hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

তৃতীয় পাঠ : সাওম ও যাকাত

সাওমের পরিচয় :

صَوْمٌ অর্থ বিরত থাকা। সাওয়াব লাভের আশায় সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাকে সাওম বলে। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর রমযানের এক মাস সাওম পালন করা ফরয।

সাওমের ফযীলত :

সাওম একটি ফরয ইবাদত। সাওমের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। সাওম পালনকারী বিভিন্ন পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারে। সাওম পালনকারীকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালবাসেন। তিনি নিজে সাওমের পুরস্কার দেবেন। সাওম পালনকারী পরকালে জান্নাত লাভ করবে।

সাহরী :

সাওম পালনের উদ্দেশ্যে সুবহি সাদিকের পূর্বে পানাহার করাকে সাহরী বলা হয়। সাহরী খাওয়া সুন্নত। সাহরীতে অনেক বরকত রয়েছে।

ইফতার :

সাওম ভঙ্গ করার উদ্দেশ্যে পানাহার করাকে ইফতার বলা হয়। সূর্যাস্তের পর পরই ইফতার করতে হয়। সাওম পালনকারীর জন্য ইফতার খুবই আনন্দকায়ক। কোন সাওম পালনকারীকে ইফতার করানো বড়ই সওয়াবের কাজ।

যাকাতের পরিচয় :

যাকাত অর্থ পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। ইসলাম ধর্মে ধনী ব্যক্তিদের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্রদের জন্য ব্যয় করাকে যাকাত বলা হয়। বছরে একবার সম্পদের যাকাত আদায় করা ফরয।

যাকাতের উপকারিতা :

যাকাত ইসলামের একটি ভিত্তি। যাকাতের মাধ্যমে ধনীদের ধন সম্পদ পবিত্র হয়। গরীবদের অভাব দূর হয়। ধনী ও দরিদ্রদের মধ্যে সু সম্পর্ক সৃষ্টি হয়। যাকাত গরীবের হক। যাকাত আদায় না করলে গুনাহ হয়। যাকাত দিলে আল্লাহ তাআলা খুশী হন। ধন সম্পদে বরকত দেন।

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

ক) অযূ কীভাবে করতে হয়?

খ) গোসলের ফরয কয়টি ও কী কী?

গ) তায়াম্মুম কাকে বলে?

ঘ) যুহরের সালাতের সময় কোনটি?

ঙ) ইমাম কোন সালাতে উচ্চঃস্বরে কিরাত পড়বেন?

চ) সাওম কী?

ছ) যাকাত কাকে বলে?

২। শূন্যস্থান পূরণ কর।

ক) পবিত্র ......... দ্বারা অযূ করতে হয়।

খ) গোসলের মাধ্যমে শরীরের ......... দূর হয়।

গ) সালাত মানুষকে ........ থেকে রক্ষা করে।

ঘ) দৈনিক ........ বার সালাত আদায় করা ফরয।

ঙ) ইচ্ছা করে সালাত ........ করা কুফরী।

চ) صَوْمٌ অর্থ ....... থাকা।

ছ) বছরে একবার সম্পদের ..... আদায় করা ফরয।

৩। সঠিক উত্তর বাছাই কর।

ক) পবিত্রতার প্রথম সোপান কী?

(i) অযূ

(ii) গোসল

(iii) তায়াম্মুম

খ) কী দিয়ে তায়াম্মুম করতে হয়?

(i) পানি

(ii) মাটি

(iii) বরফ

গ) জান্নাতের চাবি কোনটি?

(i) যাকাত

(ii) সাওম

(iii) সালাত

ঘ) সূর্য উঠার আগে কোন সালাত আদায় করতে হয়?

(i) ফজর

(ii) যুহর

(iii) আসর

ঙ) বিতরের সালাতে কী পড়া ওয়াজিব?

(i) সূরা ইখলাস

(ii) তাশাহহুদ

(iii) দোআ কুনূত

চ) সাওম ভঙ্গ করার উদ্দেশ্যে পানাহার করাকে কী বলা হয়?

(i) সাহরী

(ii) ইফতার

(iii) তাকওয়া

ছ) যাকাত কার হক?

(i) ধনীর

(ii) গরীবের

(iii) ব্যবসায়ীর