hadith book logo

ব্যবসায়িক পণ্যের যাকাত

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

ব্যক্তি ব্যবহৃত সম্পদ ও ব্যবসায়িক সম্পদের মধ্যে পার্থক্য:

যেসব সম্পদ কোনো ব্যক্তি তার ব্যক্তিগত সঞ্চয় ও ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখে, ব্যবসা করে লাভের উদ্দেশ্যে ক্রয় করে না তা ব্যক্তির ব্যক্তিগত ব্যবহৃত সম্পদ বলে গণ্য হবে এবং এতে যাকাত আসবে না। এসব সম্পদের মধ্যে ধর্তব্য হবে তার বসবাসের জায়গা, ঘর-বাড়ি ও ব্যবসার ব্যবহৃত মূল জিনিসপত্র ও যন্ত্রপাতি। এসব জিনিস ব্যবসায়িক বা ফ্যাক্টরির মালিক তার ব্যবসার জিনিসপত্র সংরক্ষণ করার নিয়তে ক্রয় করে থাকেন। এগুলো উৎপাদনের যন্ত্রপাতি হিসেবে গণ্য। যেমন, ব্যবসায় ব্যবহৃত যন্ত্রপাতি, ফ্যাক্টরির ভবন, দোকান-পাটের জায়গা, গাড়ি, খাদ্যদ্রব্য, যেসব জায়গা ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হয় নি, ব্যবসায় ব্যবহৃত পাত্র, গোলাঘর, শো-রুমে ব্যবহৃত শেলফ, চেয়ার, টেবিল, ফার্নিচার ইত্যাদি ব্যবসায়িক পণ্য হিসেবে ধর্তব্য হবে না। এসব সম্পদ ব্যবসায়ে ব্যবহৃত স্থির মূলসম্পদ, এগুলো যাকাতের সম্পদের মধ্যে ধরা হবে না। তাই এতে যাকাত ফরয হবে না।

অন্যদিকে ব্যবসায়িক সম্পদ হলো যা ব্যবসায়িক উদ্দেশ্যে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। মূল উদ্দেশ্য হিসেবে অথবা প্রচলিত প্রথা অনুযায়ী এগুলোকে চিহ্নিত করা হবে। অর্থাৎ ব্যবসায়ী বা ফ্যাক্টরির মালিক পণ্যটি ক্রয় করার সময়ই ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেছেন। যেমন, পণ্যসামগ্রী, আসবাবপত্র, যন্ত্রপাতি, গাড়ি, জায়গা-জমি ইত্যাদি যা ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে। এতে যাকাত ফরয হওয়ার শর্তাবলী পূর্ণ হলে যাকাত ফরয হবে।