলের) আদেশাবলী কর্মে সম্পাদন করা এবং যাবতীয় নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত থাকা। ইমাম বুখারী (রহ.) বলেন : ‘আমলের কারণে ঈমানদারদের সম্মানের তারতম্য হয় - (সহীহুল বুখারী)।

২/৩১ পরিচ্ছেদঃ

সলাত ঈমানের অংশ

بَابُ الصَّلَاةُ مِنَ الْإِيمَانِ

وَقَوْلُ اللَّهِ تَعَالَىٰ ﴿وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ﴾ يَعْنِي صَلَاتَكُمْ عِنْدَ الْبَيْتِ

আল্লাহর বাণী : “আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করতে চান না”- (সূরাহ আল-বাক্বারাহ ২/১৪৩)। অর্থাৎ বায়তুল্লাহর কাছে (বায়তুল মাক্বদিসমুখী হয়ে) তোমাদের আদায়কৃত সলাতকে নষ্ট করবেন না।

৪০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ : «أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ أَوَّلَ مَا قَدِمَ الْمَدِينَةَ نَزَلَ عَلَى أَجْدَادِهِ، أَوْ قَالَ أَخْوَالِهِ مِنَ الْأَنْصَارِ، وَأَنَّهُ صَلَّى قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ الْبَيْتِ، وَأَنَّهُ صَلَّى أَوَّلَ صَلَاةٍ صَلَّاهَا صَلَاةَ الْعَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ، فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ صَلَّى مَعَهُ، فَمَرَّ عَلَى أَهْلِ مَسْجِدٍ وَهُمْ رَاكِعُونَ، فَقَالَ: أَشْهَدُ بِاللهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ ﷺ قِبَلَ مَكَّةَ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ الْبَيْتِ، وَكَانَتِ الْيَهُودُ قَدْ أَعْجَبَهُمْ إِذْ كَانَ يُصَلِّي قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ، وَأَهْلُ الْكِتَابِ، فَلَمَّا وَلَّى وَجْهَهُ قِبَلَ الْبَيْتِ، أَنْكَرُوا ذَلِكَ. قَالَ زُهَيْرٌ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ فِي حَدِيثِهِ هَذَا: أَنَّهُ مَاتَ عَلَى الْقِبْلَةِ قَبْلَ أَنْ تُحَوَّلَ رِجَالٌ وَقُتِلُوا، فَلَمْ نَدْرِ مَا نَقُولُ فِيهِمْ. فَأَنْزَلَ اللهُ تَعَالَى: ﴿وَمَا كَانَ اللهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ﴾».
বারা‘ [ইবনু ‘আযিব] (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ মাদীনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তাঁর নানাদের গোত্র [আবূ ইসহাক্ব (রহ.) বলেন] অথবা মামাদের গোত্রে আসেন। তিনি ষোল-সতের মাস বায়তুল মাক্বদিসমুখী হয়ে সলাত আদায় করেন। কিন্তু তাঁর পছন্দ ছিল যে, তাঁর ক্বিবলাহ হোক বায়তুল্লাহর দিকে। আর তিনি (বায়তুল্লাহর দিকে) প্রথম যে সলাত আদায় করেছিলেন, তা ছিল ‘আসরের সলাত। তখন তাঁর সাথে একদল লোকও উক্ত সলাত আদায় করেছিলেন।

তাঁর সাথে উক্ত সলাত আদায়কারীদের এক ব্যক্তি বেরিয়ে এক মাসজিদে মুসল্লীদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এ সময় তাঁরা রুকূ‘ অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন : “আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এইমাত্র আমি রাসূলুল্লাহ ﷺ-এর সাথে মাক্কার দিকে ফিরে সলাত আদায় করে এসেছি। তখন তাঁরা ঐ অবস্থায়ই বায়তুল্লাহর দিকে ঘুরে গেলেন।

রাসূলুল্লাহ ﷺ যখন বায়তুল মাক্বদিস-এর দিকে সলাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহলে-কিতাবদের কাছে সেটা ভাল লাগত; কিন্তু তিনি যখন বায়তুল্লাহর দিকে তাঁর মুখ ফিরালেন তখন তারা একে খুব অপছন্দ করল।

যুহাইর (রহ.) বলেন, আবূ ইসহাক্ব (রহ.) বারা‘ (রাযি.) হতে আমার কাছে যে হাদীস বর্ণনা করেছেন, তাতে এ কথাও রয়েছে যে, ক্বিবলাহ পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন, তাঁদের সম্পর্কে আমরা কী বলব, তা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ তা‘আলা অবতীর্ণ করেন : “আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করতে চান না”।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : শিরোনামে সলাতের কথা রয়েছে এবং শিরোনামের আয়াতে সলাতকে ঈমান বলা হয়েছে। আর হাদীসেও সলাতের কথা এসেছে। সুতরাং সম্পর্ক স্পষ্ট।

হাদীস থেকে শিক্ষা

১। শারী‘আতের কোন বিধান মানসূখ হওয়ার প্রমাণ।

২। খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য।

৩। এতে প্রমাণিত হয়, কেউ যদি ইজতিহাদের ভিত্তিতে কা‘বা ব্যতীত অন্যত্র মুখ করে সলাত আদায় করে অতঃপর তার ইজতিহাদ পাল্টে যায় (তার ভুল বুঝতে পারে) এবং সলাতের অবস্থায়ই কা‘বামুখী হয়ে সলাত আদায় করে, তাহলে তার সলাত সহীহ হবে। এ সলাত পুনরায় আদায় করা আবশ্যক নয়। (অর্থাৎ ক্বিবলাহ কোন দিকে তা সঠিকভাবে না জানার কারণে এরূপ করলে তা জায়িয আছে)। শাফিঈদের মতে, একই সলাতে ধারণার ভিত্তিতে যদি চার বারও দিক পরিবর্তন করে দোষ নেই। আল্লাহ অধিক জ্ঞাত।

৪। ক্বিবলাহ তথা কা‘বা মুখী হয়ে সলাত আদায় করা ওয়াজিব।

৫। আল্লাহর নিকট নাবী ﷺ-এর মর্যাদা। কেননা তিনি ﷺ যা পছন্দ করেছেন তা চাওয়া ছাড়াই আল্লাহ তাকে দান করেছেন।

৬। দ্বীনের ব্যাপারে সাহাবীগণের উৎসাহ-উদ্দীপনা এবং তাদের ভাইদের প্রতি সহানুভূতি।

৭। এতে মুরজিয়া ও জাহমিয়াদের বিপক্ষে দলীল বিদ্যমান। তারা দ্বীনের ‘আমলসমূহকে ঈমানের অন্তর্ভুক্ত হওয়াকে অস্বীকার করে।

৮। দ্বীনের কতিপয় আহকাম পরিবর্তন হওয়ার প্রত্যাশা করা জায়িয, যদি তাতে মুসলিমদের স্বার্থ পরিদৃষ্ট হয়।
রেফারেন্স: বুখারী হা/৩৯৯, ৪৪৭৬, ৪৪৯২, ৭২৫২; মুসলিম হা/৫২৫, আহমাদ হা/১৮৫৬৪, ১৮৭৩২, তিরমিযী হা/৩৪০, ২৯৬২, ইবনু খুযাইমাহ হা/৪৩৩, নাসায়ী ১/২৪৩। (ইফাবা. ৩৯)