hadith book logo

মানবাধিকার প্রতিষ্ঠায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান

লেখকঃ ড. মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা:

সাম্প্রতিককালে বিশ্বব্যাপী মানবাধিকার প্রসঙ্গটি নানাভাবে আলোচিত-সমালোচিত হচ্ছে। মানবাধিকারের মানদণ্ড, সমাজভেদে তার প্রয়োগগত সংজ্ঞা, সীমা ও ব্যাখ্যা সম্পর্কেও তৈরি হচ্ছে নানা বিতর্ক। মানবাধিকার রক্ষা বা প্রতিষ্ঠায় উন্নত দেশসমূহের গৃহীত পদক্ষেপ উন্নয়নশীল সমাজে প্রকৃতপক্ষে মানুষের মূল্য মর্যাদার ও অধিকার প্রতিষ্ঠায় সহায়ক নাকি অধিকার হরনের নতুন পন্থা সে সম্পর্কেও উন্নত, উন্নয়নশীল সব সমাজেই চলছে ব্যাপক আলোচনা। প্রাসঙ্গিকভাবেই জাতিসংঘের বিশ্ব মানবাধিকার ঘোষণার বিষয়টি সেসব আলোচনা, সমালোচনায় চলে আসছে। কিন্তু অনেকের হয়ত ধারণা নেই, মানবিক মূল্য-মর্যাদা তথা মানবাধিকারের ব্যাপক বিস্তৃতি বিষয়ে সুস্পষ্ট দিক-নির্দেশনা ও প্রায়োগিক উদাহরণের মাধ্যমে একটি অনুসরণযোগ্য সার্বজনীন আদর্শ সেই সপ্তম শতাব্দীর শুরুতেই একজন মহাপুরুষ প্রতিষ্ঠা করেছিলেন অত্যন্ত সফলভাবে। তিনি বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। আজকের প্রেক্ষাপটে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সেসব মানবতাবাদী নীতি-দর্শন নতুন করে অধ্যয়ন ও পর্যালোচনার দাবী রাখে। কারণ তাতে হয়ত দেখা যাবে সমকালীন বিশ্বে মানুষের সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় সেসব নীতি-দর্শনের প্রয়োগ কেবল গ্রহণযোগ্য বা প্রয়োগ উপযোগীই নয় বরং অনেক ক্ষেত্রে একান্ত আবশ্যকীয়। বক্ষ্যমাণ প্রবন্ধে আমরা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর সেসব যুগান্তকারী সুদূরপ্রসারী দর্শনের প্রধান কতকগুলো দিক সম্পর্কে আলোচনা করব।