‘আয়িশাহ (রাযি.) বলেন, আমি প্রচণ্ড শীতের সময় ওয়াহী নাযিলরত অবস্থায় তাঁকে দেখেছি। ওয়াহী শেষ হলেই তাঁর কপাল থেকে ঘাম ঝরে পড়ত।
হাদীস থেকে শিক্ষা
১। নাবী ﷺ-এর নবুওয়াত লাভের প্রমাণ।
২। ওয়াহী নাযিলের পদ্ধতি বর্ণনা।
৩। দ্বীনী তা‘লীম মনোযোগের সাথে শুনা ও মুখস্থ করে রাখা।
৪। ফিরিশতাদের অস্তিত্বের প্রমাণ। এটি নাস্তিক ও দার্শনিকদের বিরুদ্ধে দলীল।
৫। ফিরিশতারা আল্লাহর আদেশে স্বীয় আকৃতি পরিবর্তন করে ভিন্নরূপ ধারণ করতে পারেন।
৬। ওয়াহীর (ভারী ও কষ্টকর) প্রভাব রয়েছে। তন্মধ্যে ঘণ্টা ধ্বনির পদ্ধতিটি অধিক কঠিন।
৭। নাবীগণের উপর ওয়াহী নাযিলসহ তাঁদের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে চাওয়া জায়িয।
৮। প্রশ্নের জবাব অনেকগুলো হলে জিজ্ঞাসিত ব্যক্তি বাছাইকৃত বা ব্যাখ্যামূলক জবাব দিতে পারেন।
নাবী ﷺ-এর উপর ওয়াহী নাযিলের পদ্ধতিসমূহ
(১) কখনো নাবী ﷺ-এর কাছে ঘুমন্ত অবস্থায় স্বপ্নযোগে ওয়াহী আসত। যেমন ‘আয়িশাহ (রাযি.) বলেন : “সর্বপ্রথম নাবী ﷺ-এর প্রতি ওয়াহী আসা আরম্ভ হয় সত্য স্বপ্নযোগে।” (সহীহুল বুখারী)
(২) কখনো ঘণ্টা ধ্বনির ন্যায় ওয়াহী আসত। যেমন, নাবী ﷺ বলেছেন : “কখনো আমার কাছে ঘণ্টা ধ্বনির ন্যায় ওয়াহী আসত।” (সহীহুল বুখারী, আহমাদ)
(৩) কখনো জিবরীল (‘আ.) নাবী ﷺ-এর অন্তঃকরণে কিছু ঢেলে দিয়ে ওয়াহীর ভাব প্রবাহিত করতেন। যেমন, নাবী ﷺ বলেন : “নিশ্চয় রুহুল কুদুস (জিবরীল) আমর অন্তঃকরণে কিছু ঢেলে দেন।” (মুস্তাদরাক হাকিম, আল-ইতক্বান)
(৪) কখনো জিবরীল (‘আ.) মানুষের আকৃতি ধারণ করে ওয়াহী নিয়ে আসতেন। যেমন, নাবী ﷺ বলেন : “তিনি কখনো আমার কাছে মানুষের রূপ ধারণ করে আসতেন”-(সহীহুল বুখারী)। উল্লেখ্য, জিবরীল (‘আ.) সাহাবী দেহইয়া কালবী, জনৈক আরব বেদুঈন প্রমুখের বেশে আসতেন। এগুলো সহীহভাবে প্রমাণিত। (ফাতহুল বারী ১/২৫)
(৫) কখনো জিবরীল (‘আ.) নিজের আসল আকৃতিতে ওয়াহী নিয়ে আসতেন। যেমন, ইবনু মাসউদ (রাযি.) হতে বর্ণিত : “নাবী ﷺ জিবরীল (‘আ.)-কে ছয়শো পাখা বিশিষ্ট দেখেছেন”- (ইবনু আবুদ দুনয়া, ইমাম হাকিম একে সহীহ বলেছেন- ফাতহুল বারী ১/২৬)। উল্লেখ্য, নাবী ﷺ জীবনে মাত্র তিনবার জিবরীল (‘আ.)-কে আসল রূপে দেখেছেন বলে জানা যায়। একবার তিনি তাঁকে আসল রূপে দেখার ইচ্ছা প্রকাশ করায় তিনি স্বরূপে আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়বার মি‘রাজের রাতে এবং তৃতীয়বার নবুওয়াতের প্রাথমিক যুগে মাক্কার ‘আজইয়াদ’ নামক স্থানে জিবরীলকে আসল রূপে দেখেছিলেন। প্রথম দুইবারের কথা সহীহভাবে বর্ণিত হয়েছে। আর তৃতীয়বারের কথা দুর্বল সানাদে বর্ণিত। ‘আয়িশাহ (রাযি.) হতে প্রমাণিত আছে, নাবী ﷺ জিবরীলকে আসল রূপে দুইবার প্রত্যক্ষ করেছেন। (ফাতহুল বারী ও অন্যান্য)
(৬) কখনো পর্দার অন্তরাল থেকে আল্লাহ তা‘আলা নাবী ﷺ-এর সাথে সরাসরি কথা বলতেন। যেমন, কুরআনে এসেছে : “কোন মানুষের জন্য এমন হওয়ার নয় যে, আল্লাহ তার সাথে (ইহজগতে সরাসরি) কথা বলবেন। কিন্তু ওয়াহীর মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে অথবা তিনি কোন দূত প্রেরণ করবেন। অতঃপর আল্লাহ যা চান, সে তা তাঁর অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়।” (সূরাহ আশ-শূরা : ৫১)
আল-ইতক্বান গ্রন্থে রয়েছে, এ পদ্ধতিকে বলা হয় ‘কালামে ইলাহী’। জাগ্রত অবস্থায় নাবী ﷺ এই সম্মান মাত্র একবার মি‘রাজের রাতে লাভ করেছিলেন। আর একবার তিনি স্বপ্নযোগে আল্লাহর সাথে কথা বলার এ সম্মানে ভূষিত হন।