hadith book logo

গল্পে আঁকা ইতিহাস ২ -অপরাধী ও পুলিশ

লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

শেষ পর্যন্ত বিবেক!

আল্লাহ আমাকে পথ দেখালেন। নফস আর বিবেকের এ লড়াইয়ে শেষ পর্যন্ত বিবেকই বিজয়ী হলো। মানবতার লাজ রক্ষা পেলো। ভয়-ভীতি ও দ্বিধা-দ্বন্দ্বের উপর এই বিশ্বাসের জয় হলো যে, আমি তো এক মুসলমান! মুসলমান তো প্রবৃত্তি ও বিবেকের দ্বিধা-দ্বন্দ্বের সময় সে পথই গ্রহণ করে যা আল্লাহকে সন্তুষ্ট করে। আমার সামনে এখন বসে আছেন এক অসহায় মজলুম ইনসান, যিনি একদিন আমার জীবন রক্ষা করেছিলেন। আজ আমি যদি তার হাত না ধরে জুলুমের হাতকে শক্তিশালী করি তাহলে আল্লাহর না-রাজি (অসন্তুষ্টি) ছাড়া কিছুই পাবো না আমি।

আর যদি উপকারী বন্ধুর পাশে দাঁড়াই, এক মজলুমের জন্যে জীবন-মরণের ঝুঁকি নিই, তাহলে খলীফা হয়তো না-রাজ (অসন্তুষ্ট) হবেন কিন্তু আল্লাহ আমার প্রতি অবশ্যই সন্তুষ্ট হবেন। আর আল্লাহর সন্তুষ্টিই তো এক মুসলমানের চরম ও পরম কাম্য।

আমার মনে পড়লো হযরত হাসান বসরীর কথা। ইরাকের শাসনকর্তা ইবনে হোবায়রা একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন— ‘খলীফা ইয়াজিদ বিন আবদুল মালিক অনেক সময় আমাকে অন্যায় আদেশ করে বসেন। অধীনস্থ হওয়ার কারণে আমি তা অমান্য করতে পারি না। এখন আমার কী করণীয়?’

জবাবে হযরত হাসান বসরী বললেন, ‘ইবনে হোবায়রা! তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে খলীফা ইয়াজিদকে অসন্তুষ্ট করো তাহলে আল্লাহ তোমাকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করবেন। কিন্তু ইয়াজিদকে সন্তুষ্ট করতে গিয়ে যদি আল্লাহকে অসন্তুষ্ট করো তাহলে ইয়াজিদ তোমাকে আল্লাহর ক্রোধ থেকে বাঁচাতে পারবে না।