hadith book logo

ইসলামী দাওয়াহ প্রসারে গণমাধ্যমের অবদান

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

তিন. জন সমাবেশস্থলে গমন

দা‘ওয়াত দানকারী সর্বদা মাদ‘উ তথা দা‘ওয়াতের উদ্দিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য যে সব স্থানে জনগণ একত্রিত হয় এবং অধিক সংখ্যক সমাগম থাকে সেখানে গমন করেন। তৎকালীন আরবে মানুষ সাধারণত কোন মেলা অথবা বাজার কেন্দ্রিক জড়ো হতো। ফলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কুরাইশগণ সেসব স্থানে জনমত তৈরী করতো। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামও মক্কার প্রসিদ্ধ মেলার স্থান ও বাজারে দীন প্রচারের জন্য গমণ করতেন। সে সময়ে ছয়টি স্থান প্রসিদ্ধ ছিল যেখানে মেলা সংগঠিত হতো এবং বাজার বসতো। [.আল-আওয়ানী, ফুয়াদ তাওফীক, আস্-সাহাফাতুল ইসলামীয়্যাহ ওয়া দাওরুহা ফীদ্-দাওয়াহ, বৈরুত: মুআস্-সাসাতুর রিসালাহ, ১৯৯৩, পৃ. ২২।] এসব বাজারে তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের প্রতি আহবান জানাতেন। এটা ছিল কোনো সভা অনুষ্ঠানের মাধ্যমে অথবা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে। কোথাওবা গ্রুপ ভিত্তিক আবার কোথাও জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দান প্রভৃতির সাহায্যে তিনি দা‘ওয়াতী কাজ করতেন। এভাবে তাঁর দাওয়াতে অসংখ্য মানুষ আকৃষ্ট হয়েছিল। [.Puthige, op-cit, P. 110]

এছাড়া রাস্তা গমনাগমনের সময় তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সালাম-বিনিময় করতেন, রাস্তা হতে কষ্টদায়ক জিনিস দূর করতেন, মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতেন। শুধু তাই নয়, এসব কাজকে তিনি রাস্তার হক বলে চিহ্নিত করেছেন। সহীহ বুখারীতে এসেছে,

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالجُلُوسَ بِالطُّرُقَاتِ فَقَالُوا : يَا رَسُولَ اللَّهِ، مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُدٌّ نَتَحَدَّثُ فِيهَا، فَقَالَ إِذْ أَتَيْتُمْ إِلَّا المَجْلِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ قَالُوا : وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ المُنْكَرِ

‘‘আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত নিশ্চয় নবী-করিম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা হতে বিরত থাক। অতঃপর তারা বলল: হে আল্লাহর রাসূল আমাদের পরস্পরের মাঝে আলাপচারিতার (রাস্তা বাদে) আর কোনো স্থান নেই। তারপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা বসবে তবে রাস্তার হক আদায় করবে। রাস্তার হক কী হে আল্লাহর রাসূল? তিনি বলেন, চক্ষু সংযত রাখবে, কষ্টদায়ক জিনিস হতে দূরে থাকবে, আর সালামের জবাব দিবে, সৎকাজে আদেশ দিবে, অসৎকাজে নিষেধ করবে [.ইমাম বুখারী, সহীহ, প্রাগুক্ত, হাদীস নং ৬২২৯।]।