hadith book logo

কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি এইডস প্রতিরোধে তরুণদের করণীয়

লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

বিশ্বব্যাপী এইচআইভি/এইডস এর সামগ্রিক পরিস্থিতিঃ

এইচআইভি/এইডস এর কারণে বর্তমান বিশ্ব পরিস্থিতি এক চরম হুমকির সম্মুখীন। এ নীরব ঘাতক মহামারীতে আক্রান্ত হচ্ছে পৃথিবীর একের পর এক দেশ। ডিসেম্বর ২০০৬ সাল পর্যন্ত এইচআইভি সংক্রমিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের সংখ্যা প্রায় ৩ কোটি ৭২ লক্ষ এবং ১৫ বছরের কম বয়সী ছেলে মেয়েদের সংখ্যা ২৩ লক্ষ। শুধুমাত্র ২০০৬ সালে নতুন করে প্রায় ৪৩ লক্ষ মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছে। ১৯৮১ সালে সর্বপ্রথম এইডস রোগী সনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত এ রোগে মৃত্যু হয়েছে ২ কোটি ৫০ লাখেরও লোকের বেশী লোকের। [তথ্যসূত্র : UNAIDS/ WHO, ২০০৬] ১০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এইচআইভি দ্রুত বিস্তার লাভ করছে। বিশ্বে প্রতিদিন ১১ হাজার নারী পুরুষ নতুনভাবে এইচআইভিতে আক্রান্ত হচ্ছে।

১৯৮৯ সালে সর্বপ্রথম বাংলাদেশে এইচআইভিতে সংক্রমিত ব্যক্তি সনাক্ত করা হয়। বর্তমানে বাংলাদেশে এইচআইভিতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা সরকারী হিসাব মতে ৭৫০০ জন। সরকারী তথ্য অনুসারে বাংলাদেশে এখন পর্যন্ত এইচআইভি সংক্রমিত চিহ্নিত ব্যক্তির সংখ্যা ৮৭৪ জন। এদের মধ্যে ২৪০ জন এইডস এ আক্রান্ত এবং এইডস এ মারা গিয়েছে ১০৯ জন। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির মধ্যে এইচআইভি সংক্রমণের হার ১% এর নিচে। [ANSP, ২০০৬] সার্বিকভাবে বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার যদিও অন্যান্য বহু দেশের তুলনায় কম, কিন্তু এতে আত্মতুষ্টির কোন অবকাশ নেই। কেননা, সংক্রমণের সকল ঝুঁকিপূর্ণ আচরণ ও ভৌগলিক অবস্থানগত কারণ বিদ্যমান থাকায় মহামারী আকারে যে কোন সময় অতি দ্রুত এইচআইভি/এইডস এদেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল।