hadith book logo

হজ, উমরাহ ও যিয়ারতের পদ্ধতি [মাসনূন দো‘আসহ]

লেখকঃ হাজী ও উমরাকারীদের হাদিয়া অফিসস্থ ইসলামী গবেষণা পরিষদ, মক্কা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

আইয়ামে তাশরীকে হাজীদের করণীয়

আইয়ামে তাশরীক হলো যিলহজের এগার, বার ও তের তারিখ। এগুলো পানাহার ও আল্লাহর যিকির ও স্মরণের দিন। এগুলোতে সাওম পালন করা জায়েয নেই। অবশ্য হাজীদের কেউ যদি কুরবানীর হাদী যোগাড় করতে না পারে, তাহলে সে সাওম পালন করতে পারবে।

প্রিয় ভাই, এ দিনগুলোতে আপনার ওপর নিম্নোক্ত কাজ করা ওয়াজিব:

১. মিনায় তিনরাত্র যাপন। আর আপনি দ্রুত প্রস্থানকারী হলে তাহলে দু’রাত্র যাপন। ওয়াজিব হলো মিনায় রাতের অধিকাংশ সময় অতিবাহিত করা, চাই রাতের প্রথম ভাগে হোক অথবা শেষ ভাগে। তবে উত্তম হলো পুরো রাতই মিনায় অবস্থান করা এবং তাওয়াফ ও সা‘ঈর ন্যায় বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া রাতে কিংবা দিনে সেখানে থেকে বের না হওয়া। এ রাতগুলো যাপনের পর হাজী তার বাসস্থানে ফিরে যাবে।

২. প্রতিদিন সূর্য ঢলে পড়ার পর তিনটি জামরায় কংকর নিক্ষেপ। সূর্য ঢলে পড়ার আগে পাথর নিক্ষেপ জায়েয নেই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়ার পরে ছাড়া কখনো নিক্ষেপ করেন নি। যদি তা জায়েযই হতো, তাহলে উম্মতের ওপর কষ্ট লাঘবের জন্য তিনি তা করতেন। তিনটি জামরায় রমী করার নিয়ম নিম্নরূপ:

ক. প্রথম জামরা, যা মসজিদে খায়েফের নিকটবর্তী সেখান থেকে শুরু করুন। সেখানে পরপর সাতটি কংকর নিক্ষেপ করুন। নিক্ষেপের সময় প্রত্যেকটি কংকরের সাথে হাত উঠাবেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের পর আল্লাহু আকবার বলুন। কংকর হাওয তথা গোলবৃত্তে পতিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হোন। যদি বৃত্তের মধ্যে পতিত না হয়, তাহলে তা যথেষ্ট হবে না। এরপর এগিয়ে গিয়ে ভীড় থেকে কিছুটা সরে ক্বিবলামুখী হোন এবং দু’হাত তুলে দুনিয়া ও আখিরাতের যত কল্যাণ চান সে সব আল্লাহর কাছে দীর্ঘক্ষণ ধরে প্রার্থনা করুন।

খ. এরপর মধ্যম জামরার দিকে অগ্রসর হোন এবং এতে পর পর সাতটি কংকর নিক্ষেপ করুন। প্রত্যেক কংকরের সাথে আল্লাহু আকবার বলুন। তারপর এগিয়ে যান এবং ভীড় থেকে একটু দূরে সরে ক্বিবলামুখী হোন ও হাত তুলে লম্বা দো‘আ করুন।

গ. এরপর জামরাতুল ‘আকাবার দিকে যান এবং তাতে পরপর সাতটি কংকর নিক্ষেপ করুন। প্রত্যেক কংকরের সাথে আল্লাহু আকবার বলুন। এখানে কংকর নিক্ষেপের পর দো‘আ করবেন না। বরং পরের দিন পর্যন্ত আপনার থাকার জায়গার উদ্দেশ্যে প্রস্থান করুন।

এরপর বার তারিখে সূর্য ঢলে যাওয়ার পর তিনটি জামরাতেই কংকর নিক্ষেপ করুন, ঠিক যেমনিভাবে প্রথমদিন করেছিলেন।

আর যদি আপনি দ্রুত প্রস্থানকারী হন, তাহলে বার তারিখে সূর্যাস্তের পূর্বেই মিনা থেকে বের হয়ে যান এবং বিদায়ী তাওয়াফের জন্য মক্কায় গমন করুন। যদি আপনি বিলম্বে প্রস্থান করতে চান, তাহলে তের তারিখের রাত মিনায় যাপন করুন এবং ঐ দিন সূর্য ঢলে পড়ার পর পূর্ব বর্ণিত নিয়ম অনুযায়ী তিনটি জামরায় কংকর নিক্ষেপ করুন।

প্রিয় হাজী ভাই, এ দিনগুলোতে আপনার জন্য সুন্নাত হলো ফরয সালাত সমূহের পর তাকবীর পড়া এবং দিন-রাত বেশি বেশি আল্লাহর যিকির করা -কুরবানীর সময়, খাওয়ার সময় এবং আপনার প্রত্যেকটি অবস্থায়।