hadith book logo

প্রতিবেশীর হক

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

প্রতিবেশীর আরও হক-

আর প্রতিবেশীর খোঁজ খবর রাখা, বিপদে আপদে এগিয়ে যাওয়া, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, একে অপরের সুখ-দুঃখের শরিক হওয়া, হাদিয়া আদান প্রদান করা, সেবা শুশ্রূষা করা, প্রতিবেশীর কেউ মারা গেলে সান্ত্বনা দেওয়া, কাফন দাফনে শরিক হওয়া, একে অপরের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া, প্রতিবেশীর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া, প্রতিবেশীর কষ্টের কারণ হয় এমন সব ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা, অনুষ্ঠানে দাওয়াত দেওয়া, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেওয়া, চলাচলের রাস্তায় কোনো কষ্টদায়ক কোনো বস্তু ফেলে না রাখা, রাস্তা বন্ধ না করা, ছাদ থেকে তাদের গোপনীয় বিষয় না দেখা, দোষ-ত্রুটি ঢেকে রাখা, তাদের সাথে ভালো ব্যবহার করা, চোখের হেফাজত করা, তাদের খাদেম বা চাকর-বাকর ইত্যাদির প্রতি কু-দৃষ্টি না দেওয়া এবং দুনিয়াও আখিরাতের যাবতীয় কল্যাণ বিষয়ে তাদের উপদেশ দেয়া।

ومن حديث معاذ بن جبل عليه السلام : قالوا : يا رسول الله ! ما حق الجار على الجار؟ قال : «إن استقرضك أقرضته، وإن استعانك أعنته، وإن مرض عدته، وإن احتاج أعطيته، وإن افتقر عدت عليه، وإن أصابه خير هنيته، وإن أصابته مصيبة عزيته، وإذا مات اتبعت جنازته، ولا تستطيل عليه بالبناء فتحجب عنه الريح إلا بإذنه، ولا تؤذيه بريح قدرك إلا أن تغرف له، وإن اشتريت فاكهة فأهدِ له، وإن لم تفعل فأدخلها سرًّا ولا تخرج بها ولدك ليغيظ بها ولده .»

মু‘আয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, একজন প্রতিবেশীর উপর তার অপর প্রতিবেশীর হক কি? রাসূল বললেন, যদি ঋণ চায় ঋণ দেবে, সহযোগিতা চাইলে সাহায্য করবে, অসুস্থ হলে দেখতে যাবে, অভাবে পড়লে অভাব দূর করবে, তার সুখে সুখী হবে, তার দুঃখে দুখী হবে, মারা গেলে জানাযায় শরিক হবে, প্রতিবেশীর বাড়ীর হাওয়া বাতাস বন্ধ করবে না, ফল কিনলে, তার বাড়ীতে হাদিয়া দেবে অন্যথায় লুকিয়ে রাখবে, তোমাদের ছেলেরা হাতে ফল নিয়ে তাদের ছেলেদের দেখাবে না, যাতে তাদের মনে কষ্ট যায়।

প্রতিবেশীর যত হক উপরে উল্লেখ করা হয়েছে সেগুলো তো প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক সবারই হক, সবার ক্ষেত্রে তা প্রযোজ্য। আর প্রতিবেশী যদি মুসলিম হয় বা মুসলিম ও আত্মীয় উভয়টিই হয় তাহলে এসকল হকের সাথে মুসলিম ও আত্মীয় হিসেবে যত হক আছে সবই তাদের প্রাপ্য। এ বিষয়টিও স্মরণ রাখা জরুরি।