hadith book logo

আকীদা ও ফিক্হ [ ৩য় শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠ : আদব কায়দা

(ক) সালামের আদব :

এক মুসলমানের সাথে অপর মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দেয়া সুন্নত। কেউ সালাম দিলে সালামের জবাব দেয়া ওয়াজিব। সালাম দেয়ার সময় বলতে হয় اَلسَّلاَمُ عَلَيْكُمْ অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালামের জবাবে বলতে হয় وَعَلَيْكُمُ السَّلاَمُ অর্থাৎ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। রাসূলুল্লাহ (সা.) বেশী বেশী সালাম বিনিময় করতে বলেছেন। তাই মাতা পিতা, শিক্ষক ও মুরুববীদেরকে বেশী করে সালাম দিতে হবে।

কয়েকটি অবস্থায় সালাম বিনিময় করা উচিত নয়

* পেশাব পায়খানা করা অবস্থায়।

* অযূ করা অবস্থায়।

* গোসল করা অবস্থায়।

* সালাত আদায় করা অবস্থায়।

* কুরআন তিলাওয়াত করা অবস্থায়।

* খুৎবার উদ্দেশ্যে ইমাম মিম্বরে থাকা অবস্থায়।

(খ) মুসাফাহার আদব :

এক মুসলমানের সাথে অপর মুসলমানের সাক্ষাত হলে সালামের পর মুসাফাহা করা সুন্নত। মুসাফাহা ডান হাতে করতে হয়। বাম হাতে মুসাফাহা করা বৈধ নয়। ডান হাতের আঙ্গুল ও তালু দ্বারা মুসাফাহা করতে হবে। শুধু আঙ্গুল দ্বারা মুসাফাহা করা যাবে না। মুসাফাহা করার সময় দু’জনেই বলবে يَعْفِرُاللهُ لَنَا وَلَكُمْ অর্থাৎ আল্লাহ আমাকে ও আপনাকে ক্ষমা করুন। দু’জনের মধ্যে বয়সে ও মর্যাদায় যিনি বড়, তিনি মুসাফাহার জন্য আগে হাত বাড়াবেন। তিনি মুসাফাহার জন্য হাত না বাড়ালে ছোটর হাত বাড়ানো উচিত নয়।

(গ) পানাহারের আদব :

সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের পানাহার করতে হয়। পানাহারের কিছু আদব রয়েছে, যেগুলোর প্রতি সকলেরই লক্ষ্য রাখা উচিত।

* بِسْمِ اللهِ বলে পানাহার শুরু করতে হবে।

* পানাহার শেষে اَلْحَمْدُ للهِ স্পষ্ট বলতে হবে।

* ডান হাতে পানাহার করতে হবে। বাম হাতে পানাহার করা যাবে না।

* বসে পানাহার করতে হবে। দাঁড়িয়ে পানাহার করা উচিত নয়।

* পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে পানাহার করতে হবে।

* খাবার শুরুর পূর্বে হাত ধুয়ে নিতে হবে।

* পানাহার করার সময় অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে।

* ধীর স্থির ভাবে পানাহার করতে হবে।

* পানি বা অন্য কিছু পান করার সময় দম নিয়ে নিয়ে পান করতে হবে। এক নিঃশ্বাসে পান করা কিংবা পাত্রে নিঃশ্বাস ফেলা উচিত নয়।

* একই পাত্রে কয়েক জনের খাবার থাকলে যার যার সামনে থেকে খাবার গ্রহণ করতে হবে।

* এক সাথে বসে পানাহারের সময় নিজে আগে না নিয়ে অন্যকে নেয়ার সুযোগ দিতে হবে।

* পানাহারের সময় কোন কিছু অপচয় বা নষ্ট করা যাবে না।