তিনি বলেন, মাদীনায় আনসারদের মধ্যে আবূ তালহাই সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন এবং তাঁর সম্পদের মধ্যে বায়রুহা (নামক বাগানটি) সবচেয়ে প্রিয় ছিল। আর এটা মাসজিদের (নাববীর) সামনে অবস্থিত ছিল। রাসূলুল্লাহ ﷺ (মাঝে মধ্যে) সেখানে প্রবেশ করতেন এবং সেখানকার উৎকৃষ্ট পানি পান করতেন।
অতঃপর যখন এ আয়াত নাযিল হলো : “তোমরা যা ভালবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনো তোমরা পূণ্য অর্জন করতে পারবে না”- (সূরাহ আলে ইমরান : ৯২), তখন আবূ তালহাহ (রাযি.) রাসূলুল্লাহ ﷺ-এর সামনে এসে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ তাঁর কিতাবে বলেছেন : “তোমরা যা ভালবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনো তোমরা পূণ্য অর্জন করতে পারবে না”- (সূরাহ আলে ইমরান : ৯২)। আর আমার সম্পদের মধ্যে বায়রুহা (নামক বাগানটি) আমার নিকট সবচেয়ে প্রিয়। সুতরাং আমি ওটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। এর সাওয়াব ও প্রতিদান আমি আল্লাহর নিকট প্রত্যাশা করছি। সুতরাং হে আল্লাহর রাসূল! আপনি ওটাকে যেখানে ভাল মনে করেন, খরচ করেন।
নাবী ﷺ বললেন, বাহ! এ সম্পদ তো চলে যাওয়ার, এ সম্পদ তো চলে যাওয়ার। তুমি এ সম্পর্কে যা বললে, আমি তা শুনলাম এবং আমি এটাই ন্যায়সঙ্গত মনে করি যে, এটা তুমি তোমার আত্মীয়-স্বজনদের মধ্যে ভাগ করে দিবে। আবূ তালহাহ (রাযি.) বললেন, হে আল্লাহর রাসূল! আমি তাই করব। তারপর আবূ তালহাহ (রাযি.) বাগানটি তার নিকটাত্মীয় ও চাচাতো ভাইদের মধ্যে তা ভাগ করে দিলেন।
ইসমাঈল (রহ.) মালিক (রহ.) থেকে অনুরূপ হাদীস বর্ণনায় ইয়াহইয়া (রহ.)-এর অনুসরণ করেছেন। রাওহ মালিক (রহ.) হতে বর্ণনা করেছেন, এতে তিনি ‘রায়িহুন’ (প্রস্থানকারী) শব্দের স্থলে ‘রাবিহুন’ (লাভজনক) শব্দ বলেছেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসে আবূ তালহার এ উক্তিতে فَضَعْهَا يَا رَسُولَ اللهِ حَيْثُ شِئْتَ -এ বাক্যে।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : প্রতিনিধিত্বে প্রস্তাব দেয়া ও তা গ্রহণের প্রয়োজনীয়তা বুঝানো। যদি প্রতিনিধির পক্ষ থেকে গ্রহণ না হয়, তবে প্রতিনিধিত্ব শুদ্ধ হবে না।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।