মহান আল্লাহর বাণী : “ওয়াহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহী অবতীর্ণের সময় আপনার জিহ্বা নাড়বেন না।” (সূরাহ কিয়ামাহ ৭৫/১৬)-এর ব্যাখ্যায় ইবনু ‘আব্বাস (রাযি.) বলেন, রাসূলুল্লাহ ﷺ ওয়াহী অবতীর্ণের সময় তা আয়ত্ত করার জন্য বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তাঁর উভয় ঠোঁট নাড়তেন।’ ইবনু ‘আব্বাস (রাযি.) বলেন, ‘আমি তোমাকে দেখানোর উদ্দেশ্যে উভয় ঠোঁট নাড়ছি যেভাবে রাসূলুল্লাহ ﷺ তা নাড়তেন।’ সাঈদ (রহ.) (তাঁর ছাত্রদের) বলেন, ‘আমি ইবনু ‘আব্বাস (রাযি.)-কে যেভাবে তাঁর উভয় ঠোঁট নাড়তে দেখেছি, সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি।’
এই বলে তিনি তাঁর উভয় ঠোঁট নাড়লেন। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা অবতীর্ণ করলেন : “ওয়াহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহী অবতীর্ণের সময় আপনার জিহ্বা নাড়বেন না, এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার”- (সূরাহ ক্বিয়ামাহ ৭৫/১৬)। ইবনু ‘আব্বাস (রাযি.) বলেন, “এর অর্থ হলো : আপনার অন্তরে তা হিফাযাত করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো। “কাজেই আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন”- (সূরাহ কিয়ামাহ ৭৫/১৮)। ইবনু ‘আব্বাস (রাযি.) বলেন, অর্থাৎ মনোযোগের সাথে শুনুন এবং চুপ থাকুন। “অতঃপর এর বিশদ বিবরণের দায়িত্ব আমারই”- (সূরাহ কিয়ামাহ ৭৫/১৯)। অর্থাৎ আপনি তা পড়বেন, এটাও আমার দায়িত্ব।
এরপর যখন রাসূলুল্লাহ ﷺ-এর কাছে জিবরীল (‘আ.) আসতেন, তখন তিনি কেবল মনোযোগ দিয়ে শুনতেন। জিবরীল (‘আ.) চলে গেলে তিনি যেমন পাঠ করেছিলেন, রাসূলুল্লাহ ﷺ-ও অনুরূপই পাঠ করতেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসে ওয়াহী নাযিলের সময় রাসূলের অবস্থা এবং ওয়াহীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। কাজেই উভয়ের সম্পর্ক বিদ্যমান।
হাদীস থেকে শিক্ষা
১। কুরআন মাজীদ কিয়ামাত পর্যন্ত সুরক্ষিত থাকবে। মহান আল্লাহ স্বয়ং এর হিফাযতের দায়িত্ব নিয়েছেন।
২। আল্লাহর সাহায্য ছাড়া কুরআন হিফ্য করা সম্ভব নয়।
৩। সৎ সঙ্গী দ্বারা উপকৃত হওয়া যায়।
৪। উত্তম মজলিসে অংশগ্রহণকারী উক্ত মসলিস দ্বারা উপকৃত হয়।
৫। শিক্ষকের জন্য মুস্তাহাব হল, শিক্ষার্থীকে কোন কাজের মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়া।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।