hadith book logo

ইসলামি অর্থনীতি শান্তি ও সমৃদ্ধির অব্যর্থ ব্যবস্থা

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ইসলামি অর্থনীতি:

ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা, সর্ববিষয়কে অন্তর্ভুক্ত করাই যখন ইসলামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাই খুব স্বাভাবিক যে, ইসলামেও মানুষের অর্থনৈতিক কর্মকান্ড সম্পর্কে এমন কিছু নিয়ম-নীতি থাকবে যা তার মৌল চেতনা ও আদর্শের প্রতিনিধিত্ব করে। আর এ সব নিয়ম-নীতির ওপর গড়ে ওঠা ব্যবস্থাই ইসলামি অর্থনীতির রূপ পরিগ্রহ করেছে।

ইসলামি অর্থব্যবস্থার ভিত্তিমূল ইসলামি আকিদাসমূহ। একে কেন্দ্র করেই তার বিকাশ ও বিস্তৃতি। এসব আকিদাই হল ইসলামি অর্থনীতির মৌল চেতনা। যা মানব-প্রকৃতি, তার সুকুমার বৃত্তি ও পরিশীলিত চরিত্র রক্ষায় সাহায্য করে। পূরণ করে ব্যক্তির জীবন ধারণের জরুরি প্রয়োজনসমূহ। এসবই কিন্তু ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্য ও চেতনাকে কেন্দ্র করেই ইসলামি অর্থব্যবস্থার সাধারণ নীতিমালা এবং আনুষঙ্গিক বিন্যাসের স্ফূরণ ও অনুবর্তন। এছাড়াও তা রাষ্ট্রীয় কোষাগারের আয়-ব্যয়ের খাতও নির্ধারণ করে দেয়, যেন ইসলামি রাষ্ট্র ব্যক্তির সকল প্রয়োজন মেটাতে পারে। নিশ্চিৎ করতে পারে সমাজের সার্বিক কল্যাণ। প্রথমে আমরা আলোচনা করব ইসলামি অর্থব্যবস্থার চৈন্তিক ভিত্তি বা মৌল চেতনা ও তার বৈশিষ্ট্যাবলী, তারপর তার সাধারণ নীতিমালা এবং সবশেষে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার নিয়ে।