hadith book logo

কোরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ

লেখকঃ ডঃ জাকির আবদুল করিম নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

১৩. উপসংহার

কোরআনে বর্ণিত বৈজ্ঞানিক সত্যগুলোকে সমকালে সংঘটিত কোন ঘটনা বলে অভিহিত করা সাধারণ জ্ঞান এবং সত্যিকার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিপন্থী। মূলতঃ কোরআনের আয়াতসমূহের বৈজ্ঞানিক যথার্থতা কোরআনের এই উন্মুক্ত ঘোষণার নিশ্চয়তা দেয়ঃ

سَنُرِیۡہِمۡ اٰیٰتِنَا فِی الۡاٰفَاقِ وَ فِیۡۤ اَنۡفُسِہِمۡ حَتّٰی یَتَبَیَّنَ لَہُمۡ اَنَّہُ الۡحَقُّ ؕ اَوَ لَمۡ یَکۡفِ بِرَبِّکَ اَنَّہٗ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ

“এখন আমি তাদেরকে আমার নিদর্শন প্রদর্শন করবো পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে ফুটে উঠবে যে, এ কোরআন সত্য। আপনার রব সর্ব বিষয়ে সাক্ষ্যদাতা এটা কি যথেষ্ট নয়?” সূরা হা-মীম সাজদা-৫৩

আল্লাহ আরো বলেনঃ

اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ اخۡتِلَافِ الَّیۡلِ وَ النَّہَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الۡاَلۡبَابِ

“নিশ্চয়ই আসমান ও যমীনের সৃষ্টি এবং দিন ও রাতের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন।” -সূরা আলে ইমরান-১৯০

কোরআনের বৈজ্ঞানিক সাক্ষ্য পরিষ্কার প্রমাণ যে, এটা ঐশী গ্রন্থ। ১৪০০ বছর আগে, কোন মানুষের পক্ষে এরূপ বস্তুনিষ্ঠ ও সত্য বৈজ্ঞানিক বিষয়াদি সম্বলিত কোন বই লেখা সম্ভব নয়।

যাই হোক, কোরআন কোন বিজ্ঞান গ্রন্থ নয়, বরং নিদর্শন গ্রন্থ। এ সকল নিদর্শন মানুষকে পৃথিবীতে পাঠানো এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রক্ষা করে বাস করার উদ্দেশ্য উপলব্ধি করার আহ্বান জানায়। কোরআন সত্যিকার অর্থেই আল্লাহর পয়গাম- যিনি গোটা বিশ্বের স্রষ্টা ও রক্ষক। এতে আল্লাহর একত্ববাদের পয়গাম রয়েছে যার প্রতি সকল নবীরাসূলগণ দাওয়াত দিয়েছেন। তাদের মধ্যে আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম।

‘কোরআন ও আধুনিক বিজ্ঞান’ এ বিষয়ের উপর বহু বই-পুস্তক তৈরি হয়েছে এবং আরো অনেক গবেষণা চলছে। ইনশাআল্লাহ, এই গবেষণা মানব জাতিকে আল্লাহর বাণীর নিকটবর্তী করবে। এ পুস্তিকায় কোরআনের অল্প কয়েকটি বৈজ্ঞানিক সত্যই তুলে ধরা হয়েছে। আমি বিষয়টির উপর পূর্ণ ইনসাফ করতে পেরেছি বলে দাবী করিনা।

অধ্যাপক তেজাসেন কোরআনের একটি মাত্র আয়াতের শক্তির কারণে ইসলাম গ্রহণ করেছেন। কোরআন ঐশী গ্রন্থ কিনা এবিষয়ে কেউ হয় তো ১০টি নিদর্শন, আবার কেউ হয়তো ১০০টি নিদর্শনের প্রয়োজন অনুভব করতে পারে। আবার কেউ ১ হাজার নিদর্শন দেখেও ইসলাম গ্রহণ করবেনা। কোরআন এ জাতীয় বদ্ধ অন্তরের নিন্দা করে বলেছেঃ

صُمٌّۢ بُکۡمٌ عُمۡیٌ فَہُمۡ لَا یَرۡجِعُوۡنَ

তারা বধির, বোবা ও অন্ধ, তারা কখনও ফিরে আসবেনা। –সূরা আল বাকারা-১৮

পবিত্র কোরআন ব্যক্তি ও সমাজের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনী জীবন ব্যবস্থা মানুষের অজ্ঞতার ভিত্তিতে তৈরি বিভিন্ন মতবাদ থেকে অনেক উন্নত। স্রষ্টার চাইতে অপেক্ষাকৃত ভাল হেদায়েত কে দিতে পারে?

আমি দোআ করি, আল্লাহ যেন এই সামান্য প্রচেষ্টাটুকু কবুল করেন। আমি তার ক্ষমা ও হেদায়াত প্রার্থী। আমীন।

সমাপ্ত