hadith book logo

শিশু অধিকার প্রতিষ্ঠা এবং মাতৃদুগ্ধদানের গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ ড. হুসাইন আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

বিলম্বিত গর্ভধারণের সহায়ক

শিশু মাতৃস্তন্য পানকালে সাধারণত মায়ের পুনরায় গর্ভসঞ্চারের সম্ভাবনা কম থাকে। শিশুকে স্তন্যদান একটি প্রাকৃতিক গর্ভনিরোধ প্রক্রিয়া। [. আবদেল রহীম উমরান, ইসলামী ঐতিহ্য পরিবার পরিকল্পনা, (অনু. শামছুল আলম, ঢাকা-১৯৯৫), পৃ. ১৩২।] শিশু যদি ঘন ঘন এবং রাতেও দুধ পান করে তাহলে প্রল্যাকটিন ও অন্যান্য হরমোন যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। ফলে বুকের দুধ পান করালে দুসন্তানের জন্মের মাঝে ব্যবধান সৃষ্টি হয়। [. ডাঃ ফিলিসিটি স্যাভেজ, বুকের দুধ খাওয়াতে মায়েদের সাহায্য করা, (অনু. শামীম আহমেদ, ঢাকা: খৃ. ১৯৯৪), পৃ. ১১৪।] মা যখন শিশুকে স্তনের দুধ পান করান তখন মাকে উপযুক্ত বাড়তি খাবার খেতে দিলে স্বাভাবিকভাবে মায়ের স্তনে দুধ বেড়ে যায়। এটা সন্তানের জন্য আল্লাহ তা’আলার নিয়ামত স্বরূপ। এ নিয়ামত যাতে সন্তান পুরোপুরি ভোগ করতে পারেন সেজন্য আল।লাহই সন্তানের দুধপানকালে মায়ের গর্ভে দ্বিতীয় সন্তান দেন না। [. মুহাম্মাদ শফিকুর রহমান, ইসলাম ও পারিবারিক জীবন, (ঢাকা: আই.ই.এম. ইউনিট, খৃ. ১৯৯৫), পৃ. ৫২।] বাংলাদেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এম.কিউ. কে তালুকদারের মতে, শিশুকে প্রথম পাঁচ মাস শুধুমাত্র বুকের দুধ পান করালে এবং সে সময় মায়ের মাসিক না হলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা শতকরা ২ ভাগেরও কম থাকে। তার মতে, যে সমাজে কৃত্রিম জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রচলন কম, সেখানে শিশুকে মাতৃদুগ্ধ দান একটি স্বাভাবিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বেশ কার্যকর। [. আপনার স্বাস্থ্য, তথ্য বহুল স্বাস্থ্য সাময়িকী, সেপ্টেম্ব-৯৫, সংখ্যা।] বুকের দুধ পান করানোর মাধ্যমে সাময়িক জন্মবিরতি পদ্ধতিকে ইংরেজিতে ‘ল্যাম’ পদ্ধতি বলে। এ পদ্ধতিতে সুফল লাভের জন্য নিম্নের নিয়মগুলো মেনে চলা আবশ্যক। [. ডাঃ ফিলিসিটি স্যাভেজ, বুকের দুধ খাওয়াতে মায়েদের সাহায্য করা, (অনু. শামীম আহমেদ, ঢাকা: খৃ. ১৯৯৪), পৃ. ১১৫।]

পাঁচ মাস বয়স পুরো না হওয়া পর্যন্ত শিশুকে বুকে দুধ পান করাতে হবে।

শিশুকে ঘনঘন দুধ পান করাতে হবে। দু’বার পান করার মাঝে দীর্ঘ বিরতী দেয়া যাবে না।

দিনে বা রাতে শিশু যখনই দুধ চাইবে তখনই তাকে বুকের দুধ পান করাতে হবে।

দু’বার দুধ পান করানোর মাঝে বিরতী যেন কোন অবস্থাতেই ছয় ঘন্টার বেশী না হয়।