১
ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ প্রেক্ষাপট বাংলাদেশ
লেখকঃ অধ্যাপক রফিকুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
বাংলাদেশে দুর্নীতিঃ
বর্তমানে বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ জীবন যাত্রার প্রায় সকল ক্ষেত্রে দুর্নীতি এক মহা বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এ জঘন্য ব্যাধির করাল গ্রাসে সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছে। বর্তমান সমাজে দুর্নীতির অবস্থান এতই শক্তিশালী যে দেশের সাধারণ মানুষ দুর্নীতির কাছে অসহায় হয়ে একে তাদের ভাগ্য বলে মেনে নিয়েছে। গত ৩২ বছরে বাংলাদেশ পর পর তিনবার দুর্নীতির জন্য বিশ্ববাসীর নজর কেড়েছে। transparencey International এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ২০০১, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫ এ পাঁচ বছরে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশ হিসাবে চিহ্নিত হয়েছে। [ড. মোহাম্মদ জাকির হুসাইন, আর্থ-সামাজিক সমস্যা সমাধানে আল-হাদীসের অবদান : প্রেক্ষিত বাংলাদেশ, প্রাগুক্ত, ৪১১।] বাংলাদেশে বিগত কয়েক বছরে দুর্নীতি এত বিস্তার লাভ করেছে যে, এদেশের যা কিছু ভাল অর্জন যথা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, জামানত ছাড়াই উন্নয়নমূলক ক্ষুদ্র ঋণ কর্মসূচী, ডায়রিয়া প্রতিরোধী ওরস্যালাইনের আবিষ্কার, শিশু মৃত্যুর হার কমানো, নারী শিক্ষা ও রপ্তানীমুখী তৈরী পোশাক শিল্পের প্রসার ইত্যাদিকেই ম্লান করে দিয়েছে। দুর্নীতি এখন শুধু কোন এক সেক্টরের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজ ও রাষ্ট্রের সকল সত্মরে দুর্নীতি মাকড়সার জালের মত বিস্তার লাভ করেছে। এ সম্পর্কে বাংলাদেশের সাম্প্রতিক দুর্নীতির চিত্র সংক্ষেপে উপস্থাপিত হলো: