তিনি বলেন, একরাতে রাসূলুল্লাহ ﷺ মাসজিদে সলাত আদায় করলে কতিপয় লোকও তাঁর সাথে সলাত আদায় করলো। পরবর্তী রাতেও তিনি সলাত আদায় করলেন এবং লোক সংখ্যা বেড়ে গেল। অতঃপর তৃতীয় বা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন, কিন্তু রাসূলুল্লাহ ﷺ বের হলেন না। সকালে তিনি বললেন : তোমরা যা করেছ আমি লক্ষ্য করেছি। তোমাদের কাছে বের হয়ে আসতে এ আশঙ্কাই আমাকে বাধা দিয়েছে যে, তোমাদের উপর তা ফরয হয়ে যাবে। এটা ছিল রামাযান মাসের ঘটনা।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : পূর্বেরটির অনুরূপ প্রায়।
হাদীস থেকে শিক্ষা
১। নফল সলাত জামা‘আতে আদায় করা জায়িয।
২। এমন ব্যক্তির ইক্বতিদা করা জায়িয যিনি ইমামতির নিয়্যাত করেননি।
৩। যখন কোন ভাল স্বার্থ এবং ফাসাদ সৃষ্টির ভয়ের মাঝে অথবা দুটি স্বার্থের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হবে তখন অধিক গুরুত্বপূর্ণ দিকটি প্রাধান্য দিবে।
৪। ইমাম বা সর্দার স্বীয় ওযর বশত তার অনুসারীদের কর্ম ও ধারণার বিপরীত কিছু করলে ইমামের উচিত, তার এরূপ বিপরীত করার কারণ উল্লেখ করা, যেন অনুসারীদের অন্তর প্রশান্তি পায়, প্রকৃত বিষয়টি তারা বুঝতে পারে। অন্যথায় তারা বিপরীত ধারণা পোষণ করবে, এমনকি মন্দ ধারণাও।
৫। উম্মাতের প্রতি নাবী ﷺ-এর দয়া। যেন উম্মাতের উপর কঠিন বিধান নাযিল না হয়, যা পালন করা কষ্টকর হবে।
৬। নফল সলাত জামা‘আতে আদায়কালে আযান ও ইক্বামাত দিবে না।
৭। ইবনু বাত্তাল (রহ.) বলেন, রমাযান মাসে জামা‘আতের সাথে ক্বিয়ামুল লাইল আদায় করা সুন্নাত।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।