hadith book logo

দীনের ওপর অবিচল থাকার উপায়

লেখকঃ শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

অষ্টম: সঠিক পথের প্রতি আত্মবিশ্বাস

একজন মুসলিম যে পথে চলে সে পথের প্রতি তার আত্মবিশ্বাস যত বেশি হবে, তার অবিচলতা ও দৃঢ়তাও ততবেশি বৃদ্ধি পাবে। এর জন্য একাধিক মাধ্যম ও উপকরণ রয়েছে:

এ অনুভূতি জাগ্রত করা যে, সীরাতে মুস্তাকীম, যার অনুসরণ তুমি করছ -হে ভাই -তা নতুন কিছু নয়, তোমার যুগ বা সময়ের কোনো নতুন আবিষ্কার বা অপরিচিত কোনো পথ বা পদ্ধতি নয় বরং এটি একটি সনাতন ও চিরন্তন পথ যে পথের ওপর তোমার পূর্বের অসংখ্য নবী, রাসূল, সিদ্দীক, আলেম, শহীদ, ও নেক বান্দাগণ প্রতিষ্ঠিত ছিলেন। যখন তোমার মধ্যে এ অনুভুতি ও বিশ্বাস থাকবে, তখন তোমার আতঙ্ক কেটে যাবে, তোমার নিঃসঙ্গতা ঘনিষ্ঠতায় পরিণত হবে এবং তোমার দুঃখ আনন্দ ও খুশিতে পরিবর্তন হবে। কারণ, তুমি এ কথা জান যে, তারা সবাই তোমার ভাই, তোমরা সবাই একই পথের যাত্রী ও পথিক, তোমাদের গন্তব্য এক ও অভিন্ন

-তুমি যে পথ চলছো তা একটি মনোনীত ও পরীক্ষিত পথ এ কথার অনুভুতিও তোমার মধ্যে থাকা চাই। আল্লাহ তা‘আলা বলেন,

﴿الحمد لله وسلام على عباده الذين اصطفى﴾ [ النمل : ٥٩ ]

“বল, ‘সকল প্রশংসাই আল্লাহর নিমিত্তে। আর শান্তি তাঁর বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত করেছেন” [সূরা আন-নামাল, আয়াত: ৫৯]

আল্লাহ তা‘আলা আরও বলেন,

﴿ثُمَّ أَوۡرَثۡنَا ٱلۡكِتَٰبَ ٱلَّذِينَ ٱصۡطَفَيۡنَا مِنۡ عِبَادِنَاۖ ٣٢﴾ [ فاطر : ٣٢ ]

“অতঃপর আমরা এ কিতাবটির উত্তরাধিকারী করেছি আমাদের বান্দাদের মধ্যে তাদেরকে, যাদেরকে আমরা মনোনীত করেছি” [সূরা ফাতির, আয়াত: ৩২]

আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَكَذَٰلِكَ يَجۡتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِ ٦﴾ [ يوسف : ٦ ]

“আর এভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন” [সূরা ইউসূফ, আয়াত: ৬]

যেমনিভাবে আল্লাহ তা‘আলা নবীদের নির্বাচিত ও মনোনীত করেছেন অনুরূপভাবে নেকবান্দাদের জন্য ঐ মনোনয়ন ও নির্বাচন থেকে কিছু অংশ রেখে দিয়েছেন। আর তা হলো, নবীদের ইলমের ধারাবাহিকতা যা তারা তাদের উত্তরসূরীদের জন্য রেখে গিয়েছেন।

-যদি আল্লাহ তা‘আলা তোমাকে জড় পদার্থ অথবা চতুষ্পদ জন্তু অথবা কাফির বা নাস্তিক বানাতেন অথবা বিদ‘আতের দিক আহ্বানকারী বা ফাসিক বা এমন মুসলিম বানাতেন যে ইসলামের প্রতি আহ্বানকারী নয় অথবা এমন পথের প্রতি আহ্বানকারী বানাতেন যে পথ ভুলে ভরা— বাতিল পন্থীদের পথ, তাহলে তোমার কাছে কেমন লাগত? তখন তোমার অনুভূতি কি হতো?

-আল্লাহ তা‘আলা যে তোমাকে এ পথের জন্য মনোনীত করেছেন এবং তিনি যে তোমাকে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের একজন দা‘ঈ বানিয়েছেন এ কথার অনুভূতিই তোমার জন্য যথেষ্ট। এ অনুভূতি তোমাকে তোমার আদর্শ ও পথের ওপর অটল, অবিচল ও দৃঢ় থাকার যে অন্যতম মাধ্যম তা কি তুমি জান না?