hadith book logo

বেনামাযীর পরিণতি

লেখকঃ মোঃ আবদুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

প্রকৃত নামাযী কারা

প্রকৃত নামাযীরা তাদের নামাযকে হেফাযত করে থাকে :

প্রকৃত নামাযীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, তারা তাদের নামাযের ব্যাপারে খুবই যত্নবান হয়। নামাযের হুকুম-আহকাম- ফরয, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি যথাযথভাবে পালন করে। মোটকথা রাসূলুল্লাহ ﷺ যেভাবে নামায আদায় করতেন, তারা ঠিক সেভাবেই নামায আদায় করার চেষ্টা করে। নামাযের সময় তারা দুনিয়ার চিন্তা মাথায় রাখে না। আল্লাহ তা‘আলা জান্নাতী লোকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন,

﴿وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوَاتِهِمْ يُحَافِظُوْنَ﴾

আর যারা তাদের নামাযসমূহের হেফাযত করে। (সূরা মু’মিনূন- ৯)

তারা নিয়মিত নামায আদায় করে থাকে :

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, যা নিয়মিত করা হয়। এ কারণে প্রকৃত নামাযীদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, তারা নিয়মিত জামাআতের সাথে নামায আদায় করে থাকে। আল্লাহ তা‘আলা জান্নাতীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন,

﴿اَلَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ دَآئِمُوْنَ﴾

আর যারা নিয়মিত নামায আদায় করে। (সূরা মাআরিজ- ২৩)

হাদীসে এসেছে,

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا اَنَّهَا قَالَتْ سُئِلَ النَّبِيُّ اَيُّ الْاَعْمَالِ اَحَبُّ اِلَى اللهِ قَالَ اَدْوَمُهَا وَاِنْ قَلَّ وَقَالَ اكْلَفُوْا مِنَ الْاَعْمَالِ مَا تُطِيْقُوْنَ

আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ-কে প্রশ্ন করা হলো, কোন্ কাজ আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়? তিনি বললেন, যে কাজ সার্বক্ষণিক ও নিয়মিত করা হয়- যদিও তা (পরিমাণে) কম হয়। তিনি আরো বললেন, তোমার সাধ্যের অতিরিক্ত কাজ নিজের উপর টেনে নিয়ো না। [সহীহ বুখারী, হা/৬৪৬৫; সহীহ মুসলিম, হা/১৮৬৬; মুসনাদে আহমাদ, হা/২৫৩৫৬।]

অতএব নামায শুধু পড়লেই হবে না, বরং প্রকৃত নামাযী হতে হলে নামাযের ব্যাপারে যথাযথভাবে মনোযোগী হতে হবে এবং তা নিয়মিতভাবে আদায় করতে হবে।