hadith book logo

ইসলামী দাওয়াহ প্রসারে গণমাধ্যমের অবদান

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

খ. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর দা‘ওয়াতী কর্মে গণমাধ্যমের ব্যবহার

মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে শ্রেষ্ঠ দা‘ঈ হিসেবে এ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। মানুষকে জান্নাতের সুসংবাদদান ও জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করাসহ কল্যাণের পথে আহবান করা ছিল তাঁর একমাত্র কাজ। তাঁর পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ বলেন,

﴿ يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِنَّآ أَرۡسَلۡنَٰكَ شَٰهِدٗا وَمُبَشِّرٗا وَنَذِيرٗا ٤٥ وَدَاعِيًا إِلَى ٱللَّهِ بِإِذۡنِهِۦ وَسِرَاجٗا مُّنِيرٗا ٤٦ ﴾ [ الاحزاب : ٤٥، ٤٦ ] [.সূরা আল্-আহযাব : ৪৫, ৪৬।]

‘‘হে নবী! অবশ্যই আমরা আপনাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। এবং আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপরূপে।’’

মূলতঃ দা‘ওয়াতের মাধ্যমেই রোম, পারস্যসহ পৃথিবীর দিগদিগন্তে ইসলাম ছড়িয়ে পড়েছিল। যুদ্ধের ময়দানেও রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শত্রুবাহিনীকে দীন গ্রহণের দা‘ওয়াত দিতেন। এভাবে ৮ম হিজরীতে বিনা রক্তপাতে মক্কা বিজয় করে চিরশত্রুকেও ক্ষমা করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ইসলাম বিদ্বেষী পাশ্চাত্য পন্ডিতবৃন্দ ‘তলোয়ারের সাহায্যে দীন প্রচার হয়েছিল’ মর্মে অপপ্রচার চালাচ্ছে। যা কখনও বিশুদ্ধ নয়। বরং সমকালীন শ্রেষ্ঠ মিডিয়ার অনুসরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দা‘ওয়াতী কাজে নিয়োজিত ছিলেন। নিম্নে তাঁর দা‘ওয়াহ কর্মে গণমাধ্যমের ব্যবহার সম্পর্কে আলোকপাত করা হলো: