hadith book logo

ব্যবসায়িক পণ্যের যাকাত

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ব্যবসায়ী কীভাবে ব্যবসায়িক পণ্য থেকে যাকাত নির্ধারণ করবে?

ব্যবসায়ী কর্তৃক নির্ধারিত যাকাতের বছর পূর্ণ হলে পূর্বোক্ত নিয়মানুসারে যেগুলো ব্যবসায়িক পণ্য হিসেবে ধর্তব্য সেগুলোর মূল্য নির্ধারণ করবে। অতঃপর এ অর্থ তার নগদ অর্থের সাথে একত্রিত করবে (উক্ত নগদ অর্থ ব্যবসায়ে বিনিয়োগ করুক বা না করুক)। এ অর্থের সাথে ঋণের যে অর্থ সহজে পাওয়ার সম্ভাবনা রয়েছে (পূর্বোক্ত নিয়মানুযায়ী) সে অর্থ যোগ করবে। অতঃপর, ব্যবসায়ীর ওপর এক বা একাধিক ব্যক্তির ঋণ থাকলে সে অর্থ বিয়োগ (বাদ) করবে। অতঃপর অবশিষ্ট অর্থ নিসাব পরিমাণ ও বছর অতিবাহিত হলে ২.৫% হারে যাকাত আদায় করবে।

ইমাম আবূ উবাইদ রহ. মাইমূন ইবন মিহরান রহ. থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন,

«إِذَا حَلَّتْ عَلَيْكَ الزَّكَاةُ فَانْظُرْ مَا كَانَ عِنْدَكَ مِنْ نَقْدٍ أَوْ عَرْضٍ لِلْبَيْعِ، فَقَوِّمْهُ قِيمَةَ النَّقْدِ، وَمَا كَانَ مِنْ دَيْنٍ فِي مَلَاءَةٍ فَاحْسِبْهُ، ثُمَّ اطْرَحْ مِنْهُ مَا كَانَ عَلَيْكَ مِنَ الدَّيْنِ، ثُمَّ زَكِّ مَا بَقِيَ» .

“যখন তোমার ওপর যাকাত ফরয হবে তখন তোমার কাছে যে নগদ ও ব্যবসায়ী পণ্য আছে সেগুলো দেখো। পণ্যকে নগদ অর্থের মূল্যে মূল্য নির্ধারণ করো। এর সাথে আদায় করতে সামর্থ্য যোগ্য ঋণের অর্থ একত্রিত করো। অতঃপর তোমার ওপর ঋণ থাকলে তা বিয়োগ করো। অতঃপর অবশিষ্ট সম্পদে যাকাত আদায় করো।” [কিতাবুল আমওয়াল, আবু ‘উবাইদ আল-কাসিম ইবন সাল্লাম, পৃষ্ঠা ৫২১, আসার নং ১১৮৪; আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, ড. ওয়াহবা যুহাইলী, ১০/৫৭১।]