hadith book logo

গল্পে আঁকা ইতিহাস ২ -অপরাধী ও পুলিশ

লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

চোখ মেলে তাকাও, চোখে চোখে চোখ রাখো

আমার কথা শেষ হলো। শেকলবাঁধা বন্দি তখন ম্লান হেসে বললো, ‘আমার দিকে তাকাও! দেখো আমায় চিনতে পারো কি না! হ্যাঁ, আমিই তোমার সেই হতভাগ্য মেজবান! তোমার সেই আশ্রয়দাতা! জুলুম ও ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আমি বন্দি, দেশোদ্রোহী! হয়তো আগামীকালের সূর্যোদয়ই আমার জীবনের শেষ সূর্যোদয়! কিছুক্ষণের জন্যে আমি বিস্ময়ে হতবাক হয়ে থাকলাম।

আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না!

হ্যাঁ, সত্যিই তো!

এই তো আমার সামনেই বসে আছেন—

আমার খোঁজে-ফিরা সেই বন্ধু!

আমার সেই মহানুভব মেজবান!

সেই অতি মানবীয় গুণের মানুষটি!

এতোক্ষণ কেন আমি তাকে চিনতে পারলাম না?

কী লজ্জা!

স্নেহ-মমতা, ভালোবাসা-কৃতজ্ঞতা ও দরদ-হামদর্দির বিভিন্ন অনুভূতি এক সাথে যেনো আমার হৃদয়ে তোলপাড় করতে লাগলো! আমি উঠে গিয়ে পরম মমতায় তাকে বুকে জড়িয়ে ধরলাম! তাঁর ঘর্মাক্ত ললাটে চুম্বন করে বললাম- বন্ধু! ক্ষমা করো বন্ধু! ক্ষমা করো এ-অধমকে! অনেক দেরী হলো চিনতে তোমাকে! খুলে বলো আমাকে তোমার ঘটনা! তুমি যে নিরপরাধ- সে আমি বিশ্বাস করি! অবশ্যই বিশ্বাস করি! কার রোষানলে পড়ে তোমার এই বন্দি দশা?!