hadith book logo

দীনের ওপর অবিচল থাকার উপায়

লেখকঃ শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

চতুর্থ: দো‘আ করা

আল্লাহর মুমিন বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য হলো, আল্লাহ তা‘আলা যেন তাদের অটল ও অবিচল রাখেন সে জন্য তারা দো‘আর মাধ্যমে আল্লাহর দিকে ঝুঁকে পড়েন। তারা তাদের দো‘আয় বলতেন,

﴿رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ ٨﴾ [ ال عمران : ٨ ]

“হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।” [সূরা আলে-ইমরান, আয়াত: ৮]

আরো বলতেন,

﴿رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ٢٥٠﴾ [ البقرة : ٢٥٠ ]

‘‘হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন’ [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৫০] যেহেতু অন্তর আল্লাহর হাতে; যেমনটি হাদীসে বর্ণিত, রাসূলু্ল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، كَقَلْبٍ وَاحِدٍ، يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ»

“আদম সন্তানের অন্তরসমূহ সবই রহমানের আঙ্গুলসমূহের দুটি আঙ্গুলের মাঝখানে একটি অন্তরের মতো। তিনি যে দিকে চান পরিবর্তন করে দেন”। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এ দো‘আ করতেন:

«يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ»

“হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দীনের ওপর অবিচল রাখুন”।