১
আল্লাহর পথে দাওয়াত
লেখকঃ ড. আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৩
ওয়াজিব-সুন্নাত বর্জন করা বা হারাম-মাকরূহে লিপ্ত হওয়া
নিজের ব্যক্তিগত দায়িত্ব ও অপরের প্রতি আমার দায়িত্বের মধ্যে পার্থক্য বুঝা আমাদের জন্য জরুরি। অনেক সময় দ্রুত ফলাফল লাভের চিন্তা মুমিনকে অন্যের ভালো করার প্রচেষ্টায় নিজে অন্যায় করতে প্ররোচিত করে। যেমন, একজন মদ খাচ্ছেন। তাকে দা‘ওয়াত দেওয়ার জন্য আমি তার সাথে বসে কিছু মদ পান করি অথবা একজন বেপর্দা মহিলাকে দা‘ওয়াত দেওয়ার জন্য আমিও নিজের পর্দা নষ্ট করি। এভাবে দা‘ওয়াতের নামে সিনেমা ইত্যাদি দেখা, জামা‘আতে সালাত নষ্ট করা, দাড়ি কাটা বা অন্য কোনো শরী‘আত নিষিদ্ধ বা আইন বিরুদ্ধ কাজ করা সবই এ পর্যায়ের। অনেক সময় শয়তানি প্ররোচনায় মুমিন এগুলোকে দা‘ওয়াতের ক্ষেত্রে হিকমত ও প্রজ্ঞা বলে মনে করতে পারেন। আসলে বিষয়টি বিভ্রান্তি। হিকমতের অর্থ দা‘ওয়াত গ্রহণকারীর মানসিক প্রস্তুতির আলোকে শরী‘আত অনুসারে দা‘ওয়াত প্রদান। নিজে পাপে লিপ্ত হওয়া বা নিজের নেক আমল নষ্ট করা কখনই হিকমত নয়, বরং নফসানিয়্যাত ও প্রবৃত্তির অনুসরণ।