hadith book logo

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য

লেখকঃ শাইখ সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

অহুদের যুদ্ধ

এ যুদ্ধের ঘটনাবলী সম্পর্কে আল্লাহ তা‘আলা সূরা আলে-ইমরানের ষাটটি আয়াত নাযিল করেছেন। এ সূরাতে সাহাবীদের প্রশংসা ও মর্যাদা সম্পর্কে যা এসেছে তা নিয়ে আলাদাভাবে গবেষণা করা যায়।

আয়াতের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সৈন্যবাহিনী সাহাবীদের মধ্যকার সম্পর্ক ও আল্লাহর প্রতি তাদের ঈমানের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿ وَإِذۡ غَدَوۡتَ مِنۡ أَهۡلِكَ تُبَوِّئُ ٱلۡمُؤۡمِنِينَ مَقَٰعِدَ لِلۡقِتَالِۗ ١٢١ ﴾ [ ال عمران : ١٢١ ]

“আর স্মরণ কর, যখন তুমি তোমার পরিবার পরিজন থেকে সকাল বেলায় বের হয়ে মুমিনদেরকে লড়াইয়ের স্থানসমূহে বিন্যস্ত করেছিলে”। [আলে ইমরান: ১২১]

এর পরের আয়াতে এ যুদ্ধের ঘটনা বর্ণনা করা হয়েছে, এমনকি যে আয়াতে পরাজয়ের গ্লানির কথা বলা হয়েছে সেখানে আল্লাহ বলেছেন, “আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছেন”। এখানে তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করা হয়েছে। এ যুদ্ধের পরের ঘটনা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। বরং এ যুদ্ধে স্পষ্ট বিজয় ছিল মুসলমানদের এবং তাদের ভয়ে কুরাইশগণ পালায়ন করেছিল। মু’মিনগণ আল্লাহর অশেষ মেহেরবানীতে ফিরে এসেছেন। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿ ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدۡ جَمَعُواْ لَكُمۡ فَٱخۡشَوۡهُمۡ فَزَادَهُمۡ إِيمَٰنٗا وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ وَنِعۡمَ ٱلۡوَكِيلُ ١٧٣ فَٱنقَلَبُواْ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ لَّمۡ يَمۡسَسۡهُمۡ سُوٓءٞ وَٱتَّبَعُواْ رِضۡوَٰنَ ٱللَّهِۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَظِيمٍ ١٧٤ ﴾ [ ال عمران : ١٧٣، ١٧٤ ]

“যাদেরকে মানুষেরা বলেছিল যে, ‘নিশ্চয় লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে। সুতরাং তাদেরকে ভয় কর’। কিন্তু তা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক’! অতঃপর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিআমত ও অনুগ্রহসহ। কোন মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। আর আল্লাহ মহা অনুগ্রহশীল”। [আলে ইমরান: ১৭৩-১৭৪]

তাদের ঈমান বৃদ্ধির ব্যাপারে মহান আল্লাহর সাক্ষ্য এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। এ কথা সর্বজন স্বীকৃত যে, যারা অহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন তারা সবাই “হামরা আল-আসাদ” [“হামরা আল-আসাদ” হলো মক্কার পথে মদীনা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত একটি স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছল যে, অহুদের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পরে কুরাইশরা আবার মদীনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ফলে একজন আহ্বানকারী জিহাদের ডাক দিলেন। যারা অহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই এ যুদ্ধের উদ্দেশ্যে বের হলেন। সাহাবীগণ শরীরের ক্ষত ও যন্ত্রণা সত্বেও সবাই বের হলেন। জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওজরের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে ওহুদের যুদ্ধে উপস্থিত হন নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ যুদ্ধে (হামরা আল-আসাদ) শরিক হতে অনুমতি দিয়েছেন।] এ রাসূলের সাথে গমন করেছিলেন। তাদের সম্পর্কে অনেক আয়াত নাযিল হয়েছে।

আয়াতের শেষাংশে আল্লাহ তাদের সম্পর্কে যা বলেছেন তা নিয়ে চিন্তা গবেষণা করুন। ইহা তাদের উপর আল্লাহর অপরিসীম রহমতের প্রমাণ করে।