hadith book logo

চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে

লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

بسم الله الرحمن الرحيم

সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের জন্য হিদায়াতের পথকে স্পষ্ট করে দিয়েছেন এবং আমাদের দৃষ্টি থেকে ভ্রষ্টতার অন্ধকারকে দূর করে দিয়েছেন, আর দুরূদ ও সালাম নবী মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে গোটা সৃষ্টি জগতের জন্য ‘রহমত’স্বরূপ প্রেরণ করা হয়েছে এবং যাকে পাঠানো হয়েছে অনুসরণকারীদের জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে, আর সালাত ও সালাম বর্ষিত হউক তাঁর পরিবার-পরিজন ও সঙ্গী-সাথীদের ওপর এবং কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে অত্যন্ত চমৎকার ও সুন্দরভাবে অনুসরণ করবে তাদের ওপরও।

অতঃপর.......

হে মুসলিমগণ! যে কাজে সময় ও সুযোগ ব্যয় করা হয়, তন্মধ্যে সবচেয়ে সুবর্ণ সময় হলো যা পবিত্র সীরাতুন্নবী ও চিরস্থায়ী মুহাম্মাদী ইতিহাস অধ্যয়নে ব্যয় করা হয়। কারণ, তা মুসলিম ব্যক্তিকে এমনভাবে প্রস্তুত করে ফেলে, মনে হয় যেন সে ঐসব মহান ঘটনাবহুল দিনগুলোর মধ্যে জীবনযাপন করে, যে দিনগুলো মুসলিমগণ অতিক্রম করে এসেছে। আবার কখনও কখনও সে কল্পনা করে যে, সে ঐসব পুণ্যবান ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত একজন, যাদের ওপর প্রতিষ্ঠিত হয়েছে মর্যাদার সুউচ্চ প্রাসাদ এবং বীরত্বের অহংকার।

* সীরাত অধ্যয়নের মধ্যে মুসলিম ব্যক্তি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে, জানতে পারবে সর্বশেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে, তাঁর জীবন ও বসবাসের পদ্ধতি সম্পর্কে এবং সন্ধি ও যুদ্ধের সময়কার তাঁর দাওয়াতের রীতি-পদ্ধতি সম্পর্কে।

* সীরাতের মধ্যে মুসলিম ব্যক্তি আরও অনুসন্ধান করবে দুর্বলতা ও শক্তিমত্তার পয়েন্ট বা সূত্রগুলো, আর অনুসন্ধান করবে জয় ও পরাজয়ের কারণগুলো এবং খুঁজে বেড়াবে বড় বড় ঘটনাগুলো মুকাবিলা করার ধরন-পদ্ধতি।

* সীরাতুন্নবী অধ্যয়নের মাধ্যমে মুসলিমগণ তাদের নিজেদের প্রতি তাদের আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনবে এবং তারা বিশ্বাস করতে শিখবে যে, আল্লাহ তা‘আলা তাদের সাথে আছেন এবং তিনি তাদেরকে সাহায্য করবেন, যদি তারা সত্যিকারভাবে আল্লাহর ইবাদত করে এবং তাঁর শরী‘আতের প্রতি আত্মসমর্পণ করে। আল-কুরআনের ভাষায় আল্লাহ তা‘আলা বলেন,

﴿إِن تَنصُرُواْ ٱللَّهَ يَنصُرۡكُمۡ وَيُثَبِّتۡ أَقۡدَامَكُمۡ ٧﴾ [ محمد : ٧ ]

“যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা বা কদমসমূহ সুদৃঢ় করবেন।” [সূরা মুহাম্মাদ, আয়াত: ৭]

আল্লাহ তা‘আলা আরও বলেন,

﴿إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيَوۡمَ يَقُومُ ٱلۡأَشۡهَٰدُ ٥١﴾ [ غافر : ٥١ ]

“নিশ্চয় আমরা আমাদের রাসূলগণকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে, আর যেদিন সাক্ষীগণ দাঁড়াবে।” [সূরা গাফির, আয়াত: ৫১]

আল্লাহ তা‘আলা আরও বলেন,

﴿وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ٤٠﴾ [ الحج : ٤٠ ]

“আর নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করেন, যে আল্লাহকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী।” [সূরা আল-হাজ, আয়াত: ৪০]

* আর এ পৃষ্ঠাগুলো নবী মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সীরাত বা জীবন প্রসঙ্গে সহজ বাক্যে কিছু মৌলিক লেখা, যার দ্বারা উদ্দেশ্যে হলো মুসলিম তরুণ ও যুবকদের সামনে এ চিরস্থায়ী ‘সীরাতুন্নবী’ তথা নবী জীবনী সম্পর্কে গভীর অধ্যয়নের পথ খুলে দেওয়া। আল্লাহ তা‘আলা বলেন,

﴿مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ﴾ [ الفتح : ٢٩ ]

“মুহাম্মাদ আল্লাহর রাসূল।” [সূরা আল-ফাতহ, আয়াত: ২৯]