hadith book logo

উপদেশতত্ত্ব

লেখকঃ আকীল ইবন মুহাম্মাদ আল-মাকতিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

উপদিষ্টের আদব বা বৈশিষ্ট্য

১. উপদেশ গ্রহণ করা: উপদিষ্ট ব্যক্তির উচিৎ সত্যকে গ্রহণ করার মানসিকতা পোষণ করা। কেননা আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর ব্যাপারে কথিত আছে যে, তিনি যখন খেলাফতের দায়িত্ব লাভ করেন, তখন তিনি বলেছিলেন: “তোমাদের পরিচালনায় যতক্ষণ আমি আল্লাহর আনুগত্য করি, ততক্ষণ তোমরা আমার অনুসরণ করবে, আর যখন এর ব্যতিক্রম করব, তখন তোমরা আমাকে সঠিক পথে পরিচালিত করবে।”

আর উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন দেনমোহর নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তখন জনৈক মহিলা এসে তাঁকে বলল: আপন কি আল্লাহর বাণী শুনেন নি? আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَءَاتَيۡتُمۡ إِحۡدَىٰهُنَّ قِنطَارٗا فَلَا تَأۡخُذُواْ مِنۡهُ شَيۡ‍ًٔاۚ أَتَأۡخُذُونَهُۥ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا﴾ [ النساء : ٢٠ ]

“এবং তাদের একজনকে অগাধ অর্থও দিয়ে থাকে, তবুও তা থেকে কিছুই গ্রহণ করো না। তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচরণ দ্বারা তা গ্রহণ করবে? [সূরা আন-নিসা, আয়াত: ২০], তখন উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ! আপনি ক্ষমা করুন, প্রতিটি মানুষই ওমরের চেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান। অতঃপর তিনি ফিরে এসে মিম্বরে উঠে বলেন, “হে মানব সম্প্রদায়! আমি তোমাদেরকে নারীদের জন্য চারশত দিরহামের বেশি দেনমোহর নির্ধারণ করতে নিষেধ করেছিলাম, সুতরাং এখন থেকে যার যত খুশি তার সম্পদ থেকে তার স্ত্রীকে মোহর হিসেবে দান করতে পারবে।” [আবু ইয়া‘লা আল-মাওসুলী তার মুসনাদে এ বর্ণনাটি উল্লেখ করেন।]

তিনি (উমার রাদিয়াল্লাহু আনহু) আরও একবার জনগণকে উদ্দেশ্য করে বলেছিলেন: তোমরা শোন এবং আনুগত্য কর। অতঃপর জনগণ তাঁকে উদ্দেশ্য করে বলল, আমরা আপনার কথা শুনবও না, মানবও না যতক্ষণ না আমরা জানতে পারব যে, আপনার এই কাপড় কোথা থেকে এসেছে? তখন উমার রাদিয়াল্লাহু আনহু তাঁর পুত্র আবদুল্লাহকে বললেন, তুমি তাদেরকে প্রকৃত বিষয়টি জানিয়ে দাও, তখন আবদুল্লাহ বলেন, আমার পিতা লম্বা মানুষ, পোশাক হিসেবে তার প্রাপ্ত অংশটুকু যথেষ্ট ছিল না বিধায়, আমার অংশটুকুও তাঁকে প্রদান করেছি। আর সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তখন তারা খলিফা উমারকে বলল, এখন আমরা তোমার কথা শুনব এবং মানব।

সুতরাং ভেবে দেখুন উমার রাদিয়াল্লাহু আনহু-এর পদমর্যদার কথা, তিনি কিভাবে সাহাবা রাদিয়াল্লাহু ‘আনহুমদের সমালোচনাকে অকপটে গ্রহণ করে নিতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় হাব্বান ইবন মুনযির রাদিয়াল্লাহু আনহু-এর সৈন্য বাহিনীর অবস্থান পবির্তন বিষয়ক উপদেশ গ্রহণ করেছিলেন। তাছাড়া তিনি খন্দকের যুদ্ধসহ অন্যান্য যুদ্ধেও সাহাবীদের পরামর্শ ও উপদেশ গ্রহণ করেছেন।সুতরাং নসীহত গ্রহণের ক্ষেত্রে আমাদের উচিৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে গ্রহণ করা।