hadith book logo

গল্পে আঁকা ইতিহাস ২ -অপরাধী ও পুলিশ

লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

কে এই বন্দি!

আলেফ লায়লা’র খলীফা হারুন রশীদ। তাঁর পুত্র খলীফা মামুন রশীদের যুগের ঘটনা। তাঁর পুলিশ বিভাগের প্রধান ছিলেন আব্বাস। আমি তোমাদের সামনে ইতিহাসের যে গল্প নিয়ে বসেছি সে গল্পের প্রধান দুই চরিত্রের একজন হলেন এই আব্বাস।

সুতরাং তার মুখেই শোনা যাক ঘটনার বিবরণ— ‘আমি খলীফা আল-মামুনের পুলিশ বিভাগের প্রধান। আমার নাম আব্বাস। একদিন খলীফা আমাকে তলব করলেন একদম সন্ধ্যাবেলায়। গিয়ে দেখি, তাঁর সামনে শেকলবাঁধা এক বন্দি। গুরুগম্ভীর স্বরে খলীফা আমায় কাছে ডাকলেন ‘আব্বাস!’

‘হুকুম করুন আমীরুল মু’মিনীন!’

‘বন্দিকে তোমার হেফাজতে রাখো। ভোর বেলা আমার সামনে হাজির করবে। সাবধান! পালায় না যেনো। তাহলে কিন্তু তুমিই দায়ী হবে।’

ব্যাপারটার নাজুকতা উপলব্ধি করে আমি পুলিশ ডাকলাম। বললাম, ‘কড়া পাহারায় একে আমার সাথে নিয়ে চলো।’

পথে এসে ভাবলাম- একে যদি কয়েদখানায় রাখি আর কোনোভাবে পালিয়ে যায়, তাহলে আমাকেই পড়তে হবে খলীফার রোষে। সুতরাং একে আমার বাড়িতে আমার চোখের উপর রাখাই অধিক নিরাপদ।