hadith book logo

প্রতিবেশীর হক

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

তের- প্রতিবেশীকে উপদেশ দেয়া:

একজন প্রতিবেশীর গুরুত্বপূর্ণ হক হল, তাকে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ ও খারাপ কর্ম হতে বিরত রাখতে চেষ্টা করা। তাকে সালাতের দাওয়াত দেয়া, রোজার দাওয়াত দেয়া, মসজিদে যাওয়ার সময় তাকে ডেকে নিয়ে যাওয়া। অন্যথায় সে যদি সালাত আদায় না করে, দ্বীনের উপর না চলে, কিয়ামতের দিন সে আমার বিরুদ্ধে অভিযোগ করবে। সে বলবে, একসাথে থাকতাম কিন্তু আমাকে ভালোকাজের আদেশ দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«أَوَّلُ خَصْمَيْنِ يَوْمَ الْقِيَامَةِ جَارَانِ »،

“কিয়ামতের দিন সর্ব প্রথম বাদী বিবাদী হবে দুই প্রতিবেশী”। [মুসনাদে আহমদ, হাদিস: ১৭৩৭২ হাদিসটি হাসান।]

সবচেয়ে বড় অভিযোগ তোমার বিরুদ্ধে দাড় করাবে, তা হল, তুমি তাকে দ্বীনের ব্যাপারে কোনো নসিহত করোনি। তোমার গলা চেপে ধরে বলবে, হে আমার রব, লোকটি আমাকে দেখছে আমি সালাত আদায় করিনি, কিন্তু সালাত আদায় করতে বলেননি। হে আমার রব, আমাকে বিভিন্ন খারাপ কর্মে লিপ্ত হতে দেখছে কিন্তু আমাকে খারাপ কর্ম হতে বিরত থাকতে উপদেশ দেয়নি। আমাকে আমার পরিবারের মধ্যে নষ্ট দেখছিল কিন্তু সে আমাকে কোনো উপদেশ দেয়নি...ইত্যাদি।

হে আমার মুসলিম ভাই! তুমি তোমার ক্ষমতা দায়িত্ব অনুযায়ী প্রতিবেশীদের উপদেশ দাও। যাতে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে না পারে।