hadith book logo

গল্পে আঁকা ইতিহাস ৪ -দুই ভাইয়ের গল্প

লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

সত্যের মহিমা এবং অসত্যের মরীচিকা

আহমদ নিজের সম্পত্তি সাথে সাথেই কাজে লাগালো, ব্যবসায় খাটালো। ধীরে ধীরে তার ব্যবসায় উন্নতিও হতে লাগলো। বিপুল পরিমাণ মুনাফা অর্জিত হতে লাগলো। বছরে বছরে এখন সে যাকাত আদায় করে। গরীব-দুঃখী ও অসহায়-অভাবীকে হাত খুলে দান করে। এতীমের মাথায় হাত বুলিয়ে দেয়। দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। হারাম কাজে একটি দিরহামও তার নষ্ট হয় না। অন্যায় কাজে একটি পয়সাও তার ব্যয় হয় না। অপচয় তার ভীষণ অপছন্দ। কেননা ‘অপচয়কারীরা শয়তানের ভাই’।

কিছুদিন পর আহমদ বিবাহ করলো। সুন্দর ও আদর্শবতী এক মেয়ে এলো তার বউ হয়ে। কিছুদিন পর এলো কোল-আলোকিত করা এক সন্তান। সব মিলিয়ে আহমদ বেশ ছিলো। নেই অভাব। নেই অশান্তি। নেই কোনো জুট-ঝামেলা। দুনিয়াতে বসেই সে জান্নাতের সুখ অনুভব করতে লাগলো।