hadith book logo

বাংলাদেশের অর্থনীতিতে মাদকাসক্তির প্রভাব ও তার সমাধান

লেখকঃ ড. মো. মুস্তাফিজুর রহমান, মো. মোশাররফ হোসাইন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

মানব সম্প্রদায়ের মধ্যে মাদকাসক্তি সম্বন্ধে ধারণা জন্মে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে। [ভাস্কর পাল, ‘‘করুণ থেকে করুণতর যার পরিণতি’’ দেশ, ৫৫ বর্ষ, ৩৭ সংখ্যা, ১৬ জুলাই, কলিকাতা, ১৯৮৮, পৃ. ৩৪; আবু তালেব্, হেরোইন আর এক মরণাস্ত্র, খুলনা, অমরাবর্তী প্রকাশনী, ১৯৮৮, পৃ. ক।] প্রাচীন যুগ থেকেই ওষুধি বৃক্ষ, গাছের মূল, ছাল, পাতা ও লতাগুল্ম বেদনা উপশমের আর রোগ সারানোর কাজে ব্যবহৃত হতো। [কাজী আলী রেজা (সম্পাদিত), জাতিসংঘ এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, (ঢাকা: জাতিসংঘ তথ্য কেন্দ্র, ডিসেম্বর, ১৯৯১), পৃ. ৩।] কিন্তু সাম্প্রতিকালে মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার আতঙ্কজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা কি না সকল সামাজিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে গেছে। [প্রাগুক্ত, পৃ. ৭।] উন্নত বিশ্বের পাশাপাশি উন্নয়নশীল বাংলাদেশেও মাদকদ্রব্যের অপব্যবহার এক ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। ইউএনডিপি’র দেয়া ১৯৯৯ সালের এক তথ্যে জানা যায়, সারা পৃথিবীতে মাদকাসক্ত জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ২ ভাগ কিন্তু বাংলাদেশে এর হার প্রায় দ্বিগুন তথা ৩ দশমিক ৮ ভাগ। এ হিসাবে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ১ কোটি। [দৈনিক সংগ্রাম, ঢাকা: ২৭ অক্টোবর, ২০০৪, পৃ. ৩।] বর্তমানে বিশেষজ্ঞরা এ সংখ্যা কম-বেশি ৫০ লাখ ধরেই তৎসংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন। মাদকদ্রব্যের অপব্যবহারের ভয়ংকর ক্ষতি সর্বজন বিদিত। বাংলাদেশের মতো হতদরিদ্র দেশে, যেখানে জনসংখ্যা ধারণ ক্ষমতার চাইতেও বেশি-দরিদ্র, বেকারত্ব, কমংসংস্থানের অভাব, দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক মন্দাভাব, হত্যা, সন্ত্রাসসহ হাজারো সমস্যা প্রতিনিয়িত মানুষের তাড়া করছে সেখানে মাদকের হিংস্র থাবা বিস্তার করলে পরিস্থিতি কেমন ভয়াবহ হবে তা চিন্তা করলে গা শিউরে উঠে। শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে করে তুলছে বিপর্যস্ত। বাংলাদেশে মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার রোধ করা গেলে প্রতি বৎসর জাতীয় বাজেটে সাশ্রয় হবে প্রায় ৩০ হাজার কোটি টাকা। মাদকাসক্তির ক্ষয়ক্ষতির হিসাব করতে গিয়ে বের হয়ে আসে এমন একটি তথ্য, যা বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনৈতিক চেহারা। চাঙ্গা করতে পারে বিপর্যন্ত, ধ্বংসপ্রায় অর্থনীতিকে।

মাদকদ্রব্যের অপব্যবহার একটি দেশের জাতীয় অর্থনীতিতে কি পরিমাণ ক্ষতি সাধন করতে পারে এবং তা থেকে সহজে মুক্তির উপায় আলোচ্য প্রবন্ধে তুলে ধরা হয়েছে।