hadith book logo

চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে

লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

নিদারুন কষ্টে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক দুঃখ-কষ্ট পেয়েছেন এবং এমতাবস্থায় তিনি চরম ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন, আর তিনি তাঁর সাহাবীদেরকে যুলুম ও নিপীড়ন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হাবশায় হিজরত করার নির্দেশ দিয়েছেন। ফলে তাঁরা মক্কা থেকে হাবশার উদ্দেশ্যে বেরিয়ে গেছেন।

* ইবন ইসহাক বলেন: অতঃপর যখন আবু তালিব মারা যান, তখন কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কষ্ট দিয়েছে, যা তারা তার (আবু তালিবের) জীবদ্দশায় কখনও আশা করে নি। আবু না‘ঈম আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন,

«لما مات أبو طالب تجهَّموا رسول الله فقال : « يا عم ما أسرع ما وجدت فقدك» .

“যখন আবু তালিব মারা যান, তখন তারা (কুরাইশগণ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর ঝাঁপিয়ে পড়ল। এমতাবস্থায় তিনি বলেন: ‘হে আমার চাচা! কত দ্রুত আমি আপনাকে হারানোর ক্ষতি অনুভব করতে লাগলাম।”

* সহীহ বুখারী ও মুসলিমে রয়েছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করছিলেন এবং তাঁর নিকটবর্তী স্থানে উটের নাড়িভুঁড়ি পড়া অবস্থায় ছিল, তখন ‘উকবা ইবন আবি মু‘য়ীত তা নিয়ে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর নিক্ষেপ করল, ফলে তিনি আর সাজদাহ থেকে উঠতে পারছিলেন না, শেষ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু ‘আনহা এসে তাঁর পিঠ থেকে তা ফেলে দিলেন, তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন,

«اللَّهُمَّ عَلَيْكَ بِالْمَلأِ مِنْ قُرَيْشٍ» .

“হে আল্লাহ! কুরাইশ নেতাদের থেকে প্রতিশোধ নেওয়ার বিষয়টি আমি আপনার দায়িত্বে ছেড়ে দিলাম।”

ইমাম বুখারী রহ. স্বতন্ত্রভাবে আরেকটি হাদীস বর্ণনা করেছেন, যার মূলকথা হলো এ রকম: “উকবা ইবন আবি মু‘য়ীত একদিন নিজের চাদর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চেপে ধরলেন এবং তার নিজের চাদর দিয়ে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের গলদেশে পেঁচিয়ে ফেলল, তারপর সে তার দ্বারা কঠিনভাবে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করার দিকে অগ্রসর হচ্ছিল, ঠিক সে সময় আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু আসলেন এবং তার হাত থেকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করলেন এবং বললেন:

«أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ ، وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ» .

“তোমারা কি একজন মানুষ হত্যা করতে চাও এ কারণে যে, সে বলে আমার ‘রব’ হলেন আল্লাহ এবং সে তার দাবীর সত্যতা প্রমাণে তোমাদের রবের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছেন?” [সহীহ বুখারী, হাদীস নং ৩৪৭৫ ও ৪৫৩৭]