hadith book logo

মৃত্যু ও কবর সম্পর্কে করণীয় ও বর্জনীয়

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

১২) কবর পাকা করা, কবরের উপর বিল্ডিং তৈরী করা ও কবরে চুনকাম করা:

পৃথিবীর বিভিন্ন স্থানে কবর পাকা করা,চুনকাম করা,কবর উঁচু করার প্রবনতা দেখা যায়। বিশেষ করে বাংলাদেশ,ভারত ও পাকিস্তানে এ ধরণের কর্মকাণ্ড খুবই বেশী। দেখা যায় করবস্থানে,রাস্তার আশে-পাশে,চৌরাস্তায় ও বটগাছ তলায় কবর পাকা করে,চুনকাম করে,তাতে উন্নত নেমপ্লেট ব্যবহার করে মৃত ব্যক্তির জন্ম ও মৃত্যু তারিখ ও বিভিন্ন বাণী লিখে রাখা হয়। এ কাজগুলো সম্পূর্ণ বিদয়াত। বিশিষ্ট সাহাবী জাবের রা. হতে বর্ণিত তিনি বলেন,

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ .

“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরে চুনকাম করা, তার উপর বসা এবং তার উপর বিল্ডিং নির্মান করতে নিষেধ করেছেন।” ” [মুসলিম, অধ্যায়: কিতাবুল জানায়েয, অনুচ্ছেদ:]

এ হাদীস দ্বারা স্পষ্ট প্রমাণ হল যে,কবরে প্লাস্টার করা, চুনকাম করা,পাকা করা,কবরের উপর বিল্ডিং ও গম্বুজ নির্মাণ করা হারাম।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লাম এর যুগে বদর,উহুদ, খন্দক,তাবুক যুদ্ধ ছাড়াও যে সকল সাহাবী শহীদ হয়েছেন অথবা মৃত্যু বরণ করেছেন তাঁদের কারও কবর উঁচু করা হয় নি। তাঁদের কারও কবর পাকা ও চুনকামও করা হয়নি এবং তাতে নামও লিখা হয়নি। তাঁদের কারও কবর মোজাইক অথবা পাথর দ্বারা বাঁধানো হয়নি বরং এ সকল কাজ যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, তাঁর পরে স্বর্ণ যুগের খোলাফায়ে রাশেদীন কঠোর হস্তে দমন করেছেন। এর একটি উজ্জল উদাহরণ হল,প্রখ্যাত তাবেয়ী আবুল হাইয়াজ আল আসাদী বলেন,আমাকে আলী রা. বললেন,

أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ تَدَعَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتَهُ وَلاَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْته وفي رواية وَلَا صُورَةً إِلَّا طَمَسْتَهَا

“তোমাকে কি আমি এমন একটি কাজ দিয়ে পাঠাবো না যে কাজ দিয়ে আমাকে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? তা হল কোন প্রতিকৃতি পেলে তা মুছে দিবে আর কোন উচুঁ কবর পরিলক্ষিত হলে তা সাধারণ কবরের সমান করে দিবে। অন্য বর্ণনায় রয়েছে, কোন ছবি পেলে তা নিশ্চিহ্ন করে দিবে।” [মুসলিম, হাদীস নং ১৬১৫]