hadith book logo

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

মাতা-পিতার মৃত্যুর পর তাদের খেদমত করা:

অনেকেই মনে করে মাতা-পিতা মারা যাওয়ার পর তাদের আর খেদমত করার সুযোগ থাকে না। কিন্তু না, মাতা-পিতা মারা যাওয়ার পরও তাদের খেদমত করার সুযোগ থাকে। একজন ব্যক্তি ইচ্ছা করলে তার মাতা-পিতার মৃত্যুর পরও তাদের খেদমত করতে পারে। তাদের জন্য দো‘আ করা, তাদের অসমাপ্ত কর্মগুলো সমাপ্ত করা এবং তাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে ভালো ব্যবহার ও তাদের সম্মান করা। এ গুলোই হল, মাতার-পিতার মৃত্যুর পর তাদের খেদমত। প্রমাণ-

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ : إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ". أَخْرَجَهُ مُسْلِمٌ

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন মানুষ মারা যায়, তখন তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তান যারা তার জন্য দো‘আ করে”। [মুসলিম: ১৬৩১; আবু দাউদ: ২৮৮০]

এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বলল,

" يَا رَسُولَ اللَّهِ، هَلْ بَقِيَ مَنْ بِرَّ أَبَوَيَّ بَعْدَ مَوْتِهِمَا؟ قَالَ : نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ : الدُّعَاءُ لَهُمَا، وَالاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لَا رَحِمَ لَكَ إِلَّا مِنْ قِبَلِهِمَا "

“হে আল্লাহর রাসূল! মাতা-পিতার মৃত্যুর পর তাদের আর কোনও খেদমত করার সুযোগ থাকে কিনা? বললেন, হ্যাঁ, চারটি আমল মৃত্যুর পরও করা যায়। তাদের জন্য দো‘আ করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং এমন আত্মীয়তার সম্পর্ক জোড়া দেওয়া, যাদের সাথে মাতা-পিতার আত্মীয়তা ব্যতীত আর কোনো আত্মীয়তা নেই”। [আবু দাউদ: ৫১৪২; আলবানী হাদিসটিকে দূর্বল বলেছেন।]