hadith book logo

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য

লেখকঃ শাইখ সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

শেষকথা

সম্মানিত পাঠক, আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করুন। যেসব আয়াত উল্লেখ করেছি সেগুলো নিয়ে ভাবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের সাথে সুখে-দুঃখে, বিপদে-আপদে যেসব সময় পার করেছেন সে সম্পর্কে ভাবুন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত নিয়ে ভাবুন। তিনি কাদের সাথে জীবন কাটিয়েছেন?

কারা তাঁর শিষ্য, যারা তাঁর থেকে ইলম গ্রহণ করেছেন?

কারা তাঁর সৈনিক ছিলেন, যারা শত্রুর মোকাবিলা করেছেন?

কারা তাঁর সঙ্গী সাথী ছিলেন, যাদের সাথে তিনি নানা পরামর্শ করেছেন?

কাদের সাথে তিনি খাওয়া দাওয়া, উঠা বসা, আনন্দ হাসি করেছেন?

কারা তাঁর পিছনে সালাত আদায় করেছেন, তাঁর ওয়াজ নসিহত ও ভাষণ শ্রবণ করেছেন?

তারা কারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন?

কারা তাদের ধন-সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ব্যয় করেছেন?

কারা তাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উৎসর্গ করেছেন?

কারা তাঁর থেকে কুরআন বর্ণনা করেছেন?

কারা তাঁর থেকে নবুওয়ের রিসালা গ্রহণ করেছেন ও তা মানুষের মাঝে পৌঁছিয়েছেন?

তারা কারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন, তিনিও তাদের সাথী ছিলেন, তিনি তাদের মাঝে বসবাস করেছেন। মৃত্যুর পরে তারা তাঁর জানাযার সালাত আদায় করেছেন, তাঁর মৃত্যুতে তারা ব্যথিত হয়েছেন, তাকে হারানোর মুসিবতে ধৈর্যধারণে প্রতিদান পেয়েছেন যেমনিভাবে তাঁর সাথে জীবন যাপনে তারা প্রতিদান লাভ করেছেন।

অতঃপর, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালমন্দ ও অপবাদ দিয়েছেন, তাদের মধ্যে যাদের তাওবার সৌভাগ্য হয়েছে তারা যে প্রশান্তি, জীবনের আনন্দ ও ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করেছেন তা আলোচনা করা হয়েছে। তাওবার আগে ও পরে তাদের অবস্থা কি ছিল তা জানুন।

তারা আল্লাহর নিন্মোক্ত বাণীর প্রকৃত অবস্থায় জীবন যাপন করেছেন,

﴿ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ ١٠ ﴾ [ الحشر : ١٠ ]

“এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু”। [সূরা : আল্-হাশর: ১০]

তারা তাদের অন্তরে বিদ্বেষ রাখেনি, পবিত্র আলে বাইত ও অন্যান্য সাহাবীদেরকে ভালবেসেছেন। আলে-বাইত ও সব সাহাবীদের ভালবাসাই হলো সঠিক ভালবাসা। এতে বিচ্ছিন্ন অন্তর একত্রিত হয় এবং মু’মিন প্রকৃত সৌভাগ্য ও প্রশান্তি লাভ করে। আল্লাহর রহমতে কিয়ামতের দিন বিশুদ্ধ ও পবিত্র অন্তর নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন।

অতঃএব, আপনার অন্তরের বিশুদ্ধতার ব্যাপারে সাবধান হোন। আপনার অন্তরে সাধারণভাবে মু’মিনদের ব্যাপারে, বিশেষ করে সাহাবীগণ ও আলে বাইতের ব্যাপারে কোন বিদ্বেষ থাকলে তা পরিহার করুন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের সৌভাগ্যবান হয়েছেন এবং তাঁর আত্মীয় স্বজন হয়েছেন।

اللهم ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم، وصلى الله وسلم على محمد وآله وصحبه أجمعين .

হে আমাদের রব! যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু। আল্লাহ সালাত ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার পরিজন ও সব সাহাবীদের উপর বর্ষণ করুন।