hadith book logo

প্রতিবেশীর হক

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

তিন- প্রতিবেশীর দোষ ঢেকে রাখা ও ইজ্জত সম্মান বজায় রাখা:

পাশাপাশি থাকার কারণে একে অপরের ভালো মন্দ কিছু জানাজানি হয়ই। গোপন করতে চাইলেও অনেক কিছু গোপন করা যায় না। প্রতিবেশীর এ সকল বিষয় পরস্পরের জন্য আমানত। নিজের দুনিয়া ও আখিরাতের কল্যাণেই একে অপরের দোষ ঢেকে রাখা জরুরি। আমি যদি তার দোষ প্রকাশ করে দিই তাহলে সেও আমার দোষ প্রকাশ করে দিবে। আর আমি যদি তার দোষ ঢেকে রাখি তাহলে সেও আমার দোষ গোপন রাখবে। আমাকে তো কারও মন্দ আমলের জবাব দিতে হবে না। প্রত্যেকেই তার নিজের আমলের জবাব দিবে। প্রত্যেকেই তার আমল অনুযায়ী প্রতিদান পাবে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿مَّنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۗ ٤٦ ﴾ [ فصلت : ٤٦ ]

“যে ব্যক্তি নেক আমল করে, তা তার কল্যাণের জন্যই করে, আর যে খারাপ কর্ম করে, তার পরিণতি তার উপরই বর্তাবে”। [সূরা ফুসসিলাত, আয়াত: ৪৬]

আমি যদি আমার প্রতিবেশীর দোষ গোপন করি, এর বদৌলতে আল্লাহও আমার এমন দোষ গোপন রাখবেন, যা প্রতিবেশীও জানে না। হাদিসে এসেছে,

«مَنْ سَتَرَ أَخَاهُ الْمُسْلِمَ سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ... »

“যে তার মুসলিম ভাইয়ের দোষ ঢেকে রাখে , আল্লাহও দুনিয়া ও আখিরাতে তার দোষ ঢেকে রাখবেন...”। [সহীহ মুসলিম, হাদিস: ২৫৮০; আবু দাউদ, হাদিস: ৪৯৪৬; ইবনু মাযা, হাদিস: ২২৫]