hadith book logo

ব্যবসায়িক পণ্যের যাকাত

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

সরাসরি পণ্যদ্রব্য থেকে নাকি তার মূল্যমান থেকে যাকাত প্রদান করা হবে?

ব্যবসায়িক পণ্যের যাকাতের মূল হলো পণ্যটির বাজারদর নির্ধারণ করে তা থেকে যাকাত আদায় করা, ইতোপূর্বে যেভাবে আলোচনা করা হয়েছে। অতএব, সরাসরি পণ্যদ্রব্য থেকে যাকাত না দেওয়াই উত্তম। কেননা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি হিমাস রাদিয়াল্লাহু ‘আনহুকে বলেছেন,

«يَا حِمَاسُ، أَدِّ زَكَاةَ مَالِكَ، فَقُلْتُ : مَا لِيَ مِنْ مَالٍ، إِنَّمَا أَبِيعُ الْجِعَابَ وَالْأُدْمَ، فَقَالَ : أَقِمْهَا ثُمَّ أَدِّ زَكَاتَهَا» .

“উমার রাদিয়াল্লাহু ‘আনহু হিমাস রহ.-কে বললেন, হে হিমাস, তুমি তোমার সম্পদের যাকাত আদায় করো। তখন হিমাস রহ. বললেন, আমার তো (তেমন কোনো) সম্পদ নেই। আমি তূণ (তীর রাখার থলে) ও চামড়া বিক্রি করি। উমার রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, তুমি এর মূল্য নির্ধারণ করে এর যাকাত দাও।” [আল-আমওয়াল, ইবন যানজুওয়াই, ৩/৯৪১, হাদীস নং ১৬৮৭; মুসান্নাফ ইবন আব্দুর রায্‌যাক, হাদীস নং ৭০৯৯; মুসান্নাফ ইবন আবূ শাইবাহ, হাদীস নং ১০৪৫৬; সুনান আল-কুবরা লিল বাইহাকী, ৪/২৪৮, হাদীস নং ৭৬০৩।]

তাছাড়া পণ্যের মূল্য দ্বারা যাকাত আদায় করলে গরীবের জন্য বেশি উপকার হবে। কেননা সে এর দ্বারা তার বিভিন্ন প্রয়োজন মেটাতে পারবে।

তবে সরাসরি পণ্যদ্রব্য দ্বারাও যাকাত আদায় করা জায়েয। কেননা এতে যাকাত প্রদানকারীর জন্য অনেক সময় কষ্ট সহজ হয় এবং ব্যবসায়ীর কাছে নগদ অর্থ নাও থাকতে পারে। তাছাড়া সরাসরি পণ্যদ্রব্য দ্বারাও যাকাত গ্রহণকারী উপকৃত হতে পারে।